নরসিংদীতে হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৯টি মামলার আসামি সনেটকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঁচরুখী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী শহরের শালিধা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে নরসিংদী সদর মডেল থানার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।
গ্রেপ্তার সনেট (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া (বকুলতলা) মহল্লার বাদল মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঁচরুখী বাসস্ট্যান্ড এলাকা থেকে সনেটকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেখানো মতে নরসিংদী শহরের শালিধা মহল্লায় মানিক মিয়ার বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সনেট অস্ত্র ও গুলি মজুত রেখেছিলেন। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, সনেটের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন জেলায় মোট ২৯টি মামলা রয়েছে।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















