সিরাজগঞ্জের তাড়াশে সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে আশরাফ আলী নামে এক ব্যক্তিকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাণ্ডা-বেওয়াসীন এলাকায় সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা করেন একই এলাকার আব্দুল লতিফ। স্থানীয় বাসিন্দা ও মাধানগর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আশরাফ আলী এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফ, জাকারিয়া হোসেন, খবির উদ্দিন, বাটুলসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় আশরাফ আলী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী ও শালিকার কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি।
পরে স্থানীয়রা আহত আশরাফ আলীকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাস্তাটি এলাকার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ পথ। রাস্তার জায়গায় স্থাপনা নির্মাণ করা হলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে। তারা সরকারি রাস্তা ও জায়গা দখলমুক্ত রাখার দাবি জানান।
তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, ‘অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















