আট বছর চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অর্থ বিভাগের ১৭ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করেছে সরকার। এতে নতুন গ্রেডে তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার থেকে ১ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে ২২ নভেম্বর প্রজ্ঞাপনটি জারি করা হয়।
অর্থ বিভাগের উপসচিব মো. আবু উবায়দ রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১৭ কর্মকর্তার মধ্যে একজনের ক্ষেত্রে নবম গ্রেড কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে।
বাকি ১৬ জন এ সুবিধা পাবেন ২৬ সেপ্টেম্বর থেকে।
চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬-এর অনুচ্ছেদ ৬(১) অনুযায়ী, নির্ধারিত পদে আট বছর চাকরি পূর্ণ হওয়ায় তাদের উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে তারা জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী নবম গ্রেডের বেতন-ভাতা পাবেন।
নতুন বেতনকাঠামোয় নবম গ্রেডের মূল বেতন শুরু ৪৪ হাজার টাকা থেকে, সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ৫০০ টাকা। অন্যদিকে দশম গ্রেডের মূল বেতন ছিল ১৬ হাজার ৫০০ থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 





















