কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের উদ্যোগে ৪র্থ বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল আজ।
মাহফিল কমিটির পক্ষ থেকে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে তালজাঙ্গা খেলার মাঠে এই তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। চলবে কুরআন ও হাদিসের আলোচনা।
মাহফিলে সভাপতিত্ব করবেন, তাড়াইল উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি, তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা ফয়েজ উদ্দিন। সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন, তালজাঙ্গা ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের উপদেষ্টা হযরত মাওলানা নুরুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাফসির পেশ করবেন, খতিবে আযম ও উপমহাদেশের প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তাফসির পেশ করবেন, সিলেট দরগা মাদরাসার শায়খুল হাদীস মুফতি আবুল খায়ের বিতলঙ্গী।
তালজাঙ্গা ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের
সভাপতি মাওলানা আতাউর রহমান বলেন, ইউনিয়নের যুবকদের নৈতিক অবক্ষয় রোধ এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে প্রতি বছর আমরা এই মাহফিলের আয়োজন করে থাকি। সকলের সহযোগিতায় মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করতে চাই।
মাহফিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে।

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 
























