দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৩০ কেজি ওজনের প্রাচীন পাথরের মূর্তি প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ সংঘবদ্ধ চোরাচালানী চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানা পুলিশ। উদ্ধারকৃত পাথরের খণ্ডাংশগুলোর মোট সিজার মূল্য ৮৫ লাখ টাকা।
সোমবার (১৬ নভেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তির নাম মো. মোমিন ইসলাম (৪৪)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাকুরপাড়া গ্রামের মৃত আব্দুর রইস উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, বিশ্বস্ত স্থানীয় সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জসংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমানা এলাকার ছত্রা বাজারের পাশে জনমানবহীন একটি টিনের ঘরে কষ্টি ও বেলে পাথর মজুত করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের (দুই নারী সৈনিকসহ) একটি বিশেষ টহল দল এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি টিনের ঘর থেকে ১টি বেলে পাথরের শিলাখণ্ড (ওজন ৯০ কেজি), ১টি ছোট কষ্টি পাথরের খণ্ড (ওজন ২০ কেজি) এবং ১টি শিবলিঙ্গের খণ্ডাংশ (ওজন ২০ কেজি)—সর্বমোট ১৩০ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন জব্দ করা হয়। এ সময় চক্রের এক সদস্যকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক আসামির চিকিৎসাসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে পীরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া একই দিন নওগাঁর বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের নিকট এসব নিদর্শন নিয়ে গিয়ে প্রত্নতাত্ত্বিক সঠিকতা যাচাই সনদ (সার্টিফিকেট) সংগ্রহের প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
জনতার কণ্ঠ/এসএ

জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















