সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জড়তাই আপন

মহসিন আলম মুহিন

যেমন আছি তেমন রবো পরিবর্তন হবোনা,
স্বভাব বদলাবো না।।
মুর্খ আছি, রবো, জ্ঞান অর্জন করবোনা,
কোনো যুক্তি মানবোনা।।
মুচিই থাকবো, অন্য কাজে
যাবোনা,
লুচি ভাঁজাও শিখবোনা।।
আইলসা তোর খালই যে গেলো ভাইসা,
যাক থাকবো বইসা।।
ধূম চলাচল, থামার আসেনা
বুদ্ধি-বল,
থামবো! গতিটাই আসল।।
আসলে স্থিতি-গতি
বদলাতে চায়না খাসলত,
যতই করো আদালত।।
প্রেম হলেই কি মিলনে আটকায় তনু-মন,
ব্যথা বেদনাই সারাক্ষণ।।
বোকা হবেনা চোখা পিছনেই রবে আজীবন,
স্থায়ীত্ব জড়তার বন্ধন।।

ভ্রমণ ও সাংবাদিকতায় সমান পদচারণায় হাসিমাখা মুখে এগিয়ে চলছেন বিটিএসএফ মহাসচিব শাওন

বাংলাদেশের গণমাধ্যম, সাহিত্য, মানবাধিকার ও সামাজিক সংগঠনের অঙ্গনে এক পরিচিত নাম মোঃ আল-আমিন শাওন (এলএল.বি)। তিনি বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দেশের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক দিনকাল এবং ডেইলি সান-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন।

সাংবাদিকতার পাশাপাশি মোঃ আল-আমিন শাওন একজন ভ্রমণপিপাসু মানুষ হিসেবেও পরিচিত। দেশের বিভিন্ন জেলা ও দর্শনীয় স্থান ভ্রমণের মাধ্যমে তিনি প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন। তার ভ্রমণ শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা সমাজ, সংস্কৃতি ও মানুষের বাস্তব চিত্র জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি শুধু একজন সাংবাদিকই নন, একজন প্রতিভাবান কবিও। তার লেখনীতে ফুটে ওঠে সমাজের বাস্তবতা, মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং জীবনের নানা অনুভূতি। সাহিত্যচর্চার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

মানবাধিকার কর্মী হিসেবেও তার ভূমিকা প্রশংসনীয়। সমাজের অসহায়, নির্যাতিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় সোচ্চার। বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

এছাড়াও তিনি হাস্য উজ্জ্বল ফোরাম (হাউফো)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে একটি ইতিবাচক সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন, যেখানে হাসি, মানবিকতা ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হয়।

তার সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত ও আন্তরিক ব্যক্তিত্ব তাকে সবার কাছে প্রিয় করে তুলেছে।

একজন সফল সংগঠক হিসেবে তিনি সমাজের উন্নয়ন, সাংবাদিকদের অধিকার এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, মোঃ আল-আমিন শাওন একজন উদ্যমী, মানবিক ও বহুমুখী প্রতিভার অধিকারী। যিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন; এমনটাই সবার প্রত্যাশা।

অন্যদিকে, বিটিএসএফ নেতৃবৃন্দের মতে, বাংলাদেশের তরুণ সাংবাদিকদের মাঝে পরিচিত এক নাম আল-আমিন শাওন। সাংবাদিকতার পাশাপাশি ভ্রমণপ্রিয় মানুষ হিসেবেও তিনি নিজেকে আলাদা এক উচ্চতায় নিয়ে গেছেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়ে প্রকৃতি, মানুষের জীবনযাত্রা ও সমাজের নানা বাস্তবতা কাছ থেকে দেখছেন এবং সেই অভিজ্ঞতাকে সাংবাদিকতার কাজে দক্ষতার সঙ্গে কাজে লাগাচ্ছেন।
তার হাসিমাখা মুখ, ইতিবাচক মনোভাব এবং মানুষের প্রতি আন্তরিকতা তাকে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।

এদিকে, ভ্রমণ আর সাংবাদিকতা; দুই পথেই সমানতালে এগিয়ে চলা আল-আমিন শাওন মনে করেন, মানুষের গল্প জানার সবচেয়ে বড় মাধ্যম হলো মাঠে থাকা এবং মানুষের কাছাকাছি যাওয়া। আর সেই বিশ্বাস নিয়েই তিনি এগিয়ে চলেছেন নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর নতুন গন্তব্যের পথে।

রেলসিটিতে বাঁজবে না আর ট্রেনের হুঁইসেল!

ভোরের ট্রেনের হুঁইসেল শুনে এক সময় ঘুম ভাঙতো সিরাজগঞ্জ শহরবাসীর। উত্তর-পশ্চিমাঞ্চলের সকল জেলার ট্রেনের শেষ ঠিকানা ছিল এ শহরেই। শহরের মাঝে চারটি রেলওয়ে স্টেশন। সারাদিন ঝিকঝিক আওয়াজ ও হাজার মানুষের কোলাহলে মুখরিত থাকতো।

রেলসিটি হিসেবে গড়ে ওঠা সেই সিরাজগঞ্জ শহরটি কালের পরিক্রমায় রেলশূন্য হতে চলেছে। রেলসিটির কফিনে সর্বশেষ পেরেকটি মারা হচ্ছে সিরাজগঞ্জ-বগুড়া ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের মাধ্যমে।

দেড় যুগ ধরে সিরাজগঞ্জবাসীর দাবী করে আসা ওই প্রকল্পটি তাদের বুকেই কুড়াল মারছে এমনটাই দাবি করছেন সচেতন মহল। প্রকল্পের আওতায় শহরের ৫ কিলোমিটার দূরে একটি জংশন করার মধ্য দিয়ে শহরকে রেলবঞ্চিত করা হচ্ছে। এতে ক্ষুব্ধ সিরাজগঞ্জবাসী আন্দোলনে নেমেছে। সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের ব্যানারে মানববন্ধন, পদযাত্রা, স্মারকলিপি প্রদান, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি দেওয়া হচ্ছে।

আন্দোলনরতদের দাবী, নির্মাণাধীন ওই প্রকল্পে শহরের দুই কিলোমিটার দক্ষিণে রায়পুর রেল স্টেশনকে জংশন করতে হবে। যেখানে উত্তরাঞ্চলবাসীর রেল যোগাযোগের কেন্দ্রবিন্দু হবে।

ঐতিহাসিত সূত্র থেকে জানা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা নদী বেষ্টিত সিরাজগঞ্জ শহরটির পূর্বে দেশের অন্যতম নদীবন্দর ছিল। বৃটিশ ভারতের বিভিন্ন শহর থেকে এই নদীবন্দরে লঞ্চ, জাহাজ আর ফেরি ভীড়তো। উনিশ শতকের গোড়ার দিকে বৃটিশ-ভারত আমলে সিরাজগঞ্জ শহরটিকে গড়ে তোলা হয়েছিল রেলসিটি হিসেবে। শহরের বুক চিরে বের হওয়া দুটি রেলসড়ক যমুনার তীরে দুই প্রান্তে গিয়ে শেষ হয়। এ শহরেই ছিল রায়পুর, সিরাজগঞ্জ বাজার, সিরাজগঞ্জ ঘাট ও বাহিরগোলা চারটি রেলওয়ে স্টেশন। স্টেশনগুলো ঘিরেই চলতো শহরবাসির জীবিকা।

১৯৯৮ সালে যমুনা সেতু নির্মাণের পর পরিকল্পনাহীনতায় পর্যায়ক্রমে গৌরব হারাতে বসে রেলসিটি সিরাজগঞ্জ। যমুনা সেতু হওয়ার পরও রাজশাহীগামী পদ্মা ও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস নামে দুটি আন্ত:নগর ট্রেন, একটি মেইল ট্রেন ও একটি লোকান ট্রেন চলাচল করতো। পরবর্তীতে একে একে সব ট্রেন বন্ধ হয়।

সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুব-এ-খোদা টুটুল বলেন, ১৯১৫ সালে তৎকালিন বৃটিশ সরকার চলনবিলের বুক চিরে নির্মাণ করে ইশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথ। এতে উত্তরাঞ্চলের সাথে ঢাকাসহ সমগ্র পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্তের সূচনা হয়। ট্রেনযোগে সিরাজগঞ্জে আসার পর যমুনার ঘাট থেকে ফেরি সার্ভিসের মাধ্যমে জগন্নাথগঞ্জ ঘাট হয়ে ঢাকায় যাতায়াত করতো উত্তরাঞ্চলের মানুষ।

তিনি বলেন, ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথের মাধ্যমে নদীবন্দর সিরাজগঞ্জকে গড়ে তোলা হয় রেলসিটি হিসেবে। শহরের বুক চিরে দুটি রেলসড়ক যমুনা ঘাটে যায়। শহরেই স্থাপন করা হয় চারটি রেলওয়ে স্টেশন। সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদী ও দর্শনা হয়ে কলকাতার সরাসরি যোগাযোগ স্থাপন হয়। একটি আসাম-বেঙ্গল রেলওয়ে ছিল, যেটা শিলিগুড়ি, দার্জিলিং হয়ে ইশ্বরদী দিয়ে সিরাজগঞ্জে আসতো। এভাবে সিরাজগঞ্জের সাথে সরাসরি কলকতার সংযোগ স্থাপিত হয়। ব্যবসা-বানিজ্য, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সকল ক্ষেত্রেই এগিয়ে যেতে থাকে সিরাজগঞ্জ। এখানকার কৃষিপণ্য যেত কলকাতায় আর কলকাতা থেকে বিভিন্ন পণ্য আসতো সিরাজগঞ্জে। সকালের ট্রেনে গিয়ে রাতের ট্রেনেই ফেরা যেত। কলকাতার প্রভাবে সাংস্কৃতিক দিক দিয়েও সিরাজগঞ্জ এগিয়ে যায়। সিরাজগঞ্জের হরিহর ‍শুকলা ও তার মেয়ে হৈমন্তী শুকলা, বাঁশরী লাহিড়ী ও তার ছেলে বাপ্পী লাহিড়ী ভারতীয় সঙ্গীতাঙ্গনে ভূমিকা রাখতেন। যাদব চন্দ্র চক্রবর্তী কলকাতায় থাকতেন। ওনার ছেলে কলকাতা থেকে এসে দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন।

বগুড়া থেকে যে রেলপথ নির্মাণ করা হচ্ছে সেখানে সিরাজগঞ্জ শহরে জংশন না করলে এই রেলসিটির একেবারেই অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেন তিনি।

সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব তারিকুজ্জামান টরিক বলেন, সিরাজগঞ্জ ছিল রেলভিত্তিক একটি শহর। রেলকে বাইপাস করে শহরকে আলাদা করতে পারে না। যে শহর বন্দর কেন্দ্রিক সেটা বন্দর হবে যে শহর রেল কেন্দ্রিক সেটা রেলশহর থাকতে হবে। যারা এ শহরকে রেলবঞ্চিত করেছে তাদের ইতিহাস-ঐতিহ্যের সাথে কোন সম্পর্ক নাই।

প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস বলেন, সিরাজগঞ্জ ছিল বাংলাদেশ থেকে কলকাতার কেন্দ্র। রায়পুরে ছিল ট্রেনের রক্ষণাবেক্ষণ, রেল ঘোরানো ও কয়লার ইঞ্জিন মেরামত কারখানা। অনেক যন্ত্রপাতি ছিল, এখনো ধ্বংশাবশেষ রয়েছে। এটা ছিল বাংলাদেশ থেকে কলকাতার কেন্দ্রভূমি। সিরাজগঞ্জ, ময়মনসিংহ জামালপুর, টাঙ্গাইলসহ সমস্ত এলাকার পাট ও কৃষিজাত দ্রব্য সিরাজগঞ্জ থেকে কলকাতা যাবার জন্য রেললাইন প্রতিষ্ঠিত হয়। রায়পুর, বাজার স্টেশন এলাকায় শত শত একর রেলের জায়গা পড়ে আছে।

সিরাজগঞ্জ জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার বলেন, যমুনা সেতু হওয়ার পর রেলস্টেশন কড্ডার মোড়ে চলে গেল। আমরা তখনই বলছিলাম সিরাজগঞ্জ শহর যদি রেল বিচ্ছিন্ন হয়ে যায়, শহরটি হাটখোলায় পরিণত হবে। বাস্তবে তাই হলো। আমরা সেটি নিয়ে আন্দোলন করলাম, হরতাল মিছিল, মিটিং করলাম। তখন সরকার ঘোষণা দিল সিরাজগঞ্জ-বগুড়া রেলসড় নির্মাণ হবে। সেই রেলপথে শহরে দক্ষিণে রায়পুর রেলওয়ে স্টেশনকে জংশন করা হবে। পরবর্তীতে রেল মন্ত্রণালয়ের কোন কর্মকর্তার ইন্দনে আমাদের রায়পুরের পরিবর্তে ৫ কিলোমিটার দুরে কালিয়া হরিপুর দিয়ে বগুড়ায় রেলপথ নেয়া হচ্ছে।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রেলজংশন আমাদের আন্দোলন নয়, এটা আমাদের অধিকার, যার বাস্তবায়ন চাই। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু রিভাইজ করার নির্দেশনা দিয়েছেন, আমরা চাই সিরাজগঞ্জের রায়পুরে জংশন করতে হবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, সিরাজগঞ্জবাসী রায়পুরে জংশন করার দাবী জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেব। তারপর ওখান থেকে যদি প্রজেক্ট সংশোধন করে ব্যবস্থা নেওয়ার হলে নেবে। প্রজেক্টের পিডি যদি গুরুত্ব দেন তাহলে প্রজেক্ট সংশোধন সম্ভব। তবে সেটা দীর্ঘমেয়াদী প্রসেস।

বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া বলেন, প্রকল্প এখন যে পর্যায়ে আছে নতুন করে ডিজাইন করে আবার স্টাডি করে চুড়ান্ত করা সময় সাপেক্ষ ব্যাপার। ২০২১ সাল থেকে স্টাডি চলছিল, তখন এটাকে হাইলাইটস করা উচিৎ ছিল। এখন আমরা টেন্ডারিংয়ের পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, একটা জিনিস দীর্ঘ সময় ডিজাইন করা হয়েছে। এখন নতুন করে এলাইনমেন্ট চেইঞ্জ করা মানে আবার প্রথম থেকে শুরু করা। এই পর্যায়ে এসে নতুনভাবে শুরু করা জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। সিরাজগঞ্জবাসী এই আন্দোলনটা আগে কেন করেনি, প্রশ্ন তোলেন তিনি।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রকল্প রিভাইজ প্রসঙ্গে তিনি বলেন, সম্ভবত আমরা ওই আলোচনা থেকে সরে এসেছি।

প্রসঙ্গত, ২০১৮ সালে একনেক সভায় ৫ হাজার ৫৭৯ কোটি টাকার বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ প্রকল্পটি অনুমোদিত হয়। তখন প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। ভারতীয় একটি ব্যাংকের ঋণে প্রকল্পটি বাস্তবায়ন করার কথা ছিল। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় অর্থায়ন বাতিল হয়। অর্থায়নে এগিয়ে আসে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। সময়ের ব্যবধানে বেড়েছে প্রকল্পের ব্যয়। ৫ হাজার ৫৭৯ কোটির যায়গায় সংশোধিত প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫৫০ কোটি টাকা। সেই সঙ্গে মেয়াদ বাড়িয়ে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

বগুড়া-সিরাজগঞ্জ পথে নতুন এই ৭৬ কিলোমিটার ডুয়েলগেজ রেললাইন নির্মাণ হলে এ পথে দূরত্ব কমবে ১১৪ কিলোমিটার। এতে যাত্রার সময় বাঁচবে প্রায় তিন ঘণ্টা

নিয়মের বেড়াজালে সূর্যবংশী, ড্রেসিংরুম ব্যবহার করতে না পারার কারণ

ভারতের ১৫ বছর বয়সী তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী এবার ইতিহাস গড়ার দোরগোড়ায়। জাতীয় সিনিয়র দলে প্রথমবার ডাক পাওয়ার পর ইংল্যান্ড সফরে তার অভিষেক ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। তবে বয়স কম হওয়ায় সফরে তাকে ঘিরে থাকছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা।

প্রতিবেদন অনুযায়ী, আইসিসির সেফগার্ডিং নিয়ম অনুযায়ী নাবালক খেলোয়াড়দের জন্য নির্ধারিত প্রোটোকল মেনে বৈভবকে সিনিয়র সতীর্থদের থেকে আলাদা ড্রেসিংরুম বা আলাদা সুবিধা ব্যবহার করতে হবে। বিষয়টি দলে নির্বাচনের কোনও সমস্যা নয়, বরং সম্পূর্ণভাবে নিরাপত্তা ও শিশু সুরক্ষা নীতির অংশ।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের এক মুখপাত্রও নিশ্চিত করেছেন যে এই সফর আইসিসি নিয়ন্ত্রিত হওয়ায় তাদের সেফগার্ডিং নীতিই কার্যকর থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আইসিসি পরিস্থিতি সামাল দেবে। সবকিছু ঠিক থাকলে আসন্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই অভিষেকের সুযোগ পেতে পারেন এই তরুণ ব্যাটার। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলে বৈভব ভেঙে দিতে পারেন বহু রেকর্ড। বর্তমানে ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে রেকর্ড রয়েছে শচীন টেন্ডুলকারের, যিনি ১৬ বছর ২০৫ দিন বয়সে অভিষেক করেছিলেন।

ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর জাতীয় দলে জায়গা করে নেওয়া বৈভবকে ঘিরে এখন ক্রিকেট মহলে বাড়ছে প্রত্যাশা। বিশেষ সুরক্ষা ব্যবস্থার কারণে তার সফর কিছুটা ভিন্ন হলেও, সম্ভাব্য অভিষেককে ঘিরে ভারতীয় ক্রিকেটে তৈরি হয়েছে নতুন ইতিহাসের অপেক্ষা।

ভেনেজুয়েলায় আফটারশকের ভয়ে বাইরে রাত কাটাচ্ছেন হাজারো মানুষ

ভেনেজুয়েলাকে কাঁপিয়ে দেওয়া পরপর দুটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাসসহ বিভিন্ন এলাকায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্ভাব্য আফটারশক বা ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ার আশঙ্কা থাকায় অনেকেই রাস্তায় তাঁবু স্থাপন করার সিদ্ধান্ত নিচ্ছেন।

অন্যরা বাগানে বা ফুটপাথে গদি, মাদুর বা চাদর পেতে রাত কাটাচ্ছেন—তারা অপেক্ষা করছেন কখন নিজেদের বাড়িতে ফিরে যাওয়া নিরাপদ হবে তা জানতে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে, বড় ধরনের আফটারশকের শঙ্কা এখনো রয়েছে।

রাত ১টার মধ্যে দেশের ১৭ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবারও ফিরছে জনপ্রিয় সুপারহিরো ‘সুপারগার্ল’

চার দশকেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় সুপারহিরো চরিত্র ‘সুপারগার্ল’। ১৯৮৪ সালে মুক্তি পাওয়া প্রথম ‘সুপারগার্ল’ সিনেমার ৪২ বছর পর নতুন রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছে ডিসি ইউনিভার্সের এই শক্তিশালী নারী নায়ক। আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পাবে ২৬ জুন। নতুন ‘সুপারগার্ল’ পরিচালনা করেছেন ক্রেইগ গিলেস্পি। এতে কেন্দ্রীয় চরিত্র কারা জোর-এল বা সুপারগার্লের ভূমিকায় অভিনয় করেছেন মিলি অ্যালকক। এছাড়া রয়েছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট এবং জেসন মোমোয়া।

১৯৮৪ সালের প্রথম ‘সুপারগার্ল’ সিনেমাটি নির্মিত হয়েছিল সুপারম্যান ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ হিসেবে। তবে বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি। সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পায়, যার প্রভাব দীর্ঘদিন নারী সুপারহিরো-কেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণে দেখা গিয়েছিল।

নতুন সংস্করণের প্রতি দর্শকদের আগ্রহের অন্যতম কারণ মিলি অ্যালককের উপস্থিতি। এর আগে জনপ্রিয় সিরিজ ‘হাউস অফ দ্য ড্রাগন’ -এ তরুণ টারগারিয়েন চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। এছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপারম্যান সিনেমায় অল্প সময়ের উপস্থিতিতেই তিনি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন।

এবারের গল্পে সুপারগার্লকে দেখা যাবে আগের চেয়ে অনেক বেশি কঠোর ও বাস্তববাদী এক চরিত্র হিসেবে। পৃথিবীতে বড় হওয়া সুপারম্যানের মতো সুখী শৈশব তার ছিল না। ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের একটি অংশে বেড়ে ওঠা কারা জোর-এল ছোটবেলা থেকেই মৃত্যু ও ধ্বংসযজ্ঞের সাক্ষী। সেই অভিজ্ঞতাই তাকে গড়ে তুলেছে ভিন্ন মানসিকতার নায়ক হিসেবে।

গল্পে নিজের বিশ্বস্ত সঙ্গী কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশ ভ্রমণে বের হন সুপারগার্ল। এ সময় তার পরিচয় হয় রুথি নামের এক কিশোরীর সঙ্গে, যার পরিবারকে হত্যা করেছে এক নির্মম দস্যু নেতা। এরপর প্রতিশোধ ও ন্যায়বিচারের খোঁজে দুজন এক বিপজ্জনক আন্তঃগ্যালাক্টিক অভিযানে পা বাড়ায়।

সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ হলো জনপ্রিয় কমিকস চরিত্র লোবোর লাইভ-অ্যাকশন অভিষেক। ভয়ংকর এই মহাকাশ-ভাড়াটে শিকারির চরিত্রে অভিনয় করেছেন জেসন মোমোয়া। কমিকসপ্রেমীদের জন্য এটি হতে পারে বিশেষ চমক।

পরিচালক ক্রেইগ গিলেস্পি জানিয়েছেন, চরিত্র ও গল্প নির্মাণে কমিকসের মূল ভাবনার প্রতি যতটা সম্ভব বিশ্বস্ত থাকার চেষ্টা করা হয়েছে। শুধু একটি একক সুপারহিরো গল্প হিসেবেই নয়, নতুন ডিসি সিনেমাটিক ইউনিভার্স গঠনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও দেখা হচ্ছে ‘সুপারগার্ল’কে। ডিসির ভবিষ্যৎ পরিকল্পনায় জেমস গান সুপারম্যানের পাশাপাশি সুপারগার্লকেও অন্যতম কেন্দ্রীয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে চান।

বজ্রাঘাতে প্রাণ গেল কলেজছাত্রীসহ দুজনের

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে এক কলেজছাত্রী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যার দিকে উপজেলার পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) ও কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল খালেক।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তুলী রানী সেন বাড়ির পাশেই ছিলেন। হালকা বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তুলি ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী।

অপরদিকে কালাদহ এলাকার মিজানুর রহমান জানান, তার ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল খালেক স্থানীয় বাজার হতে বাড়িতে আসার সময় হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শহীদুল ইসলাম সোহাগ বলেন, এ ধরনের দুর্ঘটনার জন্য সরকারি যে সহযোগিতা আছে তা প্রদান করা হবে। বজ্রপাত সহনীয় তাল গাছ রোপনের প্রতি সবাইকে এগিয়ে আসতে হবে।

মহামারি প্রতিরোধে নতুন আশার নাম এআই ‘মাস্টার কি’

কোভিড-১৯, সার্স বা ইবোলার মতো ভাইরাস মোকাবিলায় বর্তমানে প্রতিটি রোগের জন্য আলাদা টিকা তৈরি করা হয়। কিন্তু ভাইরাসের নতুন নতুন ধরন বা ভ্যারিয়েন্ট দেখা দেওয়ায় এই পদ্ধতি সব সময় কার্যকর থাকে না। এ সমস্যার সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নতুন ধরনের একটি টিকা প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। খবর এএফপির।

গবেষকদের দাবি, এই প্রযুক্তি ভাইরাসের একটি নির্দিষ্ট ধরন নয়, বরং পুরো একটি ভাইরাস পরিবারের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম হতে পারে। ভবিষ্যতে নতুন মহামারি প্রতিরোধেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রকল্পটির প্রধান গবেষক অধ্যাপক জোনাথন হিনি এই প্রযুক্তিকে একটি ভবনের ‘মাস্টার কি’র সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, বর্তমান টিকাগুলো সাধারণত ভাইরাসের একটি নির্দিষ্ট রূপকে লক্ষ্য করে তৈরি হয়। কিন্তু কয়েক মাসের মধ্যেই নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে। ফলে টিকা অনেক সময় ভাইরাসের পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারে না।

হিনির ভাষায়, বর্তমান টিকা সব সময় ভাইরাসের পেছনে ছুটে বেড়ায়। আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করতে চাই, যা ভাইরাসের সব ধরনের রূপকে চিনতে পারবে এবং বিস্তৃত সুরক্ষা দেবে।

২০১৩ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ইবোলা প্রাদুর্ভাবের অভিজ্ঞতা থেকেই এ গবেষণার শুরু। সে সময় রোগ শনাক্ত ও টিকা তৈরিতে দীর্ঘ সময় লেগেছিল। এর মধ্যে ইবোলা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। তখন থেকেই গবেষকরা দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম নতুন প্রযুক্তি তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন।

গবেষণায় এআই ব্যবহার করে বিভিন্ন ভাইরাসের বিপুল তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এর মাধ্যমে ভাইরাসের এমন কিছু সাধারণ বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হয়েছে, যেগুলোর বিরুদ্ধে মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করতে পারে। ফলে একটি টিকা একাধিক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সম্প্রতি ৩৯ জন স্বেচ্ছাসেবীর ওপর পরিচালিত প্রাথমিক পরীক্ষায় এআই-সহায়তায় তৈরি এই সার্বজনীন করোনাভাইরাস টিকার ক্ষেত্রে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি পাওয়া যায়নি। গবেষণার ফলাফল চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘জার্নাল অব ইনফেকশনে’ প্রকাশিত হয়েছে। এখন টিকাটি বৃহত্তর পরিসরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

গবেষকদের মতে, জনসংখ্যা বৃদ্ধি, আন্তর্জাতিক ভ্রমণ এবং মানুষের কারণে বন্যপ্রাণীর আবাসস্থল কমে যাওয়ায় নতুন ভাইরাসের আবির্ভাবের ঝুঁকি বাড়ছে। তাই ভবিষ্যতের মহামারি মোকাবিলায় এমন প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

অধ্যাপক হিনি জানান, তার সবচেয়ে বড় উদ্বেগ ভবিষ্যতের সম্ভাব্য ইনফ্লুয়েঞ্জা মহামারি। তবে তিনি আশাবাদী যে এআই-ভিত্তিক নতুন এই প্রযুক্তি ভবিষ্যতে আরও দ্রুত ও কার্যকর টিকা তৈরির পথ খুলে দেবে এবং বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।

প্রেমিকাকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করলেন যুবক

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন এক যুবক। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টার দিকে নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় সোনামদ্দিন সড়কের ‘রাগ’ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত প্রেমিক এবায়দুল ইসলাম রাইয়ান (২২) ওই এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে এবং বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহতের চাচা বাবুল খাঁ জানান, রাইয়ানের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার-পাঁচদিন ধরে রাইয়ানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সেই মেয়ে।

তিনি বলেন, রাইয়ানের মা অসুস্থ। তিনি বুধবার রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলে রাইয়ান। এরপর তাকে ভিডিও কলে রেখেই রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাইয়ান।

তিনি আরও জানান, রাইয়ান যখন গলায় ফাঁস নেয় তখন তার প্রেমিকা বিষয়টি অন্য বন্ধুদের জানায়। রাতে তারা রাইয়ানের বাসায় ছুটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করলেও মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিক দরজা খোলেননি।

রাত পৌনে ৪টার দিকে মা সজাগ হয়ে দরজা খোলেন এবং রাইয়ানকে উদ্ধার করে মোটরসাইকেল যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বন্ধুরা। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুসলিম ফুটবলারদের পুরস্কার নিয়ে ফিফার ব্যতিক্রমী পদক্ষেপ

এবারের বিশ্বকাপে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারে পরিবর্তন এনেছে ফিফা। মুসলিম খেলোয়াড়, অপ্রাপ্তবয়স্ক ফুটবলার কিংবা যেসব খেলোয়াড় নিজেদের মদ্যপ পানীয়ের ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত করতে চান না, তাদের জন্য ম্যান অব দ্য ম্যাচ ট্রফিতে কোনো ধরনের লোগো না রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা।

প্রতিবেদনে ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, বিশ্বকাপের ‘সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারটির পৃষ্ঠপোষকতা করছে বিয়ার ব্র্যান্ড মিশেলোব আল্ট্রা। তবে মুসলিম খেলোয়াড়দের ক্ষেত্রে ট্রফি এবং আনুষ্ঠানিক ফটোসেশনে স্পনসরের লোগো সরিয়ে দেওয়া হচ্ছে। এর পরিবর্তে সেখানে লেখা থাকছে ‘দ্য সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ এবং বিশ্বকাপের নিজস্ব ভিজ্যুয়াল পরিচিতি।

মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারি স্কটল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের দ্রুততম গোল করে ম্যাচসেরা হওয়ার পর লোগোবিহীন ট্রফি পাওয়ায় বিষয়টি আলোচনায় আসে। জানা গেছে, একই ধরনের ট্রফি পেয়েছেন মিসরের ইমাম আশুর, জর্ডানের আলি অলওয়ান, ইরানের রামিন রেজাইয়ান, কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা এবং আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দেও।

ও গ্লোবোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিফার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার বিষয়টি। ইসলাম ধর্মে মদ্যপ পানীয় গ্রহণ নিষিদ্ধ হওয়ায় মুসলিম খেলোয়াড়দের বিশ্বাসের প্রতি সম্মান দেখাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পোর্টসবাইবেলকে ফিফার এক মুখপাত্র বলেন, ‘নির্বাচিত খেলোয়াড়ের অনুরোধে লোগোবিহীন পুরস্কার এবং পটভূমি ব্যবহারের সুযোগ রয়েছে।’

শুধু মুসলিম খেলোয়াড়ই নন, অন্য কোনো ধর্মের খেলোয়াড়রাও যদি নিজেদের অ্যালকোহল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করতে না চান, তারাও এই সুবিধা নিতে পারেন। এর আগে ২০২৫ ক্লাব বিশ্বকাপেও একই নীতি অনুসরণ করেছিল ফিফা। সে সময় পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি এবং সে সময় পালমেইরাসে খেলা, বর্তমানে চেলসির ফুটবলার এস্তেভাও ব্র্যান্ডবিহীন ট্রফি গ্রহণ করেছিলেন। হাকিমির ক্ষেত্রে কারণ ছিল তার ধর্মীয় পরিচয়, আর এস্তেভাও ছিলেন অপ্রাপ্তবয়স্ক।

অ্যালকোহল স্পনসরশিপ ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। ২০১৮ বিশ্বকাপে মিসরের গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাওয়ি ধর্মীয় কারণে প্রচলিত ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে ব্যাপক আলোচনা হয়েছিল।

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে পর্দায় ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষের ঘটনায় ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এবং রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, গত ২২ জুন বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার খেলা দেখার সময় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগের প্রেক্ষিতে দুই শিক্ষার্থীকে শাস্তি প্রদান করা হলো।

অফিস আদেশ অনুযায়ী, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের (শিক্ষাবর্ষ: ২০১৮-২০১৯) শিক্ষার্থী মো. আসাদুজ্জামানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার (অথবা ক্ষেত্রমতে যা প্রযোজ্য) করা হলো। সাময়িক বহিস্কারকালীন হলে ও ক্যাম্পাসে তিনি অবস্থান করতে পারবে না।

এছাড়া দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের (শিক্ষাবর্ষ: ২০১৮-২০১৯) শিক্ষার্থী শাহানুর রহমান তদন্ত চলাকালীন নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না এবং হলে ও ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমকে সভাপতি করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। কমিটিতে সদস্য-সচিব হিসেবে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

উল্লেখ্য, এর আগে গত ২২ জুন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ দেখাকে কেন্দ্র করে নাঈম আহমদ সানি নামের প্রত্নতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের (৫০তম ব্যাচ) এক শিক্ষার্থীকে মারধরের শিকার হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী।

শেষ মুহূর্তে ঢাকায় স্থগিত অনুপম রায়ের কনসার্ট

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের ঢাকায় নির্ধারিত কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আয়োজন। তবে কনসার্টের এক দিন আগে স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক জানায়, ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল এবং সরকার নির্ধারিত অনুমোদনও নেওয়া হয়েছিল। কিন্তু অনিবার্য পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, যারা টিকিট কিনেছেন তারা অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। পাশাপাশি কনসার্টের নতুন তারিখ নির্ধারণ এবং রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে।

কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায়ও। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকেই তিনি এ সিদ্ধান্তের কথা জানতে পেরেছেন।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশেষ কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কনসার্টে আরও পারফর্ম করার কথা ছিল ‘বেঙ্গল সিম্ফনি’র।

আগামী ৫০ বছরেও আ.লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা ক্ষীণ

ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান বলেছেন, আগামী ৫০ বছর আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে তিনি মনে করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বেলা ১১টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বাজেট আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে ডা. মাহবুবুর রহমান বলেন, “আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই, তারা তিনটি প্রজন্মকে ইনজুরড (আঘাত) করেছে। একটি স্কুল, একটি কলেজ এবং আরেকটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী। নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন এবং পরে ‘হাসিনা খেদাও।’”

তিনি আরও বলেন, ‘এই তিন প্রজন্ম জীবিত থাকা অবস্থায় আগামী ৫০ বছর আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

উদি নেকোকে ঘিরে কৌতূহল, কেন এমন ব্যতিক্রমী সাজ?

বিশ্বকাপ ম্যাচে গ্যালারির সবচেয়ে আলোচিত মুখ এখন ‘উদি নেকো’। গত ১৪ জুন তুরস্ক বনাম অস্ট্রেলিয়া ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি টেলিভিশন ক্যামেরায় ধরা পড়া এক সমর্থকের অদ্ভুত ও প্রতীকী সাজ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। পরে জানা যায়, এই সমর্থকের আসল নাম নেচদেত ওলচেরমান।

নেচদেত ওলচেরমান দীর্ঘদিন ধরেই তুরস্ক জাতীয় দল এবং ক্লাব ফুটবলে বেসিকতাস–এর নিবেদিতপ্রাণ সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বকাপের মতো বড় আসরে তার উপস্থিতি নতুন নয়, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তার ব্যতিক্রমী উপস্থিতিই তাকে বিশ্বজুড়ে আলোচনায় নিয়ে আসে।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ওই ম্যাচে ক্যামেরা হঠাৎ করেই গ্যালারিতে থাকা এক সমর্থকের ওপর থেমে যায়। মুখ পুরোপুরি কালো রঙে আঁকা, চুল ও দাড়ি সাদা রঙে রাঙানো, চোখে সাদা লেন্স—দূর থেকে তাকে দেখলে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় ভাইরাল ঝড়।

পরবর্তীতে জানা যায়, এই সাজ কোনো আকস্মিক বা কৌতূহলনির্ভর বিষয় নয়, বরং দীর্ঘদিনের একটি ব্যক্তিগত প্রতীকী প্রকাশ। হাঙ্গেরিয়ান গণমাধ্যম টেলেক্সের তথ্য অনুযায়ী, বেসিকতাসের ঐতিহ্যবাহী কালো–সাদা রঙের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি মুখে কালো রং এবং চুল–দাড়িতে সাদা রং ব্যবহার করেন।

তুরস্কের ক্রীড়া প্রতিবেদনে বলা হচ্ছে, ম্যাচের আগে দীর্ঘ সময় আয়নার সামনে দাঁড়িয়ে তিনি এই সাজ সম্পূর্ণ করেন। তার এই রূপ কেবল ভিন্নতা তৈরি করার জন্য নয়, বরং ‘ব্ল্যাক বুল’ বা কালো ষাঁড়ের শক্তি, ধৈর্য ও অদম্য মানসিকতার প্রতীক হিসেবে বিবেচিত।

‘উদি নেকো’ নামের পেছনেও রয়েছে আলাদা ইতিহাস। ‘নেকো’ এসেছে তার নাম নেচদেতের সংক্ষিপ্ত রূপ থেকে। আর ‘উদি’ শব্দটি তুরস্কের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘উদ’–এর সঙ্গে সম্পর্কিত একটি সাংস্কৃতিক পরিচয় থেকে এসেছে বলে জানা যায়।

ফুটবল অঙ্গনে তিনি নতুন কেউ নন। নিজ দেশের ক্লাব ফুটবল ও জাতীয় দলের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচেই তাকে দেখা যায় গ্যালারিতে। তুরস্কের স্থানীয় ক্লাব বেসিকতাসের প্রতি তার আবেগ এতটাই গভীর যে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গেও তার একাধিকবার সরাসরি যোগাযোগ ও সম্মাননা পাওয়ার ঘটনা রয়েছে।

পেশাগত জীবনে নেচদেত ওলচেরমান একজন সফল জুয়েলারি ব্যবসায়ী। পাশাপাশি অতীতে তিনি তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর (তুরস্কের আধা সামরিক বাহিনী) সঙ্গেও যুক্ত ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ফুটবলের বাইরেও একটি সাধারণ জীবন থাকলেও, গ্যালারিতে তিনি যেন সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে রূপ নেন।

বিশ্বকাপে তুরস্কের শুরুটা অবশ্য সুখকর হয়নি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে এবং পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে বিদায় কার্যত নিশ্চিত। ফলে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি নিয়ম রক্ষার। তবে দলের ব্যর্থতার মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছেন ভাইরাল উদি নেকো।

লাভজনক প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতকে দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাতে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

তিনি বলেন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং খামারিদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও টেকসই ও লাভজনক করে তোলা হবে।

বুধবার (২৫ জুন) বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক গয়াল গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও প্রাণী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলে গবেষণালব্ধ প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে নির্বাচিত খামারিদের মাঝে ছাগল ও মুরগি বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় খামারি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের স্বাবলম্বী করে তুলতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ে সেবার সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ প্রাণিসম্পদ উন্নয়নের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গবেষণা ও প্রযুক্তির সমন্বয়ে এ অঞ্চলকে প্রাণিসম্পদ উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

সালাউদ্দিন টুকু আরও বলেন, গয়াল বাংলাদেশের একটি মূল্যবান দেশীয় প্রাণিসম্পদ সম্পদ। এর সংরক্ষণ, উন্নয়ন ও বংশবিস্তার নিশ্চিত করতে সরকার গবেষণা কার্যক্রম জোরদার করেছে। গয়ালসহ দেশীয় প্রাণিজ সম্পদের জিনগত বৈশিষ্ট্য সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তোলা হবে।

তিনি জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং খামারিদের আয় বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে গবেষণা প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মাঠপর্যায়ের খামারিদের মধ্যে সমন্বয় বাড়ানো হবে।

অনুষ্ঠানে প্রাণী পাওয়া খামারিরা সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা তাদের খামার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি সহায়তা পেলে উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব হবে।

পরে প্রতিমন্ত্রী গয়াল গবেষণা কেন্দ্রের বিভিন্ন গবেষণা কার্যক্রম, প্রজনন ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে গবেষণার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা হবে।

এ সময় বিএলআরআই ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার খামারিরা উপস্থিত ছিলেন। বক্তারা পার্বত্য অঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়নে গয়াল গবেষণা কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের দাবি জানান।

ভারতে সেনা সদস্যদের হামলার শিকার পুলিশ

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর ৪০ জন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন কর্নেল এবং একজন মেজর রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কিস্তওয়ারের আথোলি পুলিশ স্টেশনে জোরপূর্বক প্রবেশ করে পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল এন অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা, নায়েব সুবেদার শঙ্কর গুরখেসহ ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় সেনা সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

মামলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।

এক প্রতিরক্ষা মুখপাত্র বলেন, বিষয়টি স্থানীয় পুলিশের দায়ের করা এফআইআর-সংক্রান্ত এবং তা যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। যৌথ তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, হামলায় আহতদের মধ্যে আথোলির উপ-পুলিশ সুপার (এসডিপিও) বিজয় কুমার ভগত এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) অমৃত কাটোচ রয়েছেন।

এফআইআরে বলা হয়েছে, ঘটনার সময় এসএইচও অমৃত কাটোচ একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিতে বাইরে ছিলেন। এ সময় সেনা সদস্যরা পুলিশ স্টেশনে প্রবেশ করে ভাঙচুর ও হামলা চালায়। খবর পেয়ে তিনি থানায় ফিরে এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

পুলিশের দাবি, মেজর বিকাশ শর্মার নেতৃত্বে সেনা সদস্যরা এসএইচওর ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন এবং এসডিপিওকেও মারধর করেন। হামলায় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এফআইআরে আরও উল্লেখ করা হয়েছে, লোহার রড এবং সরকারি অস্ত্র নিয়ে সেনা সদস্যরা থানার মূল ফটক ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। তারা সহকারী আঞ্চলিক পরিবহন কর্মকর্তা (এআরটিও) এবং তার নিরাপত্তারক্ষীদেরও মারধর করেন।

প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর একটি যানবাহন জব্দ করার ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত হয়। ওই ঘটনার পর সেনা সদস্যরা থানায় হামলা চালিয়েছেন বলে অভিযোগ।

পুলিশ আরও দাবি করেছে, হামলাকারীরা সরকারি যানবাহন ও থানার সম্পত্তিতে ব্যাপক ভাঙচুর চালায়। এসএইচও এবং এসডিপিওর সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত করা হয় এবং থানার মূল ফটক ভেঙে ফেলা হয়।

এফআইআরে পুলিশ বলেছে, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের গুরুতর ক্ষতি কিংবা হত্যা করার উদ্দেশ্যেই সেনা সদস্যরা থানায় প্রবেশ করেছিলেন।

১ কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

বিগত সরকারের সময়ের ঋণ পরিশোধে আর্থিক সক্ষমতার জায়গা (ফিসক্যাল স্পেস) সংকুচিত হলেও আগামীতে সরকারের ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির বড় লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জুন) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, বিগত সরকারের প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকার ডেট বা ঋণ বর্তমান সরকারকে পরিশোধ করতে হবে। এতে ফিসক্যাল স্পেস (আর্থিক সক্ষমতার জায়গা) সংকুচিত হয়ে এসেছে। তা সত্ত্বেও আগামীতে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির বড় লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনতে প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের তদারকিতে এবার ডিজিটাল ড্যাশবোর্ড ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, স্ব-স্ব মন্ত্রীদের অফিস এবং আইএসে এই ড্যাশবোর্ড থাকবে। প্রতিদিন প্রতিটি প্রকল্পের মুভমেন্ট কী হচ্ছে, তা সরকার সরাসরি মনিটর করবে। কোথাও কাজের গতি থমকে গেলে বা ল্যাপস হলে সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে তা ফ্ল্যাশ করবে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে এর জবাবদিহি করতে হবে।

বাজেটের শতভাগ না হলেও অন্তত ৮০ শতাংশ বাস্তবায়ন করতে পারলে দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো পূরণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।

আলোচনায় আরো অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শারমিন্দ নীলোর্মি, বিআইডিএস-এর সিনিয়র গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মানবিক বিভাগের অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক ড. নাজমুল ইসলাম।

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে তারেক রহমান

দ্বি-পাক্ষিক বৈঠকে বসেছেন চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’ এই বৈঠক বসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন চীনের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।

বৈঠকের পরে গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মানে নৈশভোজ দেন প্রধানমন্ত্রী লু কিয়াং।

অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াং-কে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দু’দেশের জাতীয় সংগীত বাজিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। এরপরে শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পরে প্রধানমন্ত্রীকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কুয়াং। বৃহস্পতিবার স্থানীয় বিকেল ৫টায় দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরের পশ্চিম প্রান্তে অবস্থিত ‘গ্রেট হল অব দ্য পিপল’ ভবনসহ তার পাশে-পাশের বিশাল চত্বর ও সড়কের দুই পাশে বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়। এই ভবনে চীনের সর্বোচ্চ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ এর সভা এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কার্যালয় রয়েছে।

উল্লেখ্য যে, গত ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর। মালয়েশিয়ায় দুইদিনের সফর শেষে গত সোমবার রাতে প্রথমে যান চীনের দালিয়ানে যে, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে। সেখানে দুই দিনে বিভিন্ন কর্মসূচি শেষ করে বুধবার বিকালে দালিয়ান থেকে হাই স্পিড (বুলেট ট্রেন) ট্রেনে বেইজিং আসেন।

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসূচিতে রয়েছে- গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের তারেক রহমানের এটি প্রথম চীন সফর। ২০০১ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সফরসঙ্গী হিসেবে তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন সেই সময়ে এই গ্রেট হলে প্রধানমন্ত্রীর লালগালিচায় সংবর্ধনায়ও উপস্থিত ছিলেন তিনি।

নকআউটের পথে ব্রাজিল, সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় কারা?

স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানের জয় নিয়ে গ্রুপপর্বের খেলা শেষ করেছে ব্রাজিল। বৃহস্পতিবার সকালে স্কটিশদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করে সেলেসাওরা। নকআউট পর্বে ব্রাজিলের ম্যাচ আগামী ২৯ জুন। হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে শেষ বত্রিশের লড়াইয়ে সাম্বা বয়দের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষা আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল নকআউটে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। সেই দৌড়ে ব্রাজিলের সামনে আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। এই দলের যেকোনো একটি দলকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় কানসাস সিটিতে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও তিউনিসিয়া। একই সময়ে ডালাসে লড়বে জাপান ও সুইডেন।

বর্তমানে নেদারল্যান্ডস ও জাপান দুই দলের নামের পাশে রয়েছে সমান ৪ পয়েন্ট। এমনকি তাদের গোল ব্যবধানও সমান (+৪)। তবে ৭ গোল করে টেবিলের শীর্ষে রয়েছে ডাচরা। সেখানে জাপানের গোল সংখ্যা ৬টি। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে লড়াইয়ে টিকে আছে সুইডেনও।

অন্যদিকে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে তিউনিসিয়া। সুতরাং টিকে থাকা ‘এফ’ গ্রুপের বাকি তিনটি দলের যেকোনো একটি দল নকআউটে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পাবে।

বিজিবির অভিযানে ধ্বংস হলো ১১ কোটি টাকার মাদক

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে জব্দ করা প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল সংখ্যক মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সেক্টর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা। এর মধ্যে ছিল ১৩ হাজার ১৯০ বোতল ফেনসিডিল, ২৯ হাজার ৮৩০ পিস ইয়াবা, ৮ হাজার ৯৬২ বোতল বিদেশি মদ, ৬৭ হাজার ৮৬৬ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২ লাখ ৪৮ হাজার ৫৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫ লাখ ৩৪ হাজার ৩৩৭ পিস মদ তৈরির ট্যাবলেট।

দিনাজপুর সেক্টরের আওতাধীন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিভিন্ন সময়ে সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করে। পরে নিয়ম অনুযায়ী তা ধ্বংস করা হয়।

কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা, নৈতিকতা ও ভবিষ্যৎ ধ্বংস করে, বিশেষ করে তরুণ সমাজকে বিপথগামী করে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক ও চোরাচালান নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদকের প্রবেশ ঠেকাতে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাঈন। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এবং দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাসুদ হাসান।

এসময় জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে এক পরিবারের তিন সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। এদের মধ্যে এক শিশু ও দুইজন নারী বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি ভবন থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে….

আ.লীগের মিছিলে অংশ নিলে অর্ধমাসের বেতন, মিলবে দ্রুত জামিনও!

ফেনীতে দুইভাগে বিভক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। একদিকে ২০২৪ এর একতরফা ভোটের এমপি আলাউদ্দিন নাসিম অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। দুই গ্রুপে এখন মিছিল করাতে বেশ তৎপর। মাসিক বেতনের অর্ধেক টাকার বিনিময়ে করানো হচ্ছে ঝটিকা মিছিল। মাথাপিছু ৩ হাজার টাকা থেকে শুরু করে দেওয়া হচ্ছে ৭ হাজার টাকা পর্যন্ত।

নেতৃত্বদানকারীদের দেওয়া হচ্ছে আরো বেশি টাকা। মিছিলের জন্য বিশেষ করে টার্গেট করা হয়েছে শিশুদের। গত ১৭ জুন সকালে ফেনী বড় হাজার, শহরের স্টেশন রোডে ঝটিকা মিছিল করে। গ্রেপ্তার হলে ১৫ দিনের মধ্যে ছাড়ার আশ্বাস দেওয়া হচ্ছে। মিছিলসহ যেকোনো কর্মসূচি ঠেকাতে মাঠে তৎপর রয়েছে পুলিশ।

ফেনী শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোনেম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয়জনকে আদালতের মাধ্যমে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন— ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকার হারুন উর রশিদের ছেলে মো. জামিউল ইসলাম রাসেল (২০), সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া এলাকার মো. ইলিয়াছ চৌধুরীর ছেলে ইসতিয়াক মাহমুদ শাওন (১৯), শহরের একাডেমি এলাকার আবু জাফরের ছেলে তাসফিরুল ইসলাম তাসফি (১৯), কালিদহ ইউনিয়নের ভালুকিয়া এলাকার ইদ্রিস ভূঁইয়ার ছেলে ইফতেখার আহমেদ ফাহিম (১৯), আলোকদিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে কাজী রাশিদ আহম্মেদ রাব্বী (৩০), ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ডের পেয়ার মাস্টারের ছেলে গালিব (২১), ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে গোলাম রহমান জিগানী (৩৫), উত্তর সহবেনপুর এলাকার ইদ্রিস ভূঞার ছেলে সাকির হোসেন ফাহিম (২৫), আলোকদিয়া এলাকার ফারুকের ছেলে অয়ন (১৯) ও ফেনী পৌরসভার কামাল, সড়ক এলাকার সায়মন (২২)। এরমধ্যে মোহাম্মদ জামিউল ইসলাম, মোহাম্মদ ইফতেখার আহমেদ, মোহাম্মদ তাসফিক ইসলাম, ইসতিয়াক মাহমুদ, শাওন সাইমুন চৌধুরী ও মো. হাসান ইশানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে উপরোল্লিখিত তথ্য।

পুলিশের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, একজন চাকরি করে বেতন পায় ১৪ হাজার টাকা। তাকে মিছিলে অংশ নেওয়ার জন্য বেতনের অর্ধেক দিবে বলায় সে অংশ নেয়। একইভাবে এরকম আরো দুইজন ৫ হাজার ও ৩ হাজার টাকার বিনিময়ে মিছিলে অংশ নেয়। এছাড়া মিছিলের পেছন থেকে কারা নেতৃত্ব দিচ্ছে, কারা যোগাযোগ করছে ও অর্থের জোগানদাতা কারা এসব তথ্য জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বলে পুলিশ জানায়।

অন্যদিকে গোয়েন্দা সংস্থা ও দলটির একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, মিছিলের জন্য আওয়ামী লীগের টার্গেট এখন শিশুরা। শিশুদের টার্গেটের কারণ হলো, যেন গ্রেপ্তার হলে দ্রুত বের করে নিয়ে আসা যায়। মিছিলে অংশ নেওয়ার জন্য বিনিময় হিসেবে অনেককে দুই হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের টাকা অফার দেওয়া হয়। এরমধ্যে নেতৃত্ব দেওয়া শর্তে ৫ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত অফার দেওয়া হয়। এছাড়া গ্রেপ্তার হলে ১৫ দিনের মধ্যে ছাড়িয়ে নিয়ে আসার আশ্বাসও দেওয়া হচ্ছে নেতাদের থেকে। একদিকে ভারত থেকে আলাউদ্দিন নাসিম ও অন্যদিকে মালয়েশিয়া থেকে নিজাম উদ্দিন হাজারী মিছিলের বিষয়গুলো তদারকি করে থাকেন।

তদারকির পেছনে ফেনী সদর, ফেনী পৌর, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতারাও তদারকি করে থাকেন বলেন দলটির একটি সূত্র জানায়।

সূত্রটি আরো জানায়, মিছিলের জন্য মাস্টারপাড়া, স্টেশন রোড ও নিজাম হাজারীর বাড়ির আশপাশ এলাকা তল্লাশি করা হয়। এছাড়া ভোর ৫টা থেকে ৬টা বা সাড়ে ৬টার মধ্যে করে ফেলার পরিকল্পনা করা হয়। অন্যদিকে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে মিছিলের পরিকল্পনা করেছিল বলে গোয়েন্দা সংস্থা ও দলটির একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়।

অবশ্য আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধির পেছনে পুলিশের একটি চক্র ও বিএনপির কতিপয় সুবিধাভোগী নেতা এমনকি কয়েকজন গণমাধ্যমকর্মীরও যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলসহ যে কোনো কর্মসূচি ঠেকাতে ইতোমধ্যে মাঠে তৎপর রয়েছে পুলিশ।

আওয়ামী লীগের তৎপরতার বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজীম কালবেলাকে বলেন, পুলিশের অভিযান অব্যাহত আছে। যেকোনো তৎপরতা ঠেকাতে পুলিশ মাঠে কাজ করছে।

ফেনীর নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কালবেলাকে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশের বিভিন্ন ইউনিট এ নিয়ে কাজ করছে। যেকোনো অবৈধ তৎপরতা শক্ত হাতে দমন করা হবে।

সুত্র: দৈনিক কালবেলা

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

চট্টগ্রাম বন্দরের অকশন (নিলাম) শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বন্দরের স্টেডিয়ামসংলগ্ন অকশন শেডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তাদের সমন্বিত চেষ্টায় সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা কুলিং কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত শ্যামসিদ্ধি এলাকার শামসুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে মত্তগ্রাম সড়কের ওপর এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর তাকে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহত যুবকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি সড়কে পড়ে ছিল। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্রাজিল-আর্জেন্টিনার

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার প্রতি সংহতি ও সহায়তার বার্তা জানিয়েছে লাতিন আমেরিকার একাধিক দেশ। বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের নেতারা দুর্গতদের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন। খবর আল-জাজিরার।

বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ বলেছেন, ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি বলিভিয়ার জনগণের হৃদয় থেকে সমবেদনা রয়েছে। তিনি জানান, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে দেশটি প্রস্তুত।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, তিনি ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কারাকাসে অবস্থিত দূতাবাসকে ভেনেজুয়েলাকে কী ধরনের সহায়তা দেওয়া যেতে পারে তা মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।

উরুগুয়ের প্রেসিডেন্ট যমন্দু ওরসি ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, ভেনেজুয়েলা সরকার যে ধরনের সহযোগিতা প্রয়োজন মনে করবে, উরুগুয়ে তা দিতে প্রস্তুত।

অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্সি এক বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছে। দেশটির বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই দুই দেশের সরকারের মধ্যে মতপার্থক্য থাকলেও এই প্রাকৃতিক দুর্যোগের সময় ভেনেজুয়েলার প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

১৯৫৮ সালের পর যে কীর্তি আর ছুঁতে পারেনি ব্রাজিল

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যেন পুরো আমেজটাই নষ্ট করে দিল! নয়তো বৃহস্পতিবার ভোরে মায়ামির মাঠে ইতিহাসের পাতায় যুক্ত হতে পারত নতুন এক অধ্যায়। যে ইতিহাস ব্রাজিলের ফুটবল ইতিহাসে থমকে আছে ১৯৫৮ সালের পর থেকে।

‘ফুটবল সম্রাট’ কিংবা ‘কালো মানিক’— যে নামেই ডাকেন না কেন, ব্রাজিলের হয়ে বিশ্বকাপে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে ফ্রান্সের বিপক্ষে সেই কীর্তি গড়েছিলেন তিনি। এরপর কত সময় পেরলো, কত বিশ্বকাপ এলো-গেলো, কিন্তু ব্রাজিলের কোনো ফুটবলার বিশ্বকাপে আর হ্যাটট্রিকের দেখা পাননি।

অথচ এই দীর্ঘ সময়ে কত রথী-মহারথী ব্রাজিলের হলুদ জার্সিতে বিশ্বজয় করেছেন। হ্যাটট্রিকের সেই দীর্ঘ খরা আজ কেটে যেতে পারত ভিনিসিয়ুস জুনিয়রের হাত ধরে। কিন্তু বিধি বাম! ভিএআর বাতিল করে দেয় ভিনির একটি গোল। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতে দারুণ দক্ষতায় ট্যাপ-ইনে প্রথম গোল করেন তিনি। এরপর প্রথমার্ধের শেষদিকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন। মাঝের ২২ মিনিটের গোলটি বাতিল না হলে বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিকের স্বাদ পেতে পারতেন ব্রাজিলের এই সুপারস্টার।

হয়তো নাম লিখাতে পারতেন, পেলের পাশে কিংবা লিওনিদাস ডি সিলভা বা আদেমির দে মেনেজেসের পাশে। যারা পেলেরও আগে বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন। তালিকাটা মাত্র তিনজনের। ভিনিসিয়ুস হতে পারতেন নবতম সংযোজন।

সেখানে না পারলেও আরেকটি অসাধারণ কীর্তিতে এই উইঙ্গার নিজেকে জড়িয়ে নিয়েছেন। পঞ্চম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে গোল করার অসাধারণ কীর্তি গড়েছেন। মরক্কোর বিপক্ষে দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন ভিনিসিয়ুস। পরের ম্যাচে হাইতির বিপক্ষেও এক গোলের দেখা পান তিনি। আজ স্কটল্যান্ডের বিপক্ষে তার গোল সংখ্যা দুটি।

সব মিলিয়ে চার গোল করে ভিনিসিয়ুস রয়েছেন দারুণ ফর্মে। এর আগে বিশ্বকাপের প্রথম পর্বে তিন ম্যাচে গোল করার রেকর্ড আছে জাইরজিনহো (১৯৭০), রোমারিও (১৯৯৪), রোনালদো (২০০২) ও রিভালদোর (২০০২)।

আকর্ষণীয় বিষয় হলো, ২০০২ সালের পর ব্রাজিল আর বিশ্বকাপ জিততে পারেনি। সেবার রোনালদো ও রিভালদোর পারফরম্যান্স ছিল ঠিক এমনই চোখধাঁধানো। এবার ভিনিসিয়ুস ও কুনহা যেন সেলেসাওদের সেই সোনালি দিনগুলোর ছাপই ফিরিয়ে আনছেন। গ্রুপ পর্বের এই আগুনে পারফরম্যান্স দেখে সাম্বা ভক্তদের মনে এখন বড় প্রশ্ন— এবার কি তবে ঘুচবে ২৪ বছরের খরা? হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের স্বপ্ন কি সত্যি করতে পারবে সেলেসাওরা?

প্রচণ্ড গরম থেকে বাঁচতে পানিতে নেমে ফ্রান্সে ৪০ জনের মৃত্যু

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। নতুন নতুন তাপমাত্রার রেকর্ড তৈরি হচ্ছে, জারি করা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেনে।

ফ্রান্সে মঙ্গলবার দেশের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন রেকর্ড করা হয়েছে। জাতীয় গড় তাপমাত্রা পৌঁছেছে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তাপপ্রবাহ থেকে বাঁচতে মানুষ বেশি পানিতে নামছে। গত এক সপ্তাহে নদী ও জলাশয়ে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। অধিকাংশই তরুণ।

রাজধানী প্যারিসে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর আশঙ্কায় বিখ্যাত পর্যটনকেন্দ্র আইফেল টাওয়ার ও লুভর জাদুঘরের দর্শন সময় সীমিত করা হয়েছে।

যুক্তরাজ্যে বিরল ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। তীব্র গরমের কারণে শত শত স্কুল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, লন্ডনসহ দক্ষিণ ইংল্যান্ডের কিছু এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যা জুন মাসের নতুন রেকর্ড হতে পারে।

ইতালির ১৬টি শহরে তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রোম, মিলান, তুরিন ও ভেনিসের মতো শহরে মানুষকে দিনের সবচেয়ে গরম সময়ে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের কারণে কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে।

অন্যদিকে স্পেনে তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করেছে। তবে দেশটির উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় এখনও উচ্চমাত্রার সতর্কতা বহাল রয়েছে। এর আগে আন্দালুসিয়া অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ আরও তীব্র ও ঘন ঘন হচ্ছে। গবেষণায় দেখা গেছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এবারের তাপপ্রবাহ গড়ে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত চার বছরে ইউরোপে তাপজনিত কারণে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞরাও সতর্ক করেছেন, আগামী বছরগুলোতে আরও নতুন তাপমাত্রার রেকর্ড তৈরি হতে পারে।

সূত্র: ইউরো নিউজ

বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এটি দুই দলের মধ্যে প্রথমবারের মতো স্বাক্ষরিত কোন সমঝোতা স্মারক৷

জাজিরার বিএনপি নেতা সুরুজ মাদবর ও তার পুত্রের বিরুদ্ধে মামলা ষড়যন্ত্রমূলক: নিন্দা ও ক্ষোভ

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ মাদবর এবং তার ছেলে স্বাধীন মাদবরের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে দাবি করেছেন, জাজিরা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাচ্চু সহ দলীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সুরুজ মাদবর ও তার পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ মামলা দায়ের করেছে।

তাদের দাবি, যে জায়গাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়েছে, সেটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গভীরভাবে তদন্ত করা হলে প্রকৃত দোষীদের শনাক্ত করা সম্ভব হবে। নিরপরাধ ব্যক্তিদের হয়রানি কিংবা সম্মানহানির চেষ্টা কোনোভাবেই কাম্য নয় বলেও তারা উল্লেখ করেন।

নেতারা আরও বলেন, দলীয় প্রভাব খাটিয়ে আইনকে প্রভাবিত করার কোনো চেষ্টা কখনো করা হয়নি। বরং তারেক রহমান-এর আদর্শে অনুপ্রাণিত নেতাকর্মীরা আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের প্রতি সম্মান দেখিয়ে আদালতে হাজির হয়েছেন।

এ ঘটনায় জাজিরা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের কান্না, শোকাচ্ছন্ন ভেনেজুয়েলা

শক্তিশালী দুটি ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ উদ্ধারকর্মীদের সামনে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়ায় নিখোঁজ মানুষের সন্ধানে কাজ করছে উদ্ধারকারী দল। বৃহস্পতিবার আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এমন চিত্র উঠে আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের পর মুহূর্তেই বহু ভবন মাটিতে ধসে পড়ে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখনো সাহায্যের আকুতি ও আর্তনাদ শোনা যাচ্ছে।

উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জ দেখা দিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সতর্ক করেছে, এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। যদিও ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এখনো হতাহত ও ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি।

এদিকে আন্তর্জাতিক সহায়তার হাতও বাড়তে শুরু করেছে। বিভিন্ন দেশ উদ্ধারকর্মী, চিকিৎসা সহায়তা ও ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সংকটময় এই পরিস্থিতিতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান।

ম্যাচ শেষে অশ্রুসিক্ত নেইমার

নামটা তার নেইমার জুনিয়র হলেও সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি ছিলেন ভীষণ কঠোর। বিশ্বকাপের দল ঘোষণার আগে সাফ জানিয়ে দিয়েছিলেন, শতভাগ ফিট না হলে কেবল নামের জোরে দলে জায়গা পাবেন না নেইমার। তবে সব শঙ্কা উড়িয়ে আনচেলত্তি যখন তাকে চূড়ান্ত দলে রাখলেন, তখন একবার কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সেই কান্নার পুনরাবৃত্তি হলো, তবে এবার ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে জড়িয়ে মাঠে ফেরার আনন্দে। দীর্ঘ ৯৮১ দিন পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন এই তারকা ফরোয়ার্ড। বহু প্রতীক্ষিত এই প্রত্যাবর্তন শুধু একটি ম্যাচে অংশ নেওয়া নয়, বরং দীর্ঘ ইনজুরি, হতাশা ও মাঠের বাইরে থাকার যন্ত্রণার পর এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি।

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের আগেই কোচ আনচেলত্তি নিশ্চিত করেছিলেন নেইমার আজ খেলবেন। তবে ম্যাচের শুরুতে একাদশে না থেকে বেঞ্চে ছিলেন তিনি। ম্যাচের ৭৬তম মিনিটে মাতেউস কুনহার পরিবর্তে যখন নেইমার মাঠে প্রবেশ করেন, তখন গ্যালারিতে উপস্থিত হাজারো সমর্থকের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। দীর্ঘদিন পর প্রিয় তারকাকে জাতীয় দলের জার্সিতে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা।

এই ম্যাচে মাঠে নেমে নতুন ইতিহাসও গড়েছেন নেইমার। টানা চতুর্থ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের বিশেষ তালিকায় নাম লিখিয়েছেন তিনি। যদিও মাঠে সময় পেয়েছেন অল্প, তবুও তার প্রত্যাবর্তনই ছিল ম্যাচের অন্যতম বড় আকর্ষণ।

ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েন। চোখ মুছতে দেখা যায় তাকে। দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে জাতীয় দলে ফেরার অনুভূতি স্পষ্ট ছিল তার মুখে। এ সময় সমর্থকরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে অবশ্য স্ত্রী ও কন্যার সঙ্গে মাঠের পাশে দেখা হওয়ার পর সেই আবেগঘন মুহূর্ত হাসিতে রূপ নেয়।

ডান পায়ের কাফ ইনজুরির কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সম্প্রতি পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। ব্রাজিলের হয়ে ১২৯ ম্যাচে ৭৯ গোল করা এই ফরোয়ার্ড এখনও দেশের ফুটবল ইতিহাসের অন্যতম প্রভাবশালী খেলোয়াড়।

এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, আর একটি গোল করেছেন কুনহা। ম্যাচের সপ্তম মিনিটেই গোলের খাতা খুলে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। প্রথমার্ধের শেষদিকে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি।

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি আরও আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমরা শিগগিরই চীনে আমাদের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে চীনের বেইজিংয়ে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের চেয়ারম্যান রেন হংবিন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে, আপনাদের সঙ্গে আরও নিয়মিত কথা বলতে এবং আগ্রহ থেকে সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে আপনাদের সাহায্য করতে চাই। আমরা চীনের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করার জন্যও কাজ করছি, যাতে বিনিয়োগকারীরা আরও শক্তিশালী আস্থা, সুস্পষ্ট সুরক্ষা এবং বিনিয়োগের জন্য একটি আরও আধুনিক কাঠামো পেতে পারেন।

তিনি বলেন, এখন চীনা বিনিয়োগকারীদের জন্য শীর্ষ বিনিয়োগ প্রচার সংস্থা বিডার একটি বিশেষায়িত সম্পর্ক ব্যবস্থাপনা ডেস্ক রয়েছে। আপনারা যেমন দেখেছেন, চীনা বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষায়িত ওয়েবসাইটও রয়েছে, যাতে বিভিন্ন খাতের সুযোগ, প্রণোদনা এবং প্রক্রিয়াগুলো আরও সহজে পাওয়া যায়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের বৃহত্তর বিনিয়োগ পরিকাঠামো উন্নত করার জন্যও কঠোর পরিশ্রম করছি। সরকার একটি নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যার ফলে নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১৫ দিনেরও কম সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। আমরা সম্প্রতি জাতীয় বাজেট ঘোষণা করেছি, যেখানে আমরা নবায়নযোগ্য জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল পরিকাঠামো, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্পের মতো আমাদের অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য খাত-ভিত্তিক প্রণোদনা ও নীতিগত সুবিধা ঘোষণা করেছি। এই সমস্ত উদ্যোগের একটিই উদ্দেশ্য: বিনিয়োগকারী এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন আরও সহজে, আত্মবিশ্বাসের সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে বাংলাদেশে আসতে পারে তা নিশ্চিত করা।

সবশেষে তারেক রহমান বলেন, আমি এখানে দাঁড়িয়ে এটা বলব না যে, সবকিছু নিখুঁত। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমরা সমস্যাগুলো সম্পর্কে অবগত, আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং আমরা সেগুলোর সমাধান অব্যাহত রাখব। বাংলাদেশে আসুন। বাংলাদেশে বিনিয়োগ করুন। আসুন, আমরা সমতার এক প্রকৃত অংশীদারিত্বে একসঙ্গে সমৃদ্ধি লাভ করি।

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আসতে পারে সুসংবাদ

আগামী মাস থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসবে।

বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। চলমান বিভিন্ন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পাবেন।’

ওসমানী বিমানবন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, ‘প্রবাসীদের সেবার মান উন্নয়নে বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার বিষয়ে কাজ চলছে। পাশাপাশি প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা অসুবিধার সম্মুখীন না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

মন্ত্রী জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধা বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত এবং বিমানবন্দরে শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।’

কাতারে নিহত বাংলাদেশিদের বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে আরিফুল হক বলেন, ‘নিহতদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।’

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ ও শ্রম মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিরিয়ানি খাওয়ার লোভে পড়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান ও কেক কাটার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মো. মজনু তালুকদার (২৭) ও একই গ্রামের মন্টু মোল্যার ছেলে মোতায়ের মোল্যা (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে লোহাগড়া উপজেলার রেল স্টেশনে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ দিবাগত রাতে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আরও জানা যায়, তাদেরকে ‘জয় বাংলা’ স্লোগান ও কেক কাটার জন্য বিরিয়ানি খাওয়ানোর কথা বলে নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান নিশ্চিত করে বলেন, ‘তাদের আটকের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’

কক্সবাজারে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বিটিএসএফ মহাসচিব ও বিপিজেএফ সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং দৈনিক দিনকাল ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম হেলালীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় মহাসচিব, দৈনিক দিনকাল ও ডেইলি সানের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন শাওন এবং বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ রোমান আকন্দ।

সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জেলার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের ঐক্য, অধিকার ও কল্যাণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এ সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং পেশার উন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজিপুরে মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন ও কাজিপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আসলামের নেতৃত্বে এই মিছিল হয়। এই মিছিলে ২৫-৩০ জন নেতাকর্মী অংশ নেয়।

স্থানীয়রা জানান, মুখে মাস্ক পড়ে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মিছিলে অংশ নেয় দলটির নেতাকর্মীরা।

কাজিপুর থানা পুলিশ জানায়, ঝটিকা মিছিলের ব্যাপারে তারা কিছু জানেন না। তবে নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের অপতৎপড়তা রুখতে পুলিশ সতর্ক রয়েছে।

অসাধারণ সেই গোল, কিন্তু শেষ হাসি হাসল ভিএআর

ফুটবল ম্যাচে মুহূর্তের আনন্দ কীভাবে নিমিষেই হতাশায় রূপ নিতে পারে, তার বড় সাক্ষী হলো ২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগাল বনাম উজবেকিস্তানের ম্যাচটি। হিউস্টনের মাঠে উজবেকিস্তানের আজিজ গানিয়েভের করা ২৫ গজ দূর থেকে বুলেট গতির এক গোল যেন দর্শকদের চোখ ধাঁধিয়ে দিয়েছিল, কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সেই মুহূর্তটি কেড়ে নিল।

ঘটনাটি ঘটে ম্যাচের ২৯তম মিনিটে। পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলোর কাছ থেকে বল কেড়ে নেওয়ার প্রক্রিয়ায় উজবেকিস্তানের ফায়জুল্লাহয়েভ ফাউল করেছিলেন। ঠিক সেই সুযোগেই বল পেয়ে আজিজ গানিয়েভ প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে দেন। স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক তখন সেই অসামান্য গোল দেখে উল্লাসে ফেটে পড়েন, যাকে অনেকে ‘স্মরণকালের সেরা গোল’ হিসেবে আখ্যায়িত করার প্রস্তুতি নিচ্ছিলেন।

তবে গোল উদযাপনের রেশ না কাটতেই ভিএআর চেক শুরু হয়। রেফারি জালাল জায়েদ রিপ্লে দেখে নিশ্চিত হন যে, বলটি পাওয়ার মুহূর্তে ফায়জুল্লাহয়েভ ফাউল করেছিলেন। ফলে নিয়মানুযায়ী রেফারি গোলটি বাতিল ঘোষণা করেন। এমন বিস্ময়কর এক মুহূর্ত বাতিল হয়ে যাওয়ায় উজবেকিস্তান শিবির ও তাদের সমর্থকদের জন্য এটি ছিল এক বড় আফসোসের বিষয়, কারণ তখন পর্তুগাল ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক সুযোগ হাতছাড়া হলো তাদের।

রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ মো. ফিরোজ আহম্মেদ (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৪ জুন) রায়গঞ্জ থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের আমতলা এলাকায় আ. হান্নান শেখের মুদিদোকানের সামনে অভিযান চালিয়ে ফিরোজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের দুটি জাল নোট উদ্ধার করা হয়।
আটক ফিরোজ আহম্মেদ চান্দাইকোনা ইউনিয়নের কাবারীপাড়া গ্রামের মো. বাচ্চু শেখের ছেলে।
পুলিশ জানায়, জাল নোট আসল টাকা হিসেবে বাজারে প্রচলনের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪৮৯(খ) ও ৪৮৯(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, জাল টাকা প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক ব্যক্তির কাছ থেকে দুই হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “জাল টাকা সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”

অবসরের ইতি টেনে আবার মাঠে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

ফুটবল থেকে বিদায় নেওয়ার এক যুগেরও বেশি সময় পর আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্না এফসিতে যোগ দিয়েছেন সাবেক ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ফুটবল বিশ্বকে বিস্মিত করা এই প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করেছে রয়টার্স।

২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন রোনালদিনহো। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে কাটালেও ফুটবলের প্রতি তার ভালোবাসা যে একটুও কমেনি, সেটাই যেন আবারও প্রমাণ করলেন ব্রাজিলিয়ান জাদুকর।

রাভেন্নায় যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস লুকাননি তিনি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, বহু বছরের বন্ধুত্বের সূত্র ধরেই এই সুযোগ এসেছে এবং তিনি নতুন এই যাত্রা নিয়ে ভীষণ আনন্দিত। একই সঙ্গে তিনি আশা করছেন, তার এই সিদ্ধান্ত অন্যদেরও নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।

রাভেন্নায় যোগ দেওয়ার বিষয়ে রয়টার্সকে রোনালদিনহো বলেন, ‘এত বছর ধরে চিপ্রিয়ানি পরিবারের সঙ্গে এবং আমাদের অন্য বন্ধুদের সঙ্গে যে বন্ধুত্ব গড়ে উঠেছে, তারই ধারাবাহিকতায় এই সুযোগটি এসেছে। আমি ভীষণ আনন্দিত। আমরা আশা করি, সবকিছু ভালোভাবেই এগোবে।’

তিনি বলেন, ‘আমরা বহু বছরের বন্ধু। তাই পুরো বিষয়টি ছিল খুবই সহজ, সরাসরি এবং স্বাভাবিক। আমরা দুজনই চাই রাভেন্না সফল হোক, ক্লাবটির সবকিছু ভালোভাবে এগিয়ে যাক। আমাদের চিন্তাভাবনাও অনেকটাই একই রকম। আর সে কারণেই আমরা একসঙ্গে এই পথচলা শুরু করেছি।’

ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলের ছোট্ট শহর রাভেন্নার ক্লাবটি সাধারণত আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের আলোচনায় খুব একটা থাকে না। মাত্র ১২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম নিয়ে সিরি সি-তে খেলে তারা। কিন্তু রোনালদিনহোর আগমনে মুহূর্তেই বিশ্বজুড়ে পরিচিতি পেয়ে গেছে ক্লাবটি।

রাভেন্নার মালিক ইগ্নাজিও চিপ্রিয়ানি ২০২৪ সালে ক্লাবটি কিনেছিলেন সিরি আ-তে তোলার স্বপ্ন নিয়ে। তার কাছে রোনালদিনহো শুধু একজন ফুটবলার নন, বরং শৈশবের অনুপ্রেরণার নাম। চিপ্রিয়ানি বিশ্বাস করেন, ব্রাজিলিয়ান কিংবদন্তির উপস্থিতি ক্লাবের পরিচিতি ও জনপ্রিয়তা বহুগুণ বাড়িয়ে দেবে।

তবে রোনালদিনহো নিয়মিত খেলবেন কি না, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার ভূমিকার একটি বড় অংশ ক্লাবের প্রচারণা ও ব্র্যান্ডিং ঘিরেও হতে পারে। যদিও ক্লাব কর্তৃপক্ষ তাকে নিবন্ধিত খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং মাঠে নামার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেয়নি।

রোনালদিনহো বলেন, ‘আমি আশা করি, এর (আমার এই সিদ্ধান্তের) প্রভাব যেন সবচেয়ে ইতিবাচকভাবেই পড়ে। অন্যরাও যেন অনুপ্রাণিত হয়, নিজেদের পথচলা চালিয়ে যেতে পারে এবং নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ পায়—ঠিক যেমন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি।’

২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার বার্সেলোনা, এসি মিলান, পিএসজি ও ব্রাজিল জাতীয় দলের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। ক্যারিয়ারের গোধূলিবেলায় এসে আবারও বুটজোড়া পরে নতুন গল্প লেখার সুযোগ পেয়েছেন তিনি। এখন দেখার বিষয়, রাভেন্নার জার্সিতে রোনালদিনহো সত্যিই মাঠে নামেন কি না, আর নামলে সেই পুরোনো জাদুর কতটা দেখা যায়।

চীনে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচায় স্বাগত

চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৪) বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ চীনের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে রেলস্টেশন থেকে থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের দিয়াওইউতাই গেস্ট হাউসে (রাষ্ট্রীয় অতিথি ভবন) নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীসহ সফর সঙ্গীরা এই গেস্ট হাউসেই থাকবেন।

এর আগে স্থানীয় সময় বেলা ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই স্পিড ট্রেনযোগে (বুলেট ট্রেন) বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

বেইজিংয়ে আসার আগে প্রধানমন্ত্রী সকালে চীনের দালিয়ানে ‘দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ স্থানীয় সময় সকাল ১০টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোসে’ বার্ষিক সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জলবায়ু সহনশীলতা তৈরিতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করেন। তার সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় আলোইস জভিংগি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

গত সোমবার মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নিয়ে মালয়েশিয়া ও চীনে এটা তার প্রথম সফর।

যে কারণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে বাধা হয়ে দাঁড়ালেন সামিদুল

সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা কমিটিতে গঠনতন্ত্র উপেক্ষা করে আইন লঙ্ঘন করে অনৈতিক পন্থায় সদস্য হতে না পারায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে সামিদুল নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে।

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের অন্তর্গত রহিমপুর গ্রামে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালনা কমিটি গঠনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আহ্বানে সভাপতি পদে নিজ গ্রামের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সভাপতি নিযুক্ত করে পূর্ণাংগ কমিটি করার উদ্যেগ গ্রহণ করে গ্রামবাসি।

পরিপত্র অনুযায়ী কমিটি গঠনকল্পে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল মতিন ৩ বার সভা আহ্বান করেন। কিন্তু পার্শবর্তী চর ধোপাপাড়া গ্রামের মোঃ জয়নালের ছেলে সামিদুল নিজে সভাপতি হওয়ার জন্য কিছু বখাটে ছেলেপেলে সঙ্গে নিয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ভীতি প্রদর্শন করে কমিটি গঠনের শান্তি পূর্ণ পরিবেশ উত্তপ্ত ও বিনষ্ট করে।

জানা যায়, সামিদুল তার সন্তান মোছাঃ সিনহা খাতুন শহরের হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। কিন্তু অসৎ উদ্দেশ্যে অবিভাবক সদস্য হয়ে সভাপতি হওয়ার জন্য হটাৎ করে তার সন্তানকে নিয়ে এসে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে চাপ সৃষ্টি করে। এলাকার বখাটে ছেলেপেলে সঙ্গে নিয়ে ভীতি প্রদর্শন। দলীয় নেতাদের দিয়ে ফোন করে প্রভাব খাটানো। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশে প্রাথমিক ভাবে ক্লাস করার অনুমতি দেয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সামিদুলের এমন কর্মকাণ্ডে চরমভাবে সংক্ষুব্ধ রহিমপুর গ্রামবাসি। গ্রামবাসির অভিযোগ একদিকে এলাকায় শান্তুি ও আইন শৃঙ্খলা বিনষ্ট করছে, অন্যদিকে প্রতিষ্টানে অবস্থিত গ্রামের মান সম্মান, এবং ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

গ্রামবাসীরা বলছেন, ‘‘রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা কমিটিতে নৈতিকতা বর্জিত টাউট বাটপার ও বহিরাগত কোন ব্যক্তিকে গ্রহণ করবোনা আমরা। আমাদের গ্রামের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই সভাপতি নিযুক্ত করবো। শান্তি পূর্ণ কার্যক্রম যেন সামিদুলের কারনে বিনষ্ট না হয় এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।’’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘‘সামিদুল সাহেব তার মেয়েকে ভর্তি করতে আসে কিন্তু এখন জুন মাস চলে কোন ভাবেই ভর্তি করা সম্ভব নয়। পরবর্তীতে আমি বিষয়টি আমাদের (স্যার) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানোর পর বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা কমিটিতে না থাকার শর্তে ভর্তি করেছি। ম্যানেজিং কমিটিতে সামিদুল সাহেবের থাকার সুযোগ নেই।’’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান বলেন, ‘‘আমি বিষয়টি সম্পর্কে অবগত। সামিদুল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তো দূরের কথা ম্যানেজিং কমিটির সদস্যও হতে পারবেনা। আমার হাতে কমিটির সদস্যদের যে তালিকা রয়েছে তাতে সামিদুলের নাম নেই।’’

এ বিষয়ে জানতে সামিদুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, সামিদুল ইসলাম ভুয়া এনজিও খুলে সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গ্রাহকদের প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে ২০২০ সালে গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়। তৎকালীন সেই নিউজে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একাধিক মামলার আসামিও তিনি।

ব্রাজিল-স্কটল্যান্ড লড়াইয়ের আগে জো কোলের চমকপ্রদ ভবিষ্যদ্বাণী

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে স্কটল্যান্ড। সাবেক ইংলিশ তারকা জো কোল মনে করেন, ম্যাচের সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যা স্কটিশদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হতে পারে।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ায় খেলতে হবে দুই দলকে। জো কোলের মতে, এই পরিস্থিতি ব্রাজিলের জন্য সুবিধাজনক হলেও স্কটল্যান্ডের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।

স্কটল্যান্ড টুর্নামেন্টে হাইতিকে হারিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে হেরে যায়। ফলে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে ব্রাজিলের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেতে চাইবে স্টিভ ক্লার্কের দল। ড্র করতে পারলে সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।

তবে জো কোল স্কটল্যান্ডের সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী নন। তার মতে, মায়ামির প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্রাজিলের বিপক্ষে খেলাটা টুর্নামেন্টের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি।

কৌতুকের সুরে কোল বলেন, ‘ফিফা যেন স্কটল্যান্ডকে ফাঁদে ফেলেছে। মায়ামিতে বিকেল ৫টায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ। এটাই সম্ভবত পুরো টুর্নামেন্টের সবচেয়ে কঠিন ম্যাচ। আমার মনে হয় তাদের কোনো সুযোগই নেই। এমন গরমে খেলেছি আমি, প্রথমার্ধ পার করতে হয়তো ছয়-সাতটি হাইড্রেশন ব্রেক লাগবে!’

অন্যদিকে ব্রাজিলও নকআউটে নিশ্চিন্ত নয়। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ই তাদের প্রধান লক্ষ্য।

ব্রাজিলের তারকাবহুল আক্রমণভাগ এবং আবহাওয়ার সুবিধা বিবেচনায় ম্যাচে সেলেসাওদেরই এগিয়ে রাখছেন অনেক বিশ্লেষক। তবে স্কটল্যান্ডের লড়াকু মানসিকতা ম্যাচটিকে জমিয়ে তুলতে পারে বলেও মত ফুটবলবিশ্বের।

মাইজদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সুধারাম মডেল থানাধীন নোয়াখালী পৌরসভার মাইজদী এলাকার গ্র্যান্ড হোটেলের ৪ নম্বর কেবিনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চন্দ্রপুর এলাকার আবুল হোসেন (৪০) ও একই এলাকার রোমান হোসেন (৩১)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ চক্রবর্তী সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আসামিদের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রাণীনগরে দুই বছর ধরে দাপ্তরিক কাজ না করেই বেতন তুলছেন একাডেমিক সুপারভাইজার

নওগাঁর রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার পদে থাকা কামরুল হাসানের বিরুদ্ধে দাপ্তরিক কাজ না করেই নিয়মিত বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। গত দুই বছর ধরে কাগজে-কলমে এই পদে বহাল থাকলেও বাস্তবে তিনি টাঙ্গাইল জেলায় কর্মরত, যা গুরুত্বপূর্ণ এই পদের কার্যক্রমে জটিলতা সৃষ্টি করেছে।
জানা গেছে, কামরুল হাসান ২০১৫ সালের ১৫ মে রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমিক সুপারভাইজার হিসেবে যোগদান করেন। তৎকালীন সরকারের স্থানীয় নেতাদের ঘনিষ্ঠতার সুবাদে দীর্ঘ দশ বছর তিনি এই পদে প্রভাব বিস্তার করে রাখেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর তিনি অজ্ঞাত কারণে উপজেলার দাপ্তরিক কার্যক্রম থেকে অনুপস্থিত হয়ে যান, যদিও পদটি তার দখলেই থেকে যায়।
মাউশির ২০২৪ সালের ১৮ এপ্রিলের অফিস আদেশে তাকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সংযুক্ত করা হয়। পরে একই বছরের ২৭ অক্টোবরের আদেশে তাকে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসে স্থানান্তর করা হয়। অথচ এই দুই বছরে তিনি রাণীনগর উপজেলার পদটি ছাড়েননি এবং নিয়মিত সেখান থেকেই বেতন-ভাতা তুলে যাচ্ছেন। ফলে পদটি শূন্য না হওয়ায় নতুন কাউকে নিয়োগ দেওয়াও সম্ভব হচ্ছে না, যার প্রভাবে উপজেলার একাডেমিক শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর ফারুক আহমেদ মোল্লা বলেন, অফিসে বর্তমানে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে আছেন, সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য, এবং একাডেমিক সুপারভাইজার পদটি কাগজে থাকলেও বাস্তবে কোনো কার্যক্রম নেই, কারণ তিনি টাঙ্গাইলে কর্মরত। এ কারণে অফিসের নিয়মিত কাজেও সমস্যা হচ্ছে, এমনকি বেতন তুলতেও কয়েক দিন সময় লেগে যাচ্ছে। তবে দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কামরুল হাসান টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসে সংযুক্তির বিষয়টি নিশ্চিত করেন। বেতন তোলার প্রশ্নে তিনি বলেন, নিয়মানুযায়ী তিনি বেতন তুলছেন। তবে রাণীনগরে দাপ্তরিক কাজ কে সামাল দেবে—এই প্রশ্নের জবাবে তিনি অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন এবং একটি মিটিংয়ে থাকার কথা বলে কথা শেষ করেন।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল হাসান শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, তদারকি, শিক্ষক প্রশিক্ষণ ও মনিটরিং কার্যক্রম সচল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, শিক্ষা কার্যক্রমে গতি ফেরাতে জরুরি ভিত্তিতে একজন একাডেমিক সুপারভাইজার নিয়োগ প্রয়োজন।

আগৈলঝাড়ায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরণ সভা

আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।

এসময় আরও বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন। এসময় উপস্থিত ছিলেন ডা. মিরন হালদার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. সাহাত হোসেন ও স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন। তিনি ভিটামিন-এ ক্যাম্পেইনের তাৎপর্য তুলে ধরে বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন-এ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের দিন আগৈলঝাড়া উপজেলার ১২১টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪ হাজার ৮৮৯ জন শিশুসহ মোট ১৬ হাজার ৬৮৯ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মী, ইমাম-খতিব, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
বক্তারা বলেন, একটি সুস্থ শিশু মানেই একটি সমৃদ্ধ আগামীর বাংলাদেশ। তাই কোনো শিশুই যেন ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হবে এবং উপজেলার প্রতিটি শিশু এর সুফল লাভ করবে।

নওগাঁর সাপাহার সীমান্তে পুশইন চেষ্টা, ১২ ঘণ্টা ধরে খোলা আকাশের নিচে ৯ জন

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।
বুধবার (২৪ জুন) ভোর চারটার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি পিলারের উত্তর পাতাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ওই নয়জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং প্রবেশে বাধা দেয়। ফলে তারা বর্তমানে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
পুশইন চেষ্টার ১২ ঘণ্টা পার হলেও এখনো কোনো সুরাহা হয়নি। শূন্যরেখায় অবস্থানরত নয়জনের মধ্যে রয়েছেন তিনজন নারী, তিনজন শিশু ও তিনজন পুরুষ। খাবার-পানি ছাড়াই তপ্ত রোদে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় কাটাতে হচ্ছে তাদের।
দুপুর আড়াইটার দিকে বিএসএফের একটি দল বিজিবিকে জানায়, তাদের কোম্পানি কমান্ডার (সিও) চান যেন এই ব্যক্তিদের বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে নেওয়া হয়। কিন্তু এই দাবিতে সাড়া না দিয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
পাতাড়ী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ভোররাত থেকে তারা খোলা আকাশের নিচে আছেন, সঙ্গে নেই কোনো খাবার বা পানি। তাদের সঙ্গে থাকা তিন শিশুর কথা উল্লেখ করে তিনি বলেন, এই তপ্ত রোদে দীর্ঘ সময় থাকলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তিনি সরকারের কাছে দ্রুত এই সীমান্ত সমস্যার সমাধান চেয়েছেন।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে বলেও তিনি জানান। বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হলো

বকেয়া বিদ্যুৎ বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার এবং বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালতের রায়ে ৯ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে ৫ জন গ্রাহকের মিটার খুলে নেয়া হয়।

গতকাল বুধবার সকালে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও আগৈলঝাড়া জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির আগৈলঝাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমান, এজিএম মো. আরিফুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, আগৈলঝাড়া থানার এসআই মো. তারিকুল ইসলাম প্রমুখ।

ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমান জানান, আগৈলঝাড়ায় পূর্বের বকেয়া এবং চলতি বকেয়াসহ ৭ কোটি ৮৩ লক্ষ ৪৮ হাজার ৩৭৮ টাকা গ্রাহকদের কাছে পাওনা রয়েছে। চলতি জুন মাসে বকেয়া টাকা আদায়ের লক্ষে আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তারা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন থেকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ৯ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে ৫ জন গ্রাহকের মিটার খুলে নেয়া হয়। বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে এ অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে শুধু বকেয়া বিল আদায় বা সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম নয় বরং এটি ছিল বিদ্যুৎ ব্যবস্থাপনায় জবাবদিহিতা, সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই বিদ্যুৎ ব্যবহারে সকলের সচেতনতা, দায়িত্ববোধ এবং নিয়মিত বিল পরিশোধ অত্যন্ত জরুরী।

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে পিটিয়ে আহত

কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (৬৫) নামের এক বৃদ্ধকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে উত্তেজিত জনতা অভিযুক্তকে গণপিটুনি দেয়।​

আটককৃত আইয়ুব আলী ওই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নছরউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাওয়া-আসার পথে আইয়ুব আলী তার সঙ্গে ‘নানা-নাতনি’র সম্পর্ক গড়ে তোলেন। বুধবার সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যায় ওই বৃদ্ধ। একপর্যায়ে সে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আইয়ুব আলীকে হাতেনাতে আটক করেন।

এ ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত বৃদ্ধকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আইয়ুব আলীকে তাদের হাতে সোপর্দ করেন।

এদিকে ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এ জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল, যেভাবে দেখবেন ম্যাচ

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। আর যদি হয় ব্রাজিলের ম্যাচ, তবে তো ভক্তদের আগ্রহের কোনো কমতি থাকে না।

আজ দিবাগত রাত অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল।

ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে দেখা যাবে ব্রাজিল-স্কটল্যান্ডের খেলা। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশন।

এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা। এছাড়া পাড়া-মহল্লার বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ।

‘দ্য প্যারাডাইস’ কবে আসছে প্রেক্ষাগৃহে?

সাউথ ইন্ডিয়ান ন্যাচারাল স্টার ন্যানি অভিনীত বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দ্য প্যারাডাইস’ আগামী ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ‘দসরা’খ্যাত পরিচালক শ্রীকান্ত ওদেলার এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

শুরুতে সিনেমাটির মুক্তির তারিখ ২৬ মার্চ ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে ২১ আগস্ট নির্ধারণ করা হয়। প্রযোজনা প্রতিষ্ঠান এসএলভি সিনেমাসের পক্ষ থেকে প্রকাশিত পোস্টারেও এই তারিখ নিশ্চিত করা হয়েছে। ফলে আগামী আগস্টেই বড় পর্দায় ন্যানির নতুন চমক দেখতে পাবেন দর্শকরা।

সম্প্রতি সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলিউড অভিনেতা ও ড্যান্সার রাঘব জুয়ালের ফার্স্ট লুক। ‘বিক্রম মালিক’ নামের ভয়ংকর এক ভিলেন চরিত্রে দেখা যাবে তাকে। গলায় ভারী সোনার গহনা ও হিংস্র অভিব্যক্তিতে প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এক সাক্ষাৎকারে রাঘব বলেন, “শ্রীকান্ত ওদেলার সঙ্গে কাজ করা অসাধারণ অভিজ্ঞতা। ‘দসরা’ যারা দেখেছেন তারা জানেন, তিনি কতটা নিখুঁতভাবে কাজ করেন। ‘দ্য প্যারাডাইস’ দর্শকদের জন্য বড় এক চমক হতে যাচ্ছে।”

২০২৩ সালের ব্লকবাস্টার ‘দসরা’র পর এটি ন্যানি ও শ্রীকান্ত ওদেলার দ্বিতীয় যৌথ প্রজেক্ট। নির্মাতাদের দাবি, ন্যানিকে এবার সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে। অ্যাকশন, ড্রামা এবং বাস্তবধর্মী গল্পে ভরপুর এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশাও আকাশছোঁয়া।

সবকিছু ঠিক থাকলে আগামী ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’।

পেনশন ব্যবস্থায় বড় সংস্কারের ইঙ্গিত দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি চাকরি থেকে অবসরের পর পেনশন পেতে দীর্ঘদিনের জটিলতা ও হয়রানি কমাতে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করতে যাচ্ছে সরকার। নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পেনশনভোগীরা ঘরে বসেই আবেদন জমা দিতে, আবেদনের অগ্রগতি অনুসরণ করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশনসংক্রান্ত কাজে প্রায়ই বিলম্ব, প্রক্রিয়াগত জটিলতা এবং অপ্রয়োজনীয় অফিস যাতায়াতের মুখোমুখি হন। ওপিটিএমএস পুরোপুরি চালু হলে তারা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে ও আবেদনের অগ্রগতি জানতে পারবেন। এর ফলে দ্রুততম সময়ে পেনশন প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, সরকারি অফিসে না গিয়ে অনলাইনে সেবা পাওয়া গেলে তা দুর্নীতি কমানোর কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে।

শতভাগ পেনশন সমর্পণকারী পেনশনভোগীদের বিষয়ে মো. আব্দুল বারী বলেন, বিদ্যমান বিধান অনুযায়ী ১৫ বছরের পুনঃস্থাপন মেয়াদ শেষ হওয়ার আগে কোনো পেনশনভোগী মারা গেলে তার পরিবার পেনশন পুনঃস্থাপনের সুবিধা পায় না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে এ নীতি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী।

সভাপতির বক্তব্যে মো. এহছানুল হক বলেন, আগে সরকারি কর্মচারীদের কোনো সমন্বিত ডেটাবেস ছিল না। ফলে পেনশন মঞ্জুরির প্রক্রিয়া জটিল হয়ে উঠত। হালনাগাদ কর্মচারী ডেটাবেস সংরক্ষণ করা গেলে পেনশন অনুমোদনের প্রক্রিয়া অনেক সহজ হবে। তিনি পেনশনভোগীদের জন্য পৃথক হেল্প ডেস্ক স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন, যাতে অবসরপ্রাপ্ত কর্মচারী ও পারিবারিক পেনশনভোগীরা সহজে প্রয়োজনীয় সেবা পেতে পারেন।

অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, অবসরের পর অনেক পেনশনভোগী নানা জটিলতার কারণে অসহায় অবস্থায় পড়েন। ওপিটিএমএস ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করে তাদের আস্থা বাড়াবে। তিনি জানান, প্রথম পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীদের নিয়মিত পেনশন মামলার ক্ষেত্রে পাইলট ভিত্তিতে এ ব্যবস্থা চালু হবে। পরবর্তী সময়ে এটি অর্থ বিভাগ, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সব মন্ত্রণালয়, সংযুক্ত দপ্তর এবং মাঠপর্যায়ের কার্যালয়ে সম্প্রসারণ করা হবে। তিনি আরও বলেন, ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’ ব্যবস্থা চালু করা গেলে বৈষম্য কমবে এবং অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী বলেন, পেনশন-পরবর্তী ব্যবস্থাপনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পেনশনভোগীরা এখন পুরোপুরি ডিজিটাল সেবা পাচ্ছেন। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে পেনশন ব্যবস্থাপনার মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে, যা সেবাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করছে।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অর্থ বিভাগের বাজেট-১ অনুবিভাগের অতিরিক্ত সচিব ও এসপিএফএমএস কর্মসূচির জাতীয় কর্মসূচি পরিচালক ড. জিয়াউল আবেদীন। তিনি বলেন, জিপিএফ অটোমেশন, পেনশন-পরবর্তী সুবিধার অটোমেশন, অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল, টিএ/ডিএ মডিউল, ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ড ডেটাবেস এবং এলপিসি মডিউলসহ বিভিন্ন ক্ষেত্রে আইবাস++ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ওপিটিএমএস চালু হলে অবসর-পূর্ব পেনশন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে এবং অবসরপ্রত্যাশী কর্মচারীরা উন্নত সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্মশালার উন্মুক্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন অর্থ বিভাগের বাজেট ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হাসানুল মতিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসপিএফএমএসের পেনশন, ফান্ড ম্যানেজমেন্ট এবং আর্থিক প্রতিবেদন প্রণয়নের মান ও সময়ানুবর্তিতা বিষয়ক স্কিমের প্রোগ্রাম এক্সিকিউটিভ ও কো-অর্ডিনেটর ড. মাহফুজা বেগম।

বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে ব্যাংকের পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২টি। এর মধ্যে সঞ্চয়ী হিসাব ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫টি এবং ঋণ হিসাবের সংখ্যা এক কোটি ৫৩ লাখ ৭৬৭টি।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৬ সালের মধ্যে শতভাগ প্রাপ্ত বয়স্ক নাগরিকের আর্থিক অন্তর্ভুক্তির উদ্দেশ্য সরকার জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস) প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশে বর্তমান আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫০ শতাংশ।

কুড়িগ্রাম-১ আসনের আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংকিং সেক্টরে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের টাকা অবৈধভাবে বিদেশে পাচারের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি ব্যাংক তাদের ঋণের অর্থ উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে। খেলাপি ঋণ পুনরুদ্ধারের জন্য ব্যাংকগুলো ৯টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করে ‘নো উইন নো ফি’ শর্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।

তিনি আরও বলেন, এ সকল আইনি প্রতিষ্ঠান অভিযুক্ত ঋণ খেলাপিদের নামে বিদেশে থাকা অর্থ-সম্পদ চিহ্নিতকরণ এবং তা ফেরত আনার বিষয়ে ব্যাংকসমূহকে আইনি সহায়তা প্রদান করবে। প্রথম পর্যায়ে ৬টি কেইস (সাইফুজ্জামান চৌধুরী, এস. আলম, বেক্সিমকো, সিকদার, নাসা ও ওরিয়ন গ্রুপ) নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীকালে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

জামালপুর-৩ আসনের মুস্তফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত মার্চ ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ছিল ৭৮ হাজার ২৩৩ দশমিক ৪৪৮ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে কনসেশনাল এবং নন-কনসেশনাল ঋণের অনুপাত যথাক্রমে ৬১ দশমিক ৯৭ শতাংশ ও ৩৮ দশমিক শূন্য ৩ শতাংশ।

ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে রাজস্ব প্রদানকারী নিবন্ধিত ব্যক্তি/প্রতিষ্ঠানের সংখ্যা এক কোটি ৩৮ লাখ ২৯ হাজার ৪৮৬। আগের অর্থ বছরের তুলনায় এই সংখ্যা ১১ দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গাইবান্ধা-৪ আসনের মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের আওতায় চলতি অর্থ বছরে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশের ১৪ লাখ ১৪ হাজার ৪৩১ জন কৃষক উপকৃত হয়েছেন।

সংরক্ষিত আসনের মোসাম্মৎ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেসব ব্যাংক অর্থ সংকটের কারণে গ্রাহকের সঞ্চিত অর্থ ফেরত দিতে পারছে না, তাদের গ্রাহকদের অর্থ প্রদানের লক্ষে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে জরুরী তারল্য সহায়তা প্রদান করা হচ্ছে। জরুরি তারল্য সহায়তা হিসেবে গত ১৫ জুন পর্যন্ত ৭৫ হাজার ৯০৩ কোটি ১১ লাখ টাকা প্রদান করা হয়েছে।

সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৬৩টি ব্যাংক তাদের ১১ হাজার ৩২৬টি শাখা এবং চার হাজার ৯২৯টি উপশাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৭১ হাজার ৪৯৫টি কোটি টাকা। এর বিপরীতে এক লাখ ২৯ হাজার ৯০ কোটি ৪৫ লাখ টাকা (৭৫.৩০ শতাংশ)।

সরকারি ও বিরোধী দলের বেশ কয়েকজন সংসদ সদস্য একীভূত ৫ ইসলামী ব্যাংক নিয়ে পৃথক প্রশ্ন করেন। এসব প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি বা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসিকে ব্যাংক রেজোল্যুশন স্কিম, ২০২৫ এর আওতায় নেওয়া হয়েছে। রেজোল্যুশনের আওতায় থাকা এই পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। আমানত সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী ওই পাঁচ ব্যাংকের গ্রাহকদের সর্বোচ্চ ২ লাখ টাকা করে পরিশোধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে আরও যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে, সেগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ কাজ করছে। প্রয়োজন হলে ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেছেন, আমানত সুরক্ষা আইন, ২০২৬ এর আওতায় সুরক্ষিত আমানতের সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের চলতি হিসাবে আমানত সুরক্ষা তহবিল থেকে ইতোমধ্যে ১২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, গ্রাহকের অর্থ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক জরুরি তারল্য সহায়তা দিয়েছে। ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত জরুরি তারল্য সহায়তা হিসেবে ব্যাংকগুলোকে ৭৫ হাজার ৯০৩ কোটি ১১ লাখ টাকা দেওয়া হয়েছে।

মুদির দোকানও আসবে ভ্যাটের আওতায়

সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মুদির দোকান ও বিউটি পার্লারসহ বেশ কয়েক ধরনের ব্যবসায়িক খাতকে আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রীর তথ্য অনুযায়ী মুদির দোকান ও বিউটি পার্লারসহ যেসব ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে- তা হলো তৈরি পোশাক বা কাপড়ের বিক্রেতা, কনফেকশনারী, কসমেটিক্সের দোকান, প্লাস্টিকের ও সিরামিকের গৃহস্থালি পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস, মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের বিক্রেতা, পেইন্ট ও হার্ডওয়্যার এবং সেনিটারি ও ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভাণ্ডার ও রেস্টুরেন্ট। বিগত ২০২৪-২৫ অর্থ বছরে ভ্যাট বাবদ এক লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে মন্ত্রী জানান।

নিখোঁজ মাদক ব্যবসায়ীর সন্ধান চেয়ে মানববন্ধন, বন্ধ রেল চলাচল

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ এক মাদক ব্যবসায়ীকে জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার হরষপুর রেলস্টেশন এলাকায় শত শত গ্রামবাসী এ কর্মসূচি পালন করেন। এসময় উত্তেজিত জনতা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন প্রায় ৭ মিনিট আটকে রাখেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিখোঁজ ফুয়াদ হাসান সাকিব উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের বাসিন্দা সিরাজ আলীর ছেলে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সাকিবকে জীবিত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা বলেন, নিখোঁজের কয়েকদিন পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো তাকে উদ্ধার করতে পারেনি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

সাকিবের বাবা সিরাজ আলী ও স্বজনদের অভিযোগ, গত ২১ জুন গন্ধবপুর এলাকায় সাকিবের মাছের খামারে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালিয়ে ফুয়াদকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তারা এ ঘটনার জন্য রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়া ও তার সহযোগীদের দায়ী করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ সাকিব দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। এছাড়া তিনি মাছের খামার পরিচালনা করতেন। আসন্ন ধর্মঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ লক্ষ্যে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, দান-অনুদান এবং রাস্তাঘাট সংস্কারে অর্থ ব্যয় করতেন বলেও স্থানীয়দের দাবি।

গ্রামবাসী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাকিব ও রাজেন্দ্রপুর গ্রামের মাহফুজ মিয়ার পরিবারের সদস্যরা একসময় একই চক্রে চলাফেরা ও ব্যবসা করতেন। তবে প্রায় এক মাস আগে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

নিখোঁজের ঘটনায় সাকিবের বাবা সিরাজ আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ধর্মঘর এলাকার মনির, রুবেল, জুয়েল এবং সোয়াবই গ্রামের মাহফুজ মিয়ার ছেলে মামুন, শিমুলসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সাকিবের নিখোঁজ হওয়ার ঘটনার জেরে সোমবার সকালে রাজেন্দ্রপুর গ্রামে মাহফুজ মিয়ার পাকা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সাকিবের স্বজন ও সমর্থকদের একটি অংশ এ হামলা চালায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি।

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, সাকিব নিখোঁজের ঘটনায় থানায় মামলা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে মাহফুজ মিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ইরানের যুদ্ধ থামানোর পাশাপাশি লেবাননেও শান্তি চান গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের কাছে তার নিজ দেশের যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান ঘটানো। বুধবার (২৪ জুন) আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের নিউজ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে তিনি বলেন, আমাদের জন্য লেবাননের যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ এবং আরও গুরুত্বপূর্ণ হলো, লেবাননের যুদ্ধের অবসান ইরানের যুদ্ধের অবসানের মতোই জরুরি।

গত ১৪ই জুন, ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করা নিয়ে যে সমঝোতায় পৌঁছেছে তাতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদলের প্রধান গালিবাফ বলেন, ইসলামাবাদ চুক্তিটি আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, এই যুদ্ধ কোনো সামরিক সংঘাত নয়, বরং অঞ্চলের কৌশলগত ভারসাম্য পরিবর্তন করে একটি স্বাধীন জাতির ওপর নিজেদের ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার একটি সংগঠিত প্রচেষ্টা।

গালিবাফ ঘোষণা করেন, ইরান পারস্পরিক শ্রদ্ধা এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে সকল ইসলামী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত।

ভাইয়ের মৃত্যুতে শোকাহত শোয়েব আখতার

সাবেক পাকিস্তানি গতিদানব শোয়েব আখতারের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারের বড় ভাই শহীদ আখতার মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়েব আখতার নিজেই তার বড় ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পারিবারিক সূত্র থেকে এখনো সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

বড় ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে শোয়েব আখতার তার পোস্টে লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রিয় বড় ভাই শহীদ আখতার আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন।

সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফও সামাজিক যোগাযোগমাধ্যমে শহীদ আখতারের মৃত্যুর খবরটি নিশ্চিত করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং জানাজার সময় ও স্থান নিয়ে তথ্য শেয়ার করেছেন।

পাকিস্তানের হয়ে ক্রিকেট ইতিহাসের দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়া এই পেসারের পরিবারে এটিই প্রথম বড় আঘাত নয়। এর আগে প্রায় পাঁচ বছর আগে শোয়েব আখতার তার মাকে হয়েছিলেন। মায়ের পর এবার বড় ভাইকে হারিয়ে শোয়েব ও তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। এই মর্মান্তিক খবরের পর ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের পাশাপাশি বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়েব ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর শোয়েব আখতার একজন বিশ্লেষক হিসেবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন। সদ্য সমাপ্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিভিন্ন আন্তর্জাতিক ও পাকিস্তানি গণমাধ্যমে ক্রিকেট পণ্ডিত হিসেবে নিয়মিত উপস্থিত থেকে ম্যাচ বিশ্লেষণ করেছেন তিনি। মাঠের ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনের নানা অসংগতি নিয়ে সব সময় অকপট এই কিংবদন্তি এখন জীবনের এক কঠিন শোকের মুহূর্ত পার করছেন।

বিএনপি সভাপতির বিরুদ্ধে সহ সভাপতির সংবাদ সম্মেলন

বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি,  কাজের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরের  গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন  করেছে স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
বুধবার (২৪ জুন)  দুপুরে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা বাজারে  ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়াউদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল কাদির বাবুল, আসাদ ও স্বপন মিয়া। তারা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সভাপতি আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করে চলেছেন। এ কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে নেতাকর্মীরা দাবি করেন।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা অভিযোগের ভিত্তিতে দ্রুত সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হোসেনপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহারের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তদন্ত করে সত্যতা পান, তাহলে সাংগঠনিকভাবে যে কোনো সিদ্ধান্ত নিলে আমি তা মেনে নেব।
উল্লেখ্য, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এবারের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ঢাকার কাছে একের পর এক ভূমিকম্প, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক ভূমিকম্প অনুভূত হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কয়েকটি ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় প্রশ্ন উঠছে— এগুলো কি কেবল স্বাভাবিক ভূ-তাত্ত্বিক প্রক্রিয়ার অংশ, নাকি ভবিষ্যতের বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস?

বিশেষজ্ঞরা বলছেন, তাৎক্ষণিক আতঙ্কের কারণ না থাকলেও বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি নিয়ে সতর্ক থাকার যথেষ্ট কারণ রয়েছে।

উৎপত্তিস্থল ঘুরেফিরে ঢাকার আশপাশেই

সর্বশেষ ভূমিকম্পটি গত ২২ জুন রাত ৮টা ২৮ মিনিটে অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৪ এবং উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে।

অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে, যা ঢাকা থেকে প্রায় ১৬ কিলোমিটার পূর্বে।

উৎপত্তিস্থল নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যের মধ্যে কিছু পার্থক্য থাকলেও আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গেলে সেটি রূপগঞ্জ এলাকার মধ্যেই পড়ে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ২০২৬ সালের ২২শে জুন পর্যন্ত বাংলাদেশ ও সীমান্তবর্তী এলাকায় সংঘটিত বেশ কয়েকটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার কাছাকাছি।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি গাজীপুরের কালিয়াকৈরে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পের উৎপত্তি হয়। এর কেন্দ্র ছিল ঢাকা থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে।

এর আগে ২০২৫ সালের ২১শে নভেম্বর রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাধবদী এলাকায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ঢাকা থেকে এর দূরত্ব ছিল মাত্র ১৩ কিলোমিটার।

গত কয়েক দশকে দেশের অভ্যন্তরে উৎপত্তি হওয়া অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত ওই ঘটনায় ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন নিহত হন। আহত হন সাড়ে চার শতাধিক মানুষ, যার মধ্যে গাজীপুরেই ছিলেন ২৫২ জন।

উল্লেখযোগ্য বিষয় হলো, ওই ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই আরও তিনটি ভূমিকম্প অনুভূত হয়। চারটি ভূমিকম্পের মধ্যে তিনটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর বিভিন্ন এলাকায় এবং একটি ছিল ঢাকার বাড্ডায়।

পরদিন ২২ নভেম্বর নরসিংদীর পলাশে ৩ দশমিক ৩ মাত্রার, ঢাকার বাড্ডায় ৩ দশমিক ৭ মাত্রার এবং পরে নরসিংদীতে ৪ দশমিক ৩ মাত্রার আরও দুটি ভূমিকম্পের উৎপত্তি হয়। এর কয়েকদিন পর ২৭ নভেম্বর ঘোড়াশালে ৩ দশমিক ৬ মাত্রার এবং ৪ ডিসেম্বর শিবপুরে ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া বলেন, সাম্প্রতিক এসব ভূমিকম্প টেকটোনিক কার্যকলাপের ফল হতে পারে, আবার কোনো সক্রিয় ফল্টের সঙ্গেও সম্পর্কিত হতে পারে।

তার ভাষায়, অনেক সময় নতুন ফল্ট সৃষ্টি হয়, আবার দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা কোনো পুরোনো ফল্টও পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে।

বাংলাদেশের অবস্থান ইউরেশিয়ান, ইন্ডিয়ান এবং বার্মিজ— এই তিনটি টেকটোনিক প্লেটের প্রভাব বলয়ের মধ্যে হওয়ায় দেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে বলে জানান রুবায়েত কবীর।

এগুলো কি বড় ভূমিকম্পের পূর্বাভাস?

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারীর মতে, সম্প্রতি ঢাকার আশপাশে হওয়া ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পগুলো থেকে বড় ধরনের ভবনধস বা ব্যাপক প্রাণহানির আশঙ্কা নেই।

যদিও তিনি মনে করেন, এসব ঘটনা মানুষকে ভূমিকম্প সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিচ্ছে।

তার মতে, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো এমন ফল্টগুলো, যেগুলো অতীতে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প সৃষ্টি করেছে।

তিনি বলেন, ভবিষ্যতে বড় ভূমিকম্পের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল এবং ঢাকার কাছাকাছি শ্রীমঙ্গল ও বগুড়ার শেরপুর এলাকায়। কারণ ইতিহাসে এসব অঞ্চলে ৭-এর বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্পের রেকর্ড রয়েছে।

১৯১৮ সালে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ মাত্রার এবং ১৮৮৫ সালে শেরপুরে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

মেহেদি আহমেদ আনসারী বলেন, এগুলো ঢাকা থেকে দেড়শো থেকে দু’শো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে। বাকি বড় ভূমিকম্পগুলো ঢাকা থেকে আরও দূরে হয়েছিল।

তিনি আরও বলেন, প্রত্যেকটি ভূমিকম্পের একটি রিটার্ন পিরিয়ড বা পুনরাবৃত্তির চক্র থাকে। সাত মাত্রার ভূমিকম্প হয়তো আরও হয়েছে, কিন্তু আমাদের কাছে তথ্য নেই। সে কারণেই আমরা বলি, ঢাকার জন্য সাত মাত্রার একটি ভূমিকম্প ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে। তবে সেটি কবে হবে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ২০ বছরও লেগে যেতে পারে।

নরসিংদীতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্পকে বড় কোনো ঘটনার ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে বলে উল্লেখ করলেও তিনি বলেন, ঐতিহাসিক তথ্য অনুযায়ী নরসিংদীতে অতীতে বড় কোনো ভূমিকম্পের রেকর্ড নেই।

নরসিংদী বা ঢাকার আশপাশের সাম্প্রতিক ভূমিকম্পের হিসেবে ঢাকা ঝুঁকিপূর্ণ না, কিন্তু অতীতের বড় ভূমিকম্পগুলোর বিচারে ঢাকা খুবই ঝুঁকির মধ্যে আছে। বড় কোনো ভূমিকম্প হলে কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হতে পারে, বলেন তিনি।

রুবায়েত কবীরও বলেন, ঢাকাকেন্দ্রিক বড় ভূমিকম্পের ইতিহাস নেই। কিন্তু সীমান্ত অঞ্চলে বড় ভূমিকম্পের ইতিহাস আছে। আর গত এক-দুই বছর ধরে আমাদের এই অঞ্চলে ভূমিকম্পপ্রবণতা কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে।

ভূমিকম্পে ঢাকার কোন এলাকা তুলনামূলক নিরাপদ?

বিশেষজ্ঞদের মতে, কোনো এলাকা কতটা নিরাপদ তা নির্ভর করে মূলত দুই বিষয়ের ওপর—ভূতাত্ত্বিক গঠন এবং অবকাঠামোর মান।

ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আখতারের মতে, ঢাকা ও আশপাশের অধিকাংশ এলাকার ভূতাত্ত্বিক গঠন প্রায় একই হলেও উত্তরাংশে মধুপুরের শক্ত লাল মাটি রয়েছে, যা তুলনামূলকভাবে স্থিতিশীল।

তার মতে, শুধু ভূতাত্ত্বিক গঠন বিবেচনায় রমনা, মগবাজার, নিউমার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান ও তেজগাঁওয়ের মতো এলাকা তুলনামূলক নিরাপদ।

যদিও বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী মনে করেন, কেবল মাটির গঠন দেখে কোনো এলাকা নিরাপদ বা ঝুঁকিপূর্ণ বলা সম্ভব নয়।

যতক্ষণ না ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে, ততক্ষণ বলা যাবে না কোনটা ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিমুক্ত- বলেন তিনি।

তার মতে, পুরান ঢাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে হলেও মূল সমস্যা ভবনের চেয়ে সরু রাস্তা। দুর্যোগের সময় দ্রুত মানুষ সরিয়ে নেওয়া সেখানে কঠিন হতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, শত বছরের বেশি পুরোনো অনেক ভবন এখনো টিকে আছে এবং বিভিন্ন ভূমিকম্পেও ধসে পড়েনি। তাই কাঠামোগত মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

ঢাকার জন্য বাড়তি শঙ্কা ‘ব্লাইন্ড ফল্ট’

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ভেতরে কোনো পরিচিত ফল্ট লাইন নেই। তবে বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকির সঙ্গে যুক্ত কয়েকটি প্রধান ফল্ট বা চ্যুতি রেখা রয়েছে।

এর মধ্যে রয়েছে মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত প্লেট বাউন্ডারি, নরসিংদীর ওপর দিয়ে যাওয়া আরেকটি প্লেট বাউন্ডারি, সিলেট হয়ে ভারতের দিকে বিস্তৃত ফল্ট অঞ্চল, ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট।

অতীতে এসব অঞ্চলে ৭ থেকে ৮ দশমিক ৫ মাত্রা পর্যন্ত শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

গবেষকদের মতে, এসব ফল্টে কয়েকশ বছর পরপর বড় ভূমিকম্পের পুনরাবৃত্তি ঘটতে পারে।

তবে আরও উদ্বেগের বিষয় হলো ‘ব্লাইন্ড ফল্ট’ বা অদৃশ্য ফল্ট। এ ধরনের ফল্ট ভূ-পৃষ্ঠ পর্যন্ত পৌঁছায় না, ফলে সাধারণ ভূতাত্ত্বিক মানচিত্রে সহজে শনাক্ত করা যায় না।

বাংলাদেশে এখন পর্যন্ত ময়মনসিংহ ও রংপুর অঞ্চলে দুটি ব্লাইন্ড ফল্ট শনাক্ত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ফল্ট শনাক্ত করা কঠিন হওয়ায় আগে থেকে সতর্কবার্তা পাওয়াও প্রায় অসম্ভব। তাই ভবিষ্যতের ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে ব্লাইন্ড ফল্টগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ঢাকার আশপাশে ঘন ঘন ভূমিকম্পের উৎপত্তিস্থল বিশেষজ্ঞদের নজর কাড়লেও তাৎক্ষণিকভাবে বড় ভূমিকম্পের নিশ্চিত পূর্বাভাস হিসেবে এগুলোকে দেখা হচ্ছে না।

তবে বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান, অতীতের শক্তিশালী ভূমিকম্পের ইতিহাস এবং বিভিন্ন সক্রিয় ও অদৃশ্য ফল্টের উপস্থিতি রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকাকে দীর্ঘমেয়াদে ভূমিকম্প ঝুঁকির মধ্যে রেখেছে। তাই সচেতনতা বৃদ্ধি, ভবনের মান নিশ্চিত করা এবং দুর্যোগ প্রস্তুতি জোরদার করার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শূন্যরেখার সংকট কাটিয়ে ফিরলেন ৬ জন, আটকে আছেন আরও ৩ জন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার হওয়া ছয় বাংলাদেশি নাগরিকের সবাই অবশেষে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।

তবে একই ঘটনায় সীমান্তের আরেক পয়েন্টে পুশইনের শিকার হওয়া আরও তিন বাংলাদেশি এখনো আন্তর্জাতিক শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন।

বিজিবি ও বিএসএফের কড়া নজরদারির মধ্যে দীর্ঘ ১০ দিন সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর বুধবার (২৪ জুন) ভোরে সেখান থেকে সরে যান দুই যুবক। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া যায়, তারা নিরাপদে নিজ বাড়িতে পৌঁছেছেন।

স্থানীয় সূত্র জানায়, গত ১৪ জুন ভোরে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত এলাকায় আন্তর্জাতিক ১০৬০ মেইন পিলারের ১ এস সাব-পিলার দিয়ে ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকারচর জেলার ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ছয় বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করে। কিন্তু বিজিবি ও স্থানীয় জনতার বাধার মুখে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে না পেরে সীমান্তের শূন্যরেখায় আটকে পড়েন।

খোলা আকাশের নিচে টানা কয়েকদিন ঝড়-বৃষ্টি ও প্রতিকূল পরিবেশে অবস্থানের কারণে একই পরিবারের দুই শিশুসহ চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বিজিবি ও বিএসএফের যৌথ মেডিকেল টিম তাদের চিকিৎসাসেবা দেয়।

পরে মানবিক কারণে বিজিবি ওই দুই শিশু ও তাদের বাবা-মাকে শূন্যরেখা থেকে উদ্ধার করে রৌমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।

উদ্ধার হওয়া চারজন হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার কংশেরকুল গ্রামের মো. বেলাল হোসেন (২৮), তার স্ত্রী সুমি আক্তার (২৬) এবং তাদের দুই সন্তান ফাইমা (৫ মাস) ও ফাতেমা আক্তার (৪)।

পরিবারের চার সদস্য বাড়ি ফিরে গেলেও বাকি দুই যুবক সীমান্তের শূন্যরেখায় দীর্ঘ ১০ দিন অবস্থান করছিলেন। তারা হলেন, একই গ্রামের লিটন মিয়ার ছেলে মো. সজিব হোসেন (২৫) ও মৃত শামসুল হকের ছেলে মো. হিমেল (১৮)।

বুধবার ভোর থেকে তাদের আর সীমান্তে দেখা না যাওয়ায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যরা নিশ্চিত করেন, তারাও এখন নিজ বাড়িতে অবস্থান করছেন।

শৌলমারী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোনা মিয়া বলেন, ‘গত রাত পর্যন্ত দুই যুবক শূন্যরেখায় ছিল। সকালে গিয়ে আর তাদের দেখা যায়নি। পরে জানতে পেরেছি, তারা পরিবারের কাছে ফিরে গেছে।’

এ বিষয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইন বলেন, ‘পুশইনের শিকার হওয়া ছয়জনই এখন বাড়িতে রয়েছে। আগে চারজন ফিরেছিল, পরে বাকি দুই যুবকও নিরাপদে বাড়ি ফিরে এসেছে।’

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, কাজের সন্ধানে প্রায় সাত মাস আগে তারা সীমান্তপথে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দিলে তারা এই বিপর্যয়ের মুখে পড়েন।

তবে একদিকে ছয়জনের বাড়ি ফেরা স্বস্তি এনে দিলেও সীমান্তে এখনো অনিশ্চয়তায় দিন কাটছে আরও তিন বাংলাদেশির।

স্থানীয় সূত্র জানায়, একই দিন গভীর রাতে রৌমারী সদর ইউনিয়নের ভন্দুরচর সীমান্তে আন্তর্জাতিক ১০৬৬ মেইন পিলার এলাকা দিয়ে আরও তিন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির বাধার মুখে তারাও শূন্যরেখায় আটকে পড়েন।

গত ১১ দিন ধরে তারা বিজিবি ও বিএসএফের কড়া পাহারার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।

আটকে থাকা তিনজন হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জহিরুল ইসলাম (২৬), নেত্রকোনার বারহাট্টা উপজেলার পারভেজ (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাঈম মিয়া (২২)।

এদিকে, সীমান্তের শূন্যরেখা থেকে দুই যুবকের সরে যাওয়া এবং তাদের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

লাল কার্ডের নিয়ম থাকলেও বেলিংহ্যামের ক্ষেত্রে ব্যতিক্রম কেন?

ফিফা বিশ্বকাপে ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে ড্রয়ের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন জুড বেলিংহ্যাম। ম্যাচ চলাকালে মুখ ঢেকে প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে দেখা যায় এই ইংলিশ মিডফিল্ডারকে। চলতি বিশ্বকাপে ফিফার নতুন নিয়ম অনুযায়ী এমন আচরণের জন্য সরাসরি লাল কার্ড পাওয়ার বিধান থাকলেও শেষ পর্যন্ত কোনো শাস্তি পাননি তিনি।

ম্যাচের প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ার সময় ঘানার ডাগআউটের সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বেলিংহ্যাম। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে হয় সতীর্থ মর্গান রজার্সকে। এমনকি ঘানার কোচ কার্লোস কুইরোজের সঙ্গেও তাকে তর্ক করতে দেখা যায়।

তবে ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ঘানার ফরোয়ার্ড জর্ডান আইউর সঙ্গে বেলিংহ্যামের একটি মুহূর্ত। কথোপকথনের সময় তিনি নিজের মুখ হাত দিয়ে ঢেকে রেখেছিলেন। আর এটিই নতুন বিতর্কের জন্ম দেয়।

চলতি বিশ্বকাপ থেকে ফিফা একটি নতুন নিয়ম চালু করেছে। কোনো উত্তপ্ত বা বিরোধপূর্ণ পরিস্থিতিতে খেলোয়াড় যদি মুখ আড়াল করে কথা বলেন, তাহলে রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন। এর পেছনের যুক্তি হলো, মুখ ঢেকে কথা বললে কী বলা হচ্ছে তা বোঝা কঠিন হয়ে যায় এবং অনেক সময় আপত্তিকর মন্তব্যও আড়ালে থেকে যেতে পারে।

ইতোমধ্যে এই নিয়মের প্রয়োগও দেখা গেছে। তুরস্কের বিপক্ষে ম্যাচে মুখ ঢেকে কথা বলার কারণে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরনকে ভিএআরের সহায়তায় সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল। ফলে বেলিংহ্যামের ঘটনাটি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।

তবে ম্যাচ কর্মকর্তারা মনে করেন, জর্ডান আইউর সঙ্গে বেলিংহ্যামের কথোপকথন কোনোভাবেই উত্তপ্ত বা মারমুখী ছিল না। সেটি ছিল সাধারণ আলাপচারিতা। ফলে ঘটনাটি নতুন নিয়মের আওতায় পড়েনি এবং তাকে কোনো কার্ড দেখানো হয়নি।

বিশ্বকাপ শুরুর আগে ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনা জানিয়েছিলেন, বন্ধুত্বপূর্ণ বা স্বাভাবিক পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বললে কোনো সমস্যা নেই। কিন্তু উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এমন আচরণ করলে সেটি সরাসরি লাল কার্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এদিকে ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও ঘানার রক্ষণভাগ ভাঙতে পারেনি ইংল্যান্ড। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে থ্রি লায়ন্সরা। দুই ম্যাচ শেষে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এল’র শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে ঘানা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচে জয় পেলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ সেরা হওয়ার সুযোগও থাকবে বেলিংহ্যামদের সামনে।

চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।

১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নসের এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন। সম্মেলনটিতে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনেরও অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অন্যদিকে বিভিন্ন দেশের সেরা অনুশীলন ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে।

উল্লেখ্য, মালয়েশিয়া সফর শেষে গত সোমবার (২২ জুন) চীনের ডালিয়ানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সফরচিত্রে নিজের গান ব্যবহারে যা বললেন হাবিব

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের একটি ভিডিও প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ‘মহাজাদু’ গানটি। ভিডিওটির আবহসংগীত হিসেবে ব্যবহৃত হয়েছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় এই গান। এটি গেয়েছিলেন হাবিব ওয়াহিদ ।

ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন হাবিব ওয়াহিদ। তিনি জানান, আগে থেকে এ বিষয়ে কিছুই জানতেন না। সকালে ঘুম থেকে উঠে মোবাইলে পাঠানো কয়েকটি লিংকের মাধ্যমে বিষয়টি জানতে পারেন।

হাবিব বলেন, ‘লিংকে ক্লিক করে দেখি দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার গান ব্যবহার করা হয়েছে। এটা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের ভিডিওতে আমার গান ব্যবহৃত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’

গানটি ব্যবহারের বিষয়ে কেউ আগে থেকে যোগাযোগ করেননি বলেও জানান এই সংগীতশিল্পী। তিনি বলেন, ‘আমার সঙ্গে এ নিয়ে কেউ কথা বলেনি। হঠাৎ করেই বিষয়টি জানতে পেরে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও হাবিব জানান, তিনি নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না। তাই সরাসরি প্রতিক্রিয়াগুলো দেখতে না পারলেও বিভিন্নজনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা শুনছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভক্তদের যদি ভালো লাগে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ভক্তদের জন্যই গান করি। তাদের ভালো লাগা মানেই আমারও ভালো লাগা।’

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তার সঙ্গে কোনো সাক্ষাৎ বা যোগাযোগ হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে হাবিব স্পষ্ট করে বলেন, ‘না, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়নি, কথাও হয়নি। এ কারণেই বিষয়টি আমাকে আরও বেশি অবাক করেছে।’

বর্তমান ব্যস্ততা সম্পর্কে হাবিব ওয়াহিদ জানান, তিনি নতুন গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তার ‘প্রেমের কলঙ্ক’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে, যা শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।

বিশ্বকাপের নিয়মে পরিবর্তন, বদলাচ্ছে টাইব্রেকার পদ্ধতি

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে ফিফা। নকআউট পর্ব শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি থাকতেই পেনাল্টি শুটআউটের আগে ব্যবহৃত কয়েন টসের নিয়ম বদলানোর প্রস্তাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বর্তমানে কোনো নকআউট ম্যাচ নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের পরও সমতায় শেষ হলে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকার শুরু হওয়ার আগে রেফারি দুই দলের অধিনায়কদের নিয়ে দুটি আলাদা কয়েন টস করেন। একটি টসে ঠিক হয় কোন প্রান্তে পেনাল্টি নেওয়া হবে, আর অন্য টসে নির্ধারিত হয় কোন দল প্রথম শট নেবে।

ফিফার মতে, এই ব্যবস্থায় কোনো কোনো দল একসঙ্গে দুটি সুবিধাই পেয়ে যেতে পারে। অর্থাৎ একটি দল যদি দুই টসেই জিতে যায়, তাহলে তারা প্রথম শট নেওয়ার পাশাপাশি নিজেদের পছন্দের প্রান্তও বেছে নিতে পারে। এতে প্রতিপক্ষ তুলনামূলকভাবে কিছুটা অসুবিধায় পড়ে।

এই কারণেই নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। নতুন প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে দুটি নয়, মাত্র একটি কয়েন টস হবে। সেই টসে জয়ী অধিনায়ক দুটি সুবিধার মধ্যে একটি বেছে নিতে পারবেন। তিনি চাইলে প্রথম শট নেওয়ার অধিকার নেবেন, অথবা কোন প্রান্তে টাইব্রেকার হবে তা নির্ধারণ করবেন। অন্য সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে পাবে প্রতিপক্ষ দল।

ফিফা বিশ্বাস করে, এতে দুই দলের মধ্যে ভারসাম্য বজায় থাকবে এবং কোনো দল অতিরিক্ত সুবিধা পাবে না। সংস্থাটির মতে, পেনাল্টি শুটআউটের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে ছোট ছোট বিষয়ও ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। তাই নিয়মটিকে আরও গ্রহণযোগ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বকাপে এবার এমনিতেই বেশ কিছু নতুন নিয়ম দেখা গেছে। ৪৮ দলের সম্প্রসারিত আসর, অতিরিক্ত পানিবিরতি এবং কিছু নতুন শৃঙ্খলাবিষয়ক নিয়ম ইতোমধ্যেই আলোচনায় এসেছে। এর মধ্যে টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের প্রস্তাব নতুন করে ফুটবল অঙ্গনে আলোচনা তৈরি করেছে।

এদিকে ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের টাইব্রেকারেও পরিবর্তন আনা হয়েছে। আগে দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হতো গোল ব্যবধান। কিন্তু এবার প্রথম গুরুত্ব দেওয়া হচ্ছে মুখোমুখি ম্যাচের ফলাফলে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দলই পাবে বাড়তি সুবিধা। এরপর বিবেচনায় আসবে মুখোমুখি ম্যাচের গোল ব্যবধান ও গোলসংখ্যা। ফিফার এই নতুন নিয়মের প্রভাব ইতোমধ্যে দেখা গেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকলেও মুখোমুখি ফলাফলে পিছিয়ে থাকার কারণে কয়েকটি দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

তবে টাইব্রেকারের কয়েন টস সংক্রান্ত নতুন প্রস্তাব এখনো কার্যকর হয়নি। এটি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) অনুমোদন প্রয়োজন। অনুমোদন মিললে নকআউট পর্ব শুরু হওয়ার আগেই বিশ্বকাপে নতুন নিয়ম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় শুরুর আগে মাঠের খেলার পাশাপাশি নিয়মের পরিবর্তন নিয়েও এখন জোর আলোচনা চলছে ফুটবল বিশ্বে।

নকআউট পর্বে উঠবে কোন ৩২ দল, দেখে নিন

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান ২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের লড়াই জমে উঠেছে। টুর্নামেন্টের পরিধি বেড়ে ৪৮ দলের হওয়ায় এবারই প্রথম দেখা যাবে ৩২ দলের নকআউট পর্ব। ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলেছে বেশ কয়েকটি পরাশক্তি, অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাঁচ দল। নতুন নিয়ম অনুযায়ী এবার গোল ব্যবধানের চেয়ে দলগুলোর পারস্পরিক লড়াইয়ের (হেড-টু-হেড) ফলাফলকে টাইব্রেকার হিসেবে বেশি প্রাধান্য দিচ্ছে ফিফা।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ শেষেই নকআউটের টিকিট কেটেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। এই কীর্তির মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা ১৮-তে নিয়ে গিয়ে বিশ্বমঞ্চের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিলেন তিনি। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে টুর্নামেন্ট শুরু করেছিলেন এই মহাতারকা। গ্রুপ ‘জে’ থেকে শীর্ষস্থান নিশ্চিত করেই পরের রাউন্ডে যাচ্ছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা ছাড়াও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে দুই সহ-আয়োজক মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে গ্রুপ ‘এ’ থেকে সবার আগে নকআউট নিশ্চিত করে মেক্সিকানরা। আর অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ ‘ডি’ থেকে শেষ বত্রিশে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র। এদিকে টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার ধাক্কা সামলে এবার দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে জার্মানি। কুরাসাও এবং আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে পা রেখেছে তারা। এছাড়া গ্রুপ ‘আই’ থেকে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে ফেভারিট ফ্রান্স এবং সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখানো নরওয়ে শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করেছে।

অন্যদিকে স্বপ্নভঙ্গ হয়েছে পাঁচ দলের। গ্রুপ পর্বের দুটি করে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নিয়েছে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান এবং পানামা। নতুন নিয়মে পারস্পরিক লড়াইয়ে পিছিয়ে থাকায় শেষ ম্যাচে অলৌকিক কিছু ঘটলেও আর তৃতীয় স্থানে থাকা দলগুলোকে ছোঁয়া সম্ভব নয় এই দলগুলোর পক্ষে। আগামী ২৭ জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা, আর ২৮ জুন থেকে শুরু হবে বহুল প্রতীক্ষিত নকআউট পর্বের মহালড়াই।

তিথির হাতের মেহেদীতে ‘আলভী’ লেখা ছবিটি এআই জেনারেটেড: আলভী

অভিনেত্রী ইফফাত আরা তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড বলে দাবি করেছেন অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া।

বুধবার (২৪ জুন) আদালতকে এ তথ্য জানান আলভী।

তিনি বলেন, আমি এমন একটা পরিস্থিতিতে আছি। শোক পালন করব, নাকি কি করব বুঝতে পারছি না। আমরা দুজনে ম্যাচিউর। প্রেম করে বিয়ে করেছি। আমাদের বিয়ের পর খুনসুটি ছিল, অভিমান ছিল, ঝগড়া ছিল। আমাদের সম্পর্ক ইস্মুথ ছিল। এমন কিছু ঘটেনি যে ইকরা আত্মহত্যা করবে।

আলভী আরও বলেন, আমি যেহেতু মিডিয়ায় কাজ করি। আমার শুভাকাঙ্ক্ষী ছাড়াও হেটার্স আছে। তারাই ইকরার মৃত্যুর পর আমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়েছে। তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড। এখনো সেই ছবি আছে। আসল ছবিতে আলভী লেখা নেই।

তিনি আরও বলেন, আমি নাকি নেপালে গেছি ৬টা নাটক করতে। আমার সঙ্গে অনেক মানুষ ছিল। এমন না যে আমি বার্থডে সেলিব্রেট করতে গেছি। আমার একটা সন্তান আছে সে তার মাকে হারিয়েছে। সে যতোই নানা নানী দাদা দাদীর কাছে থাক। তার বাবা প্রয়োজন আমাকে জামিন দিন।

এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুণী মীরের আদালত আলভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুনুর রশিদ।

এর আগে গত ১৮ জুন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসে বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান।

দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি। এই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান।

২০২৭ থেকে জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৪ জুন) ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২০২৮ সাল থেকে দেশের শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হবে।

সভায় বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নতুন কারিকুলামের কাঠামো ও এসএসসি পরীক্ষার সময়সূচি বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

One thought on “জড়তাই আপন

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জড়তাই আপন

আপডেট টাইম : ০৭:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬