সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম জাওয়াদের নেতৃত্বে কর্মসূচিটি পালিত হয়। এ সময় রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য পবিত্র, আসিক, শুভ ও বিজয় মাহাতোসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। ‘টিএসআই জাওয়াদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে জানা যায়। আইডিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই নেতার বলে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি)দুপুরে এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “এ সংক্রান্ত একটি ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 


















