নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে পথরোধ করে রক্তাক্ত জখম এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এসআরবি-৫, রাজশাহী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তাঁর দুই সঙ্গী ও ভ্যানচালককে নিয়ে ভ্যানে করে আত্রাই হাটে সুপারি কেনার উদ্দেশ্যে রওনা দেন। পথে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের ‘চকের ব্রিজ’ নামক স্থানে পৌঁছালে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে তাঁদের রক্তাক্ত জখম করা হয়। পরে তাঁদের কাছ থেকে নগদ ৪৫ হাজার ৮০০ টাকা ও ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় একটি মামলা করেন।
মামলার পর এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) ও এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে ইপিজেড মোড় এলাকা থেকে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















