সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় উপ- সহকারী প্রকৌশল সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্ল্যান-ডিজাইন সিন্ডিকেটের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশন। সোমবার বিকেলে সংগঠনের উদ্যোগে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের সভাপতিত্বে সংগঠনের নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার কবির উদ্দিন, ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম ও ইঞ্জিনিয়ার রিয়াদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাঁত শিল্পে সমৃদ্ধ বেলকুচি পৌরসভার উপ- সহকারী প্রকৌশলী শাহ আলম এলাকার বিভিন্ন বাসা-বাড়ির নকশা ও ডিজাইন অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম, বিলম্ব এবং প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে সাধারণ জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যার সমাধান এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়া তার বিরুদ্ধে বাড়ির মালিকদের ভয়ভীতি প্রদর্শন, অতিরিক্ত হয়রানি এবং নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে প্ল্যান ও ডিজাইন গ্রহণে বাধ্য করার অভিযোগ উঠেছে।
তবে প্রকৌশলী শাহ আলম সকল অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান জানান, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম 



















