নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ওসমান গণির নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানটি বেগমগঞ্জ মডেল থানার আওতাধীন চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লাতু হাজীর বাড়ির কবরস্থানের উত্তর পাশে একটি পুকুর ঘাট এলাকায় পরিচালিত হয়। এ সময় করিমপুর এলাকার বাসিন্দা মোঃ শাহাদাত হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ডিবি পুলিশ তৎপর রয়েছে।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 

















