জামালপুরের বকশীগঞ্জে ইঁদুর মারার বিষ পান করে মুসলিমা (১৩) নামে এক কিশোরী মাদরাসাছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোন্দেরচর এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত মুসলিমা ওই গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা ইঁদুর মারার বিষ পান করে মুসলিমা। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি দেখে স্বজনরা বিষয়টি টের পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল হাসপাতাল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে ঠিক কী কারণে এই কিশোরী আত্মহননের পথ বেছে নিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন— ”খবর পাওয়ার পরপরই আমরা মরদেহ উদ্ধার করেছি। কিশোরীর আত্মহত্যার সঠিক কারণ উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 

















