দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার মামা তাজেল তালুকদারকে (৫৫) আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।
রোববার (২২ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে অভিযুক্তকে আটক করে হাকিমপুর থানা পুলিশ। তাজেল তালুকদার উপজেলার মৃত মইনুদ্দিন তালুকদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা জীবিকার প্রয়োজনে সৌদি আরবে অবস্থান করছেন। তার বাবা থাকেন ঢাকায়। ফলে দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে শিশুটি নানাবাড়িতে বসবাস করত। অভিযুক্ত ব্যক্তি শিশুটির মামা। একই বাড়িতে পাশাপাশি ঘরে তাদের বসবাস ছিল।
এজাহারে উল্লেখ করা অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার রাতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন তাজেল। পরে তাকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাসান আলী (হাকিমপুর), দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















