মু. আসাদুল্লাহ খান
মনের কথা লিখতে কলম
বায়না বড়ই ধরে,
মন বলে মোর দ্বীপ্ত জবান
তিক্ত সবার তরে।
আমি কবি কবি সাজি কি করিব আজি
হৃদয়ে যোদ্ধা ছোটে,
মোর ধারালো কলম ভুলি বেমালুম
তরবারি সম কোটে।
আমি বলি বলি করি তবু বলিনাকো
মনের অনেক কথা,
পাছে ভুল বোঝে সবে বিরক্ত হয়
পাইয়্যা মর্মে ব্যাথা।
সত্য সত্য করিবে সবাই
সত্য সবার প্রিয়,
সেই সত্যের সাজে সাজিলে আবার
হতে হয় অপ্রিয়।
অপরের মাঝে খুঁজিতে বিবেক
সর্বদা মোরা ব্যাস্ত,
হেথা নিজের বিবেক জলাঞ্জলিত
শয়তান হাতে ন্যাস্ত।
বলে সুশীল সুলভ রায় দূর্লভ
সিরাজ ভ্রষ্ট অতি,
আমি বেচিয়া স্বদেশ করিয়াছি বেশ
নবাব নষ্ট মতি।
মোর এদোষ ওদোষ মহা মহা দোষ
জ্বলে সুশীলের দেহ,
শুধু কোন সত্যেরে প্রকাশিয়া দোষী
দেখিতে চাহেনা কেহ।
আমি জালিমেরে দিয়ে গালাগাল
হই বেয়াদব সন্ত্রাসী,
ওরা ধরে দুইডাল খুলিয়া কপাল
হাসে সুশীলের হাসি।
আমি চিনি চিনি তোরে চিনিগো সুশীল
তুই সেই মহাজন,
কেতাদুরস্ত-পরিপাটি বেষ
রক্তচোষার মন।
তুই যতই ধরিস মেষেদের ভান
আদতে শিয়াল জানি,
মোর অসি-মসি সদা প্রস্তুত
তোরে করিব বাহির টানি।
তুই দুনিয়ার লোভী, বস্তুর বাদী
জালিমের ছায়া-রেশ,
আমি মহাকাল মাঝে রহিয়াছি মিশে
করিতে তোদের শেষ।

রিপোর্টার: 




















