সরকারিভাবে ব্রুনাই দারুসসালামে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের সুযোগ দিচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১৯টি কোম্পানিতে বিভিন্ন পদে মোট ৩৭০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোয়েসেল গত ২২ নভেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহার।
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে https://www.oep.gov.bd/job-circulars ঠিকানায়।
গত ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন চলবে ২৭ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪টা পর্যন্ত।
যেসব পদে নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ের ১৯টি কোম্পানিতে নির্মাণ শ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামার শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে কর্মী নেওয়া হবে।
বেতন ও যোগ্যতা
বেশিরভাগ পদে দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার। তবে যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন ৬৫০ ডলার।
পদভেদে আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রাথমিক, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির মেয়াদ ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত কর্মীদের সঙ্গে দুই বছরের শ্রম চুক্তি হবে, যা নবায়নযোগ্য। প্রতিদিন আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ওভারটাইম, চিকিৎসা, বীমা ও ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
কর্মীদের বিমান ভাড়া ও আবাসনের খরচ বহন করবে নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট কোম্পানি। তবে খাবারের খরচ নিজেকেই বহন করতে হবে।
আবেদন ফি ও অন্যান্য খরচ
অনলাইনে আবেদন করার সময় ১০০ টাকা ও সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। এ অর্থ অফেরতযোগ্য।
স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে দক্ষ কর্মীদের ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ৪৬ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। পে-অর্ডারটি ‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে করতে হবে এবং এর মূল কপি জমা দিতে হবে।
এছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশে মেডিক্যাল পরীক্ষার খরচও কর্মীকে বহন করতে হবে। ইংরেজি ও মালয় ভাষায় দক্ষ প্রার্থীদের নিয়োগকর্তারা বিশেষ অগ্রাধিকার দিতে পারেন।
প্রতারণা এড়াতে বোয়েসেলের সতর্কবার্তা
নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণা এড়াতে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বোয়েসেল। সংস্থাটি জানিয়েছে, সাক্ষাৎকারের সময়সূচি ও নির্বাচিত প্রার্থীদের তালিকা শুধু বোয়েসেলের ওয়েবসাইট (boesl.gov.bd)-এর নোটিশ বোর্ড এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পাশাপাশি BOESL লেখা পোর্টাল অথবা 01552146456 নম্বর থেকে প্রার্থীদের এসএমএস পাঠানো হবে।
বোয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না। এ ছাড়া দেশের কোথাও সংস্থাটির কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা শাখা কার্যালয় নেই। তাই নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, নিয়োগসংক্রান্ত জরুরি প্রয়োজনে 01765-411653 নম্বরে অথবা ওইপি-সংক্রান্ত হটলাইন 09618884271-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















