একাধিকবার আইন লঙ্ঘন, সংশোধনী নোটিশ অমান্য কিংবা জনস্বাস্থ্যের জন্য জরুরি ঝুঁকি সৃষ্টি করলে খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ক্ষমতা পেতে যাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ ছাড়া নিরাপদ খাদ্য আইনে গুরুতর বিচ্যুতির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা এবং আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের এসব প্রস্তাব নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত সংশোধনীতে আমদানিকৃত খাদ্যের নিরাপদতা সনদ এবং রপ্তানিযোগ্য খাদ্যের স্বাস্থ্য সনদ দেওয়ার বিধান যুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও ভেজাল খাদ্য জব্দ, খাদ্য নিরাপত্তা নিরীক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন এবং বিশুদ্ধ খাদ্য আদালতের নাম পরিবর্তন করে নিরাপদ খাদ্য আদালত করার প্রস্তাব রয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ভোক্তাদের কাছে যাতে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। একইসঙ্গে তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা উল্লেখ করেন।
খাদ্যে ভেজাল প্রতিরোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের তথ্যও বৈঠকে তুলে ধরা হয়। এতে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কারখানায় ১৪৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় এক কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এবং সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে সরকারি স্বীকৃত পরীক্ষাগারে এক হাজার ৫৬৩টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া মোবাইল ল্যাবে ৯ হাজার ২৭৪টি এবং মিনি ল্যাবে ১৩ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোট এক হাজার ৪৫৪টি মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা এবং ১১ হাজার ১৪৮টি খাদ্যস্থাপনা ও বাজার মনিটরিং করা হয়েছে।
সরাসরি কৃষকের কাছ থেকে ৩ লাখ টন ধান কিনবে সরকার
চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি তিন লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৫ টাকা। এ ছাড়া পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিদ্ধ চালের সংগ্রহমূল্য প্রতি কেজি ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা। ধান সংগ্রহ চলবে ১৪ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বৈঠকে সিদ্ধান্ত হয়, সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হবে। লক্ষ্যমাত্রা অর্জনে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর নিবিড়ভাবে তদারকি করবে।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
পুরোনো খাদ্যগুদাম বাতিল করে নতুন নির্মাণের সুপারিশ
বৈঠকে খাদ্যশস্যের মজুদ ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। বর্তমানে দেশে সরকারি খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন। ২০৩০ সালের মধ্যে তা ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে খাদ্য মন্ত্রণালয়ের। এ লক্ষ্য বাস্তবায়নে বিদ্যমান খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা সরেজমিনে পরিদর্শন করে ব্যবহার অনুপযোগী ও জরাজীর্ণ গুদাম বাতিল এবং প্রয়োজনে নতুন গুদাম নির্মাণের সুপারিশ করেছে কমিটি।
খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে খাদ্যশস্যের সঠিক আর্দ্রতা বজায় রেখে সংগ্রহ এবং মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া নতুন খাদ্যগুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করছে মন্ত্রণালয়।
৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাক শ্রমিকরা
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি চালুর তথ্যও বৈঠকে তুলে ধরা হয়। গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারছেন। প্রতি কেজি চালের দাম ৩০ টাকা। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে চাল সরবরাহের পরিকল্পনা রয়েছে। ২০ নভেম্বর থেকে মানিকগঞ্জে দুটি এবং ময়মনসিংহে ৫টি ট্রাক যুক্ত করা হয়েছে।
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলা কমাতে ডিলার নিয়োগের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়মে প্রতি ৫০০ উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও সংশোধিত নীতিমালায় প্রতি ২৫০ জনের বিপরীতে একজন ডিলার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির ৫৫ লাখ উপকারভোগীর মধ্যে ৪৯ লাখ ৭ হাজার ৯৮ জনকে ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















