বাংলাদেশের স্বাধীনতা রক্ষা, তাওহিদী জনতা ও ওলামায়ে কেরামের ওপর চলমান জুলুম-নির্যাতনের প্রতিবাদ, ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর ষড়যন্ত্র মোকাবেলা এবং মুসলিমবিরোধী সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীর চাটখিল উপজেলায় এক বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ (আলিয়া মাদরাসা প্রাঙ্গণ) থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনিতাশ ফিলিং স্টেশনের সামনে এসে এক বিশাল সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মহিউদ্দিন হাসান।
প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চাটখিল উপজেলা সভাপতি খোরশেদ আলম তলহা।
এছাড়া উপস্থিত ছিলেন চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদী, জামেয়া উসমানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আছেম, চাটখিল সিএন্ডবি জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল করিম, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবু সাদেক, ছাত্র প্রতিনিধি গোলাপ হোসেন ফরহাদ ও তাহা ইয়াসিনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ধর্মপ্রাণ মুসল্লি ও তাওহিদী জনতা।
বক্তারা বলেন, ইসলামবিরোধী সংগঠন ‘ইসকন’ বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে। দেশের স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আলেম সমাজ ও তাওহিদী জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা বিদেশি ষড়যন্ত্র ও ইসলামবিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থেকে দেশ ও জাতিকে সজাগ রাখার আহ্বান জানান।
বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিচার করতে হবে এবং দেশ থেকে ‘ইসকন’সহ সকল ইসলামবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 

















