নরসিংদীর পলাশে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে সড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে এ ঘটনা ঘটে। নিহত মাসুম মিয়া ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৈদ্যুতিক খুঁটির নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ওই খুঁটি থেকে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, নিহত মাসুমের বিরুদ্ধে বিভিন্ন স্থানে চুরির অভিযোগ রয়েছে।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















