নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের বেলকুচিতে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. হাসান শেখ (২৭) নামে জাতীয়তাবাদী তরুণ দলের এক নেতাকে রাম দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মামুন হোসেন বরাদের বিরুদ্ধে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানীপুরা মধ্যচর গ্রামে রইস উদ্দিন তালুকদারের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত মো. হাসান শেখ (২৭) বেলকুচি উপজেলা তরুণ দলের আহ্বায়ক কমিটির একজন সদস্য। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত মামুন হোসেন বরাদ বেলকুচি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
আহত হাসান শেখের বড় ভাই শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাসান শেখের সঙ্গে বিএনপি নেতা মামুন হোসেনের বিরোধ চলে আসছিল। এছাড়াও তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতাও ছিল। এরই জেরে সোমবার সকালে মামুন হোসেন বরাদ, তার তিন ছেলে হৃদয়, মারুফ হোসেন, জয় এবং তার সহযোগি শহিদুল ইসলাম রাম দাসহ দেশীয় অস্ত্রসশ্ত্র নিয়ে হাসানের উপর হামলা চালায়। হত্যার উদ্দেশ্যে তাকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় হাসানকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি গওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
শরিফুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের ছত্রছায়ায় তার ইন্ধনেই এই নৃশংস হামলা চালানো হয়েছে।
আহত হাসানের পরিবার আরও অভিযোগ নির্মম এই ঘটনায় মামলা দায়ের না করার জন্য একটি প্রভাবশালী মহল থেকে তাদের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করা হচ্ছে। নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ বিষয়ে আহতের পরিবার থেকে কোন লিখিত বা মৌখিক অভিযোগ আমরা পাই নাই। অভিযোগ পেলে আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রিপোর্টার: 

















