নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত দুই নেতার কবর জিয়ারত ও তাদের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা প্রথমে নিহত দুই নেতার কবর জিয়ারত করেন। পরে তারা দুই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রতিশ্রুতি দেন, সবসময় তাদের পাশে থাকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল ইসলাম, বিএনপি খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকসহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কালিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোডাউন বের করেন।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউনে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমান এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সোহেল মোল্যা নিহত হন।
পরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ আছর কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















