সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে উত্তর শ্যামপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং গ্রামীণ ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ ফাইনাল খেলা উপভোগ করেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোয়াজ্জেম মাসুদ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার তুলে দেন তিনি।
এ সময় মো. মোয়াজ্জেম মাসুদ বলেন, “খেলাধুলা শুধু শারীরিক বিকাশ ঘটায় না, এটি তরুণদের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে উৎসাহিত করে এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলাকার তরুণদের ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম, দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ হোসেন এবং দেশীগ্রাম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মোজাফফর হোসেন।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক কমিটির সদস্য এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা টুর্নামেন্টে অংশ নেওয়া বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টকে ঘিরে উত্তর শ্যামপুর এলাকায় দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 






















