নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
জুলাই ঘোষণাপত্র সংশোধন, জুলাই সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্তকরণ এবং আহতদের অধিকার নিশ্চিত করার দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
২১ সেপ্টেম্বর (রোববার) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত শান্তিপূর্ণ এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের কর্মী, সাধারণ মানুষ এবং আহতদের স্বজনরা অংশগ্রহণ করেন। এর আগে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্লোগানে শ্লোগানে তাদের দাবি তুলে ধরেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক প্রধান সমন্বয়ক মুনতাসীর মেহেদী হাসান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজীব সরকার মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন।মানববন্ধনে অংশগ্রহণকারী আহতদের স্বজনেরা আবেগঘন কণ্ঠে বলেন, আহতদের পাশে দাঁড়ানো শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্যও বটে। পরিবারগুলো মনে করছে, জুলাই সনদকে স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে তা আহতদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে।
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দীর্ঘদিন ধরেই আলোচনায়। আন্দোলনকারীদের দাবি, এই ঘোষণাপত্র সংশোধন ও সনদকে সাংবিধানিক স্বীকৃতি না দিলে আহতদের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ অধিকার সুরক্ষিত হবে না। মানববন্ধনে বক্তারা বলেন— কেবল প্রতিশ্রুতিতে নয়, বাস্তবায়নের মাধ্যমে আহতদের পাশে দাঁড়ানো প্রয়োজন।

রিপোর্টার: 



















