কফি, কলা ও গরুর মাংসসহ ডজন খানেক খাদ্যপণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে প্রশাসনের ওপর চাপ বাড়তে থাকায় এ পদক্ষেপ নিলেন তিনি।
এর আগে ট্রাম্প জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি তেমন গুরুত্ব দেননি, তবে গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকান পার্টির দুর্বল ফলাফলের পর তিনি আবার বিষয়টি সামনে এনেছেন।
শুল্কমুক্ত করা পণ্যগুলোর তালিকায় অ্যাভোকাডো, টমেটো থেকে শুরু করে নারকেল ও আম পর্যন্ত নানা সামগ্রী রয়েছে।শুক্রবার ট্রাম্প প্রশাসন জানায়, এসব পণ্য যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করা সম্ভব নয়।
ট্রাম্প অনেকদিন ধরেই বলে আসছেন যে, তার আরোপ করা শুল্ক, যা সব দেশের আমদানির ওপর মূলত ১০% এবং অনেক বাণিজ্যিক অংশীদারের ক্ষেত্রে আরও বেশি—মার্কিন ভোক্তাদের জন্য দাম বাড়াবে না। তিনি আরও বলেছেন, ‘সামর্থ্য’ বা পণ্যের দাম হাতের নাগালে থাকা—এটা নাকি ডেমোক্র্যাটদের তৈরি ‘নতুন শব্দ’ এবং ‘প্রতারণা’।তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে এই কর আরোপ জরুরি, যে ফারাকটা বিদেশ থেকে কেনা পণ্য আর বিদেশে বিক্রি করা পণ্যের মধ্যে। তার ভাষায়, ‘প্রতারকদের’ দ্বারা যুক্তরাষ্ট্রকে ‘লুট’ করা হয়েছে এবং উচ্চ শুল্ক আরোপ মানুষকে আমেরিকায় তৈরি পণ্য কেনার দিকে উৎসাহিত করবে।