সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজ শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীর ঘর থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
চিরকুটে তিনি দাবি করেছেন, বাঁচতে চাইলেও তাকে বাঁচতে দেওয়া হয়নি এবং হুমকি ও মানসিক চাপে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম আন্নিছা মুনিয়া খাতুন (১৬)। তিনি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকার শিক্ষক রইস উদ্দিনের মেয়ে এবং চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরের ভেতরে মুনিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর সোমবার (৪ মে) সকালে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দা ও মুনিয়ার সহপাঠীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবি জানান।
উদ্ধার হওয়া চিরকুটে মুনিয়া লিখেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করেননি; বরং তাকে বাধ্য করা হয়েছে। চিরকুটে এক ব্যক্তির বিরুদ্ধে ভয় দেখানো ও ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগও উল্লেখ করা হয়েছে। এসব কারণে তিনি চরম মানসিক চাপে ছিলেন বলে সেখানে উল্লেখ রয়েছে।
স্থানীয়দের দাবি, প্রথমদিকে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও চিরকুট সামনে আসার পর ঘটনাটি নতুন মোড় নেয়। পরিবারের সদস্যদের অভিযোগ, এটি শুধুমাত্র আত্মহত্যার ঘটনা নয়; বরং তাকে পরিকল্পিতভাবে এমন পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে।
এদিকে, চিরকুটটি প্রকাশ না করার জন্য কিছু প্রভাবশালী মহল চাপ সৃষ্টি করেছিল বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এবিষয়ে সোমবার (৪ মে) রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা ময়নাতদন্তের রিপোর্ট এখনো পায়নি। শুনেছি আজ একটি মানববন্ধন হয়েছে। পরিবার এখনো মামলা করেনি। পরিবার যদি মামলা করে, অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো। চিরকুট আমাদের কাছেও আছে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















