নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছেন।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় একই দিন রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত আবু বক্কর ছিদ্দিক ওই গ্রামের হাজী ছেলামত উল্যার বাড়ির বাসিন্দা। নিহতের মেজো ছেলে আবদুল্লাহ আল ফয়সাল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বাড়ির পাশে কিছু জমিতে ধান চাষ করে আসছিলেন। একইভাবে তার কাকা হারুনুর রশীদও আলাদাভাবে কিছু জমিতে চাষাবাদ করতেন। তবে সম্প্রতি জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। গত কয়েকদিন ধরে কাকা হারুনুর রশীদ তার বাবার দখলে থাকা জমিতে চাষ করবেন বলে হুমকি দিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে বাড়ির সামনের গেইটে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু’ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হারুনুর রশীদ দা দিয়ে তার বাবার ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবু বক্কর ছিদ্দিকের দাফন সম্পন্ন করা হয়।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি এম এ বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 

















