বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াত মোনাফেকের দল জামায়াত। এরা আল্লাহর জান্নাত বিক্রি করে। এদের ধোকাবাজিতে কেউ কান দিবেন না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া পুকুরচালা ও সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের মহেশকাংলা স্কুল মাঠে বিভিন্ন নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৫ আগষ্টের পর দোষীদের সাথে বিনা কারনেও কিছু আওয়ামীলীগের বিরুদ্ধে মামলা হয়েছে। ভোটের পর ওই সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, কেউ হয়রানীর শিকার হবেন না। এ সময় সকলের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।
টুকু আরও বলেন, ভোটের জন্য ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। বেগম খালেদা জিয়া অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন। ধানের শীষ বেগম খালেদা জিয়ার আমানত। তিনি নেই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আপনারা বেগম খালেদা জিয়ার আমানত শীষকে ভোট দিয়ে তার আমানতকে রক্ষা করবেন। আপোষহীন নেত্রী গনতন্ত্রের মা খালেদা জিয়াকে আল্লাহ ইজ্জত-সম্মান দিয়ে নিয়ে গেছেন। আরেকজন ছিলেন শেখ হাসিনা। তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু তিনি তার অপব্যহার করেছেন। যে কারনে আল্লাহ তাকে বাড়া ভাত খেতে দেয়নি। এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে।
ধানের শীষের এজেন্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ভোটের দিন কেন্দ্র গুলোতে ইঞ্জিনিয়ারিং হতে পারে। এজন্য ভোট শুরুর আগেই এজেন্টদের কেন্দ্রে যেতে হবে। ব্যালটের বাক্সগুলো খালি আছে কিনা সেটা চেক করতে হবে। ভোটাররা কেন্দ্রে আসলে এজেন্টরা চেক করে দেখবেন সে প্রকৃত পক্ষে ভোটার কি না বা ছবিযুক্ত ভোটার তালিকার সাথে নামের মিল আছে কি না। নারীরা মুখ ঢেকে আসলেও নারী এজেন্টরা তাদের মুখ দেখবেন, আর পুরুষরা খেয়াল করবেন যে কেউ বাইরে থেকে অতিরিক্ত ব্যালট নিয়ে কেন্দ্রে ঢুকতে না পারে।
নির্বাচনী সভায়, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, জেলা কৃষকদলের সদস্য সচিব টি.এম. শাহাদত হোসেন ঠান্ডু, কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সাধারন নুরুল হুদাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 

















