শরীয়তপুরের ডামুড্যায় সোনালী ব্যাংক পিএলসির একটি সঞ্চয়ী হিসাব থেকে গ্রাহকের অজান্তে ই-ওয়ালেট অ্যাপের মাধ্যমে ১৪ লাখ ৩ হাজার ১০ টাকা স্থানান্তরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি ডামুড্যা থানায়ও অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গ্রাহক মো. ফারুক হোসেন।
ফারুক হোসেন ডামুড্যা উপজেলার বাসিন্দা এবং সোনালী ব্যাংক পিএলসির ডামুড্যা শাখার নিয়মিত গ্রাহক। তাঁর অভিযোগ, গত ২৬ ও ২৭ অক্টোবর তাঁর সঞ্চয়ী হিসাব থেকে তিনটি পৃথক লেনদেনের মাধ্যমে মোট ১৪ লাখ ৩ হাজার ১০ টাকা অন্যত্র স্থানান্তর করা হয়। অথচ এসব লেনদেনের বিষয়ে তিনি কিছুই জানতেন না। এমনকি তাঁর মোবাইল ফোনে লেনদেনসংক্রান্ত কোনো বার্তাও আসেনি বলে দাবি করেন তিনি।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ অক্টোবর ব্যাংকে ১০ লাখ টাকা সঞ্চয়ের জন্য আবেদন করলে তাঁকে একটি মানি রিসিট দেওয়া হয়। ওই রসিদে হিসাব থেকে টাকা কেটে নেওয়ার তথ্য থাকলেও পরবর্তী সময়ে টাকা জমা ও উত্তোলনের বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।
পরবর্তীতে ২৮ অক্টোবর নিজের সঞ্চয়ী হিসাব থেকে টাকা উত্তোলন করতে গিয়ে তিনি জানতে পারেন, হিসাবে কোনো টাকা অবশিষ্ট নেই। বিষয়টি ব্যাংক ব্যবস্থাপককে জানালে হিসাব যাচাই করে তিনটি অজ্ঞাত লেনদেনের মাধ্যমে টাকা স্থানান্তরের তথ্য জানতে পারেন।
এ ঘটনায় গত ১ নভেম্বর ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে অননুমোদিত লেনদেনের মাধ্যমে স্থানান্তরিত টাকা ফেরত পাওয়ার দাবি জানান তিনি। পরে গত ৯ নভেম্বর ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মো. ফারুক হোসেন বলেন, ‘গত ২৮ অক্টোবর ব্যাংক হিসাবে খোঁজ নিতে গিয়ে দেখি, আমার হিসাবে কোনো টাকা নেই। অথচ সেখানে প্রায় ১৪ লাখ টাকা জমা ছিল। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করি। টাকা ফেরত পাওয়ার জন্য লিখিত আবেদন করেও এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। আমি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমার টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে ডামুড্যা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক বলেন, ‘ঘটনাটি জানার পরপরই প্রধান কার্যালয়কে অবহিত করেছি। প্রধান কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রাহকের মোবাইল ফোন ব্যবহার করে ই-ওয়ালেট অ্যাপের মাধ্যমে টাকাগুলো স্থানান্তর করা হয়েছে। এ-সংক্রান্ত প্রয়োজনীয় সব নথিপত্র গ্রাহককে সরবরাহ করেছি। এরপরও আমাদের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা করতে প্রস্তুত রয়েছি।’

শরীয়তপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















