সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রামের গুচ্ছ-গ্রাম পাড়ার এলাকাবাসীর ভোগান্তি দূর করতে সামাজিক দায়িত্ববোধ থেকে নিজ খরচে সড়ক মেরামতের কাজ করেছেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সফল সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ।
আজ সোমবার (২২শে ডিসেম্বর) সকাল থেকে তার নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী দেশীগ্রামের গুচ্ছ-গ্রামের আনোয়ার হোসেনের বাড়ি থেকে নওশেরের বাড়ি পর্যন্ত ভাঙা রাস্তা সংস্কার কাজে অংশ নেন। যেসব স্থানে ভাঙন দেখা দিয়েছিল, সেগুলোকেও মেরামত করা হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এসব সড়কে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছিল। বর্ষায় কাঁদা ও গর্তের কারণে মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এবার রাস্তা মেরামতের ফলে অন্তত শতাধিক পরিবার উপকৃত হবে বলে আশা করছেন এলাকাবাসী।
বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন বলেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোই একজন নেতার মূল দায়িত্ব। আমরা চেয়েছি নিজেরাই এমন কিছু করতে, যাতে এলাকার মানুষ উপকৃত হয়।
এ ধরনের সামাজিক কাজে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 

















