সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা ভবনের ছাদে উঠে গাছে পানি দেওয়ার সময় ছাদ থেকে পড়ে বায়েজীদ (১০) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরের দিকে সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত বায়েজীদ সারটিয়া কলেজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে হাট সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা ভবনের ছাদে গাছে পানি দিতে উঠেছিল বায়েজীদ। পানি দেওয়ার এক পর্যায়ে সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, গাছে পানি দেওয়ার সময় ছাদ থেকে পড়ে এক ছাত্র গুরুতর আহত হয়। তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৪টার দিকে তার মৃত্যুর খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















