তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি রাস্তার পাশে লাগানো গাছ নিজের দাবী করে কেটে নিয়ে গেলেন আব্দুল মমিন নামে এক ব্যক্তি।
১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে উপজেলার তালম ইউনিয়নের কলামোলা গ্রামে রানীরহাট-বারুহাস আঞ্চলিক সড়ক থেকে ২০ ইউক্যালিপটাস গাছ কেটে নেন তিনি। অভিযুক্ত আব্দুল মমিন স্থানীয় বিএনপি নেতা তৌহিদুল ইসলামের ভগ্নিপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সিরাজগঞ্জ বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, ২০০০ সালে সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে রানীরহাট-বারুহাস গ্রামীণ সড়কের পাশে ইউক্যালিপটাস গাছগুলো রোপণ করা হয়। বর্তমানে গাছগুলোর বাজারমূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা। শুক্রবার এসব গাছ নিজের দাবি কেরে কাটতে শুরু করেন আব্দুল মমিন। বিষয়টি জানতে পেরে দুপুর ২টার দিকে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা গিয়ে গাছ কাটতে নিষেধ করেন।
তিনি চলে যাওয়ার পর নিষেধ অমান্য করে আরও বেশি শ্রমিক লাগিয়ে ও মেশিন দিয়ে গাছ কেটে নেন মমিন।
এ বিষয়ে আব্দুল মমিন জানান, নিজেদের জমির গাছ কেটেছেন তারা। শুধু গাছ নয়, পুরো সড়কটিই আমাদের জমিতে। গাছ না লাগালেও জমির মালিক আমরা। এ জন্য কেটে নিচ্ছি। গাছ কাটতে প্রশাসনের কেউ নিষেধও করেনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার থাকায় এতদিন গাছ কাটতে পারিনি। এখন উপযুক্ত সময়, তাই কাটছি।
উপজেলা বন কর্মকর্তা মো. কামরুজ্জামানবন বলেন, গাছ কেটে নেওয়া হচ্ছে; কিন্তু আমরা কিছুই জানি না। সরকারি গাছ এভাবে কেটে নেওয়ার এখতিয়ার নেই কারও। ঘটনাস্থলে আমাদের লোকজন গেছে। এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.জেড. এম নাহিদ হোসেন বলেন, গাছ কাটা বন্ধ করা হয়েছে। গাছগুলো ব্যক্তিমালিকানাধীন জমিতে কিনা– তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রিপোর্টার: 

















