সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু: পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট Logo বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয় Logo মুক্তির পথে আইভী, আপিলেও মিলল জামিন Logo ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা  Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বৈরী আবহাওয়া ও কম দামে দিশেহারা নাচোলের বোরো চাষিরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন স্থানীয় কৃষকরা। প্রতি বিঘা জমিতে ২০ থেকে ২৫ মণ ধান পাওয়ার আশা থাকলেও মিলছে মাত্র ১২ থেকে ১৮ মণ। উৎপাদন কম হওয়ার পাশাপাশি বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

কৃষকদের দাবি, সার, কীটনাশক ও শ্রমিকের বাড়তি খরচের তুলনায় ধানের দাম একেবারে তলানিতে ঠেকেছে। তার ওপর কয়েক দিনের বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে অনেকের কাটা ধান পানির নিচে তলিয়ে গেছে। ফলে ধান শুকানো ও ঘরে তুলতে অতিরিক্ত শ্রমিক খরচ গুনতে হচ্ছে। এতে লোকসানের পরিমাণ আরও বাড়ছে।

স্থানীয় কৃষক সন্তশ হাঁসদা বলেন, “আমরা গরিব মানুষ। ঋণ করে বোরো ধানের আবাদ করেছি। কিন্তু বৃষ্টির কারণে কাটা ধান পানিতে ডুবে যাচ্ছে। প্রতিদিন ধান নিচু জায়গা থেকে উঁচু জায়গায় নিয়ে শুকাতে হচ্ছে। এরপরও কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না।”

তবুও কষ্টার্জিত ফসল ঘরে তুলতে পেরে কিছুটা আনন্দিত কৃষকরা। তবে বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় সেই আনন্দ অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে।

আরেক কৃষক মজিবর বলেন, “বৃষ্টির কারণে কাটা ধান পানির নিচে ডুবে গেছে। এতে ধানে গাছ বের হয়ে যাচ্ছে। এ ধরনের ধান বাজারে বিক্রি করা যাচ্ছে না। ফলে আমাদের বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে।”

স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে দ্রুত মাঠের ধান কেটে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

চলতি মৌসুমে নাচোল উপজেলায় প্রায় ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। কৃষকদের দাবি, ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে ক্ষতি কাটিয়ে উঠতে চান তারা।

আগামীকাল পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল রোববার (৯ মে) থেকে শুরু হচ্ছে চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬। এ দিন সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন।

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রী পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। এ সময় তিনি পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদক পরিয়ে দিবেন।

পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। আগামী ১৩ মে এবারের আয়োজন শেষ হবে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অগ্রযাত্রা অনেকাংশে নির্ভর করে। বিভিন্ন জাতীয় আয়োজন ও ক্রান্তিকালীন সময়েও পুলিশ বাহিনীর নৈর্ব্যক্তিক, পেশাদার ও জন-বান্ধব ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অপরাধের ধরন জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সদস্যদের এআই, ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি, ডিজিটাল ফরেনসিকস-সহ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বর্তমান সরকার একটি সমৃদ্ধ ও স্বনির্ভর ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। তবে ঘরে-বাইরে জনমনে নিরাপত্তা, স্বস্তি না থাকলে লক্ষ্য অর্জন দুরূহ হয়ে উঠবে। এজন্য পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমন এবং জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের উন্নয়ন নিবিড়ভাবে সম্পৃক্ত। এ কারণে পুলিশের উন্নয়নে বিনিয়োগকে সরকার জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা জরুরি।

মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার আহবান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তার বাণীতে বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারিত্বের আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের কাছে সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে, ভুক্তভোগীকে তার প্রাপ্য আইনি সেবা পেতে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়- সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

এ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ সপ্তাহ উপলক্ষে পৃথক বাণী দেন।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন।

উল্লেখ্য, বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে ২০২৫ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হবে।

বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

সবার আগে বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের মূল্যায়নের আহ্বান : ইঞ্জি. বকুল

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে প্রকৌশলীদের অবদানের কথা উল্লেখ করে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেছেন, যদি বাংলাদেশকে নতুন করে গড়তে হয়, তবে সবার আগে প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন ও স্থান দিতে হবে।

বৃহস্পতিবার (৭ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী “ইঞ্জিনিয়ার্স ডে” উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজপথে ও উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা প্রসঙ্গে ইঞ্জি. বকুল বলেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও রাজপথের সংগ্রামে প্রকৌশলীরা সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ঢাকার রাজপথ থেকে শুরু করে সারা দেশের প্রতিটি সমাবেশে প্রকৌশলীরা সক্রিয় ছিলেন। তবে কেন আজ তারা অবহেলিত হবে? প্রকৌশলীরা কখনো পিছিয়ে ছিল না এবং কেউ বলতে পারবে না তারা রাজপথে ছিল না।

কারিগরি মন্ত্রণালয়ে প্রকৌশলীদের নেতৃত্বের দাবি জানিয়ে তিনি প্রতিটি দপ্তরে দক্ষ প্রকৌশলী নিয়োগের ওপর জোর দিয়ে বলেন, বর্তমানের বিভিন্ন মন্ত্রণালয়ে নন-টেকনিক্যাল ব্যক্তিদের আধিপত্য কাম্য নয়।

তিনি উল্লেখ করেন যে, বিমান, শিল্প, এলজিইডি, রেল ও বিদ্যুৎসহ প্রতিটি সেক্টরে পেশাদার প্রকৌশলীদের সরাসরি সম্পৃক্ততা প্রয়োজন। সচিব পর্যায়সহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী স্থানে প্রকৌশলীদের বিজয় নিশ্চিত করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার শাসন আমলের উদাহরণ টেনে তিনি বলেন, সে সময় প্রকৌশলীদের মূল্যায়ন ও বিভিন্ন কমিশন গঠনের মাধ্যমেই দেশ উন্নতির দিকে এগিয়ে গিয়েছিল। পেশাদারিত্বের মূল্যায়ন না করা হলে, ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে না। প্রকৌশলীদের বাদ দিয়ে বাংলাদেশ সবার শেষে পড়ে থাকবে।

আইইবি’র প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, এমপি, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনসহ দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট প্রকৌশলী ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকৌশলীদের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়।

ফুলজোড় নদীর কচুড়িপানায় ভাসমান দোকান, গড়ে উঠেছে ব্যতিক্রমী বিনোদন কেন্দ্র

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের বকুলতলা এলাকায় ফুলজোড় নদীতে জমে থাকা বিশাল কচুড়িপানার স্তূপকে ঘিরে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী দৃশ্য। নদীর মাঝখানে ভেসে থাকা এই কচুড়িপানার ওপর গড়ে উঠেছে কয়েকটি অস্থায়ী ভ্রাম্যমাণ দোকান। সেখানে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ। বিকেলের পর থেকে এলাকাটি যেন ছোট্ট এক বিনোদনকেন্দ্রে রূপ নেয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পানির প্রবাহ কমে যাওয়ায় কয়েক দিনের ব্যবধানে বিপুল পরিমাণ কচুড়িপানা এক জায়গায় জমে বড় আকার ধারণ করে। পরে স্থানীয় কিছু ব্যবসায়ী সেখানে চা, চানাচুর, ফুচকা ও বিভিন্ন খাবারের দোকান বসান। এরপর থেকেই ব্যতিক্রমী এই দৃশ্য দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন।

বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। শিশু-কিশোররা খেলাধুলা ও দৌড়াদৌড়িতে মেতে ওঠে। অনেকেই পরিবার নিয়ে ঘুরতে আসছেন। কেউ হাঁটাহাঁটি করছেন, আবার কেউ ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।

স্থানীয় বাসিন্দা মো. মফিজুল ইসলাম দলু বলেন, “নদীর ওপর এমন কচুড়িপানার স্তূপ আগে খুব একটা দেখা যায়নি। তাই এটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ আসছেন।”

মো. মেহেদী হাসান বলেন, “বিকেলের দিকে এখানে অনেক মানুষের সমাগম হয়। একদিকে এটি বিনোদনের জায়গা হয়ে উঠেছে, অন্যদিকে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

তবে এই নতুন আকর্ষণকে ঘিরে পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।

স্বেচ্ছাসেবী আল আমিন বলেন, “কচুড়িপানার স্তূপের ওপর অতিরিক্ত মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকা উচিত।”

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও সিয়াম জানান, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে দ্রুত কচুড়িপানা অপসারণ প্রয়োজন। একই সঙ্গে দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তাঁরা।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, “বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভূল্লীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ভূল্লী থানার শুখানপুকুরী ইউনিয়নের পূর্ব শুখানপুকুরী তল্লিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আনারুল ইসলাম (৪১), আব্দুর রহিম (৩৪) এবং হারুন অর রশিদ (৩০)। তারা সবাই পূর্ব শুখানপুকুরী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আনারুল ইসলামের বাড়িতে মাদক বিক্রির সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মধ্যে আনারুল ইসলামের কাছ থেকে ১৭ পিস, আব্দুর রহিমের কাছ থেকে ৮ পিস এবং হারুন অর রশিদের কাছ থেকে ৮ পিস পাওয়া যায়।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে ভূল্লী থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশ ক্ষতিগ্রস্ত হলে চুপ থাকবে না জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু দেশের কোনো ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারের কোনো ভুল হলে তাদের তা ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয় তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু যদি দেশের ক্ষতি হয়, আমরা নীরবে বসে থাকব না। আমরা আওয়াজ তুলব, প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এটাই হবে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের কাজ।

জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সংসদ বিগত সংসদের থেকে ব্যতিক্রম বলে তাদের কাছে মনে হচ্ছে। বিরোধী দল যেমন সরকারের সমালোচনা করছে তেমনই তাদের সহযোগিতাও করছে। এভাবে যদি সবাই দেশকে ভালোবাসে তাহলে জাপানও বাংলাদেশের প্রতি সোহার্দ্য আরও বাড়িয়ে দেবে।

বিস্তারিত আসছে…

বিএসএফের গুলিতে সীমান্তে দুই বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা বন্দুকের গুলিতে কলেজছা্ত্রসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে। মরদেহ দুটি দেশে ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তৎপরতা শুরু করেছে।

নিহতরা হলেন- কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি এলাকার হেবজু মিয়ার ছেলে মো. মোরছালিন (২০)। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। মারা যাওয়া অপরজন একই ইউনিয়নের মানিক্য মুড়ি গ্রামের নবীর হোসেন।

শুক্রবার (০৯ মে) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে কসবা উপজেলার ধজনগর সীমান্তের ভারত অংশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে কসবার প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহযোগিতায় চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করে।

পরে ভারত থেকে চোরাই মালামাল নিয়ে ফেরার পথে বিএসএফের ৫৯ ব্যাটালিয়ানের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়। এসময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশি চোরাকারবারিদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে বলে দাবি করা হয়।

একপর্যায়ে বিএসএফ সদস্যরা ছররা বন্দুক থেকে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে কসবা উপজেলার ধজনগর গ্রামের মো. মুরসালিন (২০) গুরুতর আহত হন। পরে ভারতের একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আহত অপরজন একই ইউনিয়নের মানিক্য মুড়ি গ্রামের নবীর হোসেনও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিজিবি জানায়, আহত দুইজনকে ভারতের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে বিএসএফ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ঘটনার পর ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফ কমান্ডেন্টের সঙ্গে যোগাযোগ করে নিহতদের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছেন। একইসঙ্গে বিএসএফকে প্রটেস্ট নোট পাঠানো এবং ফ্ল্যাগ মিটিং আয়োজনের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশি মারা গেছেন। তাদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। হাসপাতালে ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম কালবেলাকে বলেন, নিহত মুরসালিন একজন কলেজছাত্র। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বিজিবি।

দুই কর অঞ্চলে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে

চাকরির সুযোগ দিচ্ছে চট্টগ্রাম কর অঞ্চল-৫ এবং কর অঞ্চল-৬। প্রতিষ্ঠান দুটি তাদের ১৩ থেকে ২০ গ্রেডের শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উভয় কর অঞ্চলে ১২৬ জন করে মোট ২৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৭ জুন ২০২৬।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

বেতন স্কেল: (গ্রেড–১৩) ১১,০০০–২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ৮

কর অঞ্চল- ৫ (০৪টি), কর অঞ্চল-৬ (০৪টি)

বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. পদের নাম: প্রধান সহকারী

পদসংখ্যা: ৪৪

কর অঞ্চল- ৫ (২২টি), কর অঞ্চল-৬ (২২টি)

৪. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৪৪

কর অঞ্চল- ৫ (২২টি), কর অঞ্চল-৬ (২২টি)

বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪৬

কর অঞ্চল- ৫ (২৩টি), কর অঞ্চল- ৬ (২৩টি)

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫৪

কর অঞ্চল-৫ (২৭টি), কর অঞ্চল-৬ (২৭টি)

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৭. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫৪

কর অঞ্চল- ৫ (২৭টি), কর অঞ্চল-৬ (২৭টি)

বেতন স্কেল: (গ্রেড-১৪) ৮,২৫০-২০,১০০ টাকা।

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখে ১৮–৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

কর অঞ্চল- ৫: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

কর অঞ্চল- ৬: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি

১ থেকে ৬ নং পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;

৭ নং পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮ মে ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৭ জুন, ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত দেখুন সংশ্লিষ্ট কর অঞ্চলের ওয়েবসাইটে (www.taxeszone5.chittagong.gov.bd এবং https://tax6.chattogram.gov.bd/)।

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের বানানো ‘স্মার্ট কারে’ চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (০৯ মে) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকিমুল ইসলাম।

এসময় তার বানানো ছোট এই বাহনটি দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীকে নিয়ে স্মার্ট কারটি চালিয়ে দেখান ওয়াকিমুল ইসলাম। ব্যাটারি চালিত বিশেষ এই যানের নাম দেওয়া হয়েছে ‘এ টু আই স্মার্ট কার’।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ১৭ বছরের তরুণের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কম খরচে আরো আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন। প্রধানমন্ত্রী এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মার্ট কার তৈরির গল্প শুনিয়েছেন ওয়াকিমুল ইসলাম। বিশেষ চাহিদাসম্পন্ন এই তরুণ জানান, এক সময় তিনি সারাদিন বাসায় বসে থাকতেন, বাহিরে বের হতে পারতেন না। কীভাবে বাহিরে একা চলাফেরা করা যায়, সেই চিন্তা থেকে তিনি কারটি বানানো শুরু করেন।

ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে পড়েন। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর পিতা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ওয়াকিমুল ইসলাম জানান, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরো উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব। এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়া বয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন।

ওয়াকিমুল ইসলামের সঙ্গে এসেছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, গাড়িটি বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুভেন্দুর শপথ গ্রহণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন অধ্যায়

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেছে বিজেপি। দলটির নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

শনিবার (০৯ মে) সকালে তিনি শপথ নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর আর. এন. রবি শুভেন্দু অধিকারী ও অন্যদের শপথবাক্য পাঠ করান। কয়েক দিন আগে ২৯৪ সদস্যের বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। এ জয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে।

একসময় শুভেন্দু অধিকারী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠছিলেন, তখন তার অন্যতম সহযোদ্ধা ছিলেন অধিকারী। আর আজ, সময়ের পালাবদলে সেই একই মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তিনি, যার পাশে একসময় সহযোগী হিসেবে কাজ করেছিলেন।

শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভায় রয়েছেন কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে আছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। তারা সবাই আজ শপথ নিয়েছেন।

তিন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) সকালে ১০:৪৫ মিনিটে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) প্রবেশ করেন তিনি।

দলীয় সূত্র জানায়, বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ মতবিনিময় সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়। এ সময় দলীয় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন বলে জানা গেছে।

স্ত্রী-সন্তানসহ পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যা করে পালালেন স্বামী

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ নিজের পরিবারের পাঁচ সদস্যকে গলাকেটে হত্যার করে পালিয়ে গেছেন স্বামী। অভিযুক্ত স্বামী ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে খুনের কথা স্বীকার করে পালিয়ে গেছেন।

নিহতরা হলেন  ফোরকানের স্ত্রী শারমিন (৩৫), মেয়ে মিম (১৫), মারিয়া (১২), শিশু কন্যা ফারিয়া (১) এবং শ্যালক রসুল। তারা কাপাসিয়ার রাউতকোনা গ্রামের জনৈক মনির হোসেনের বাড়ির নীচতলা ভাড়া নিয়ে থাকতেন।  তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর এলাকায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় মনির হোসেনের বাসায় পরিবারসহ ভাড়া থাকতো ফোরকান মিয়া। শনিবার সকাল সোয়া ৮টার দিকে থানায় খবর আসে যে, ফোরকান মোবাইল ফোনে তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে জানিয়েছেন— তিনি পাঁচজনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহগুলো উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের ভেতরে শিশুদের মরদেহ পাশাপাশি পড়ে ছিল। অপরদিকে শারমিন ও তার ভাই রসুলের মরদেহ আলাদা স্থানে পাওয়া যায়। ঘটনাস্থলের বিভৎস দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, ফোরকান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারে ঝগড়া-বিবাদ লেগে থাকত। এলাকাবাসীর ধারণা, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তারা জানান, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে পলাতক ফোরকানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

শনিবার (৯ মে) ভোরে উপজেলার বাউশিয়া এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাক মহাসড়কের মাঝখানে উল্টে গেলে এ যানজটের সূত্রপাত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করে।

জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন।

ট্রাকচালক আলাউদ্দিন বলেন, “তেতৈতলা হাস পয়েন্ট এলাকা থেকে জ্যামে আটকে আছি। ভাটেরচর পর্যন্ত আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।”

বাসচালক রাসেল জানান, “বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় ৩০ মিনিট সময় লেগেছে।”

এক বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রায়ই এই মহাসড়কে যানজট লেগেই থাকে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারি না।”

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাতে সিমেন্টবোঝাই একটি ট্রাক মহাসড়কের মাঝখানে উল্টে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।

রানীনগর-সান্তাহার সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ১, আহত ৬

নওগাঁর রানীনগর-সান্তাহার সড়কের লছিরের বাগান এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী টমটম ও মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে রানীনগর থেকে সান্তাহারগামী সড়কের লছিরের বাগান সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী টমটম ও বিপরীত দিক থেকে আসা একটি মহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। প্রচণ্ড এই ধাক্কায় টমটমে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেন (৬৫)।

স্থানীয়রা জানান, মহেন্দ্রটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল, যা এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ বলে তারা মনে করছেন।

দুর্ঘটনায় আহত ছয়জনের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা হলেন — নওগাঁ সদর থানার কোমাইগাড়ী গ্রামের মোঃ মনসুর (৫৫), পিতা: কাসির সরকার এবং একই গ্রামের মাহমুদ জুয়েল (৫২), পিতা: আবুল সরকার।

এছাড়া রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন শিশুসহ মোট পাঁচজনকে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃতরা হলেন মোছাঃ রাফিয়া খাতুন (৫০), স্বামী: নজরুল ইসলাম,রাজিয়া সুলতানা (৩০), স্বামী: আবু কাশেম,আবু তোহা (২), পিতা: আবু কাসেম,  (প্রতিবন্ধী শিশু),মোঃ হুনাইব (২০), পিতা: আব্দুল বারিক।

উল্লেখ্য, আহতদের মধ্যে একজন প্রতিবন্ধী শিশুও রয়েছে। সকলেই জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনাস্থনটি রাণীনগর ও আদমদিঘী থানার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় প্রথমে রাণীনগর থানায় খবর দেওয়া হয়। পরে সরেজমিনে দেখা যায় ঘটনাস্থনটি আদমদিঘী থানার আওতাধীন। এরপর আদমদিঘী থানা পুলিশ ঘটনাস্থন পরিদর্শন করে দুর্ঘটনায় জড়িত টমটম ও মহেন্দ্র দুটি যানবাহন জব্দ করে।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতোয়ার জানান, ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আজই মুখ্যমন্ত্রীর শপথ নিচ্ছেন শুভেন্দু, সরলো মমতার নামফলক

আজকেই (৯ মে) পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কয়েক ঘণ্টার মধ্যেই শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। নতুন মুখ্যমন্ত্রীর শপথকে ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে বিধানসভায় মমতা ব্যানার্জীসহ তার মন্ত্রী পরিষদের নামফলক সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে শুক্রবার (৮ মে)  পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে বিজেপি।  নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পর শুরু হয় প্রস্তুতি। বিধানসভা, নবান্ন ও ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সব জায়গায় চলে সাজসজ্জার কাজ।

বিধানসভা থেকে সরানো হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ পূর্বতন মন্ত্রিসভার একাধিক সদস্যের নামফলক। সাবেক মুখ্য সচেতক নির্মল ঘোষ, সাবেক ডেপুটি চিফ গভর্নমেন্ট হুইপ দেবাশিস কুমার এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামফলকও খুলে ফেলা হয়েছে। আগামী সোমবার থেকে বিধানসভায় নির্ধারিত কক্ষেই বসবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতা শহরে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। তবে জরুরি পরিষেবা এ ব্যবস্থার বাইরে থাকবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় কলকাতার রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এ সময় ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের স্বাক্ষরসহ সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদনপত্র রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়।

এর আগে কলকাতার নিউ টাউনের একটি কনভেনশন হলে বিজেপির পরিষদীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে দলীয়ভাবে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করার ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে অমিত শাহ বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন উপহার দিয়েছে এবং রাজ্যকে উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে চায়।

সব মিলিয়ে কলকাতাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে রাইটার্স ভবন পর্যন্ত চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে কলকাতা।

ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্য

উচ্চ মূল্যস্ফীতি দেশের অর্থনীতি ভঙ্গুর করে দিয়েছে। জ্বালানি তেল ও গ্যাসের পাশাপাশি যাতায়াত ভাড়া, খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম বেড়েছে। 
উচ্চ মূল্যস্ফীতিতে কমেছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা। পাড়ামহল্লার দোকানগুলোতে কমেছে বিক্রির পরিমাণ।
মানুষের আয় না বাড়লেও বেড়েছে ব্যয়। আয়ব্যয়ে ভারসাম্য করতেই হিমশিম খাচ্ছেন মধ্য এবং নিম্নমধ্যবিত্তরা।
খরচ কমাতে কেনাকাটার পরিমাণেও কাটছাঁট করতে হচ্ছে তাদের।রাজধানীর খিলক্ষেতে একটি বেসরকারি স্কুলের শিক্ষক মো. আতিক ইসলাম মুদি দোকান থেকে গতকাল ১ লিটার সয়াবিন তেল কেনেন ২০০ টাকায়। 
তিনি দুই দিন আগেও বাজার করেছেন। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘ঢাকায় ২২ হাজার টাকা বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। খরচ কমাতে সাপ্তাহিক বাজার না করে দুই দিন পরপর বাজারে আসতে হয়। যতটুকু প্রয়োজন ততটুকুই কিনি এখন। ছোট মেয়ে ইলিশ মাছ খেতে চেয়েছে। ইলিশ কিনলে অনেক কিছুই বাজারের লিস্ট থেকে বাদ দিতে হবে। সাধ আছে অথচ সাধ্য নেই।’ দীর্ঘশ্বাস ফেলেন তিনি।

বিবিএসের হালনাগাদ তথ্যানুযায়ী, গেল এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ, যা মার্চে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ, যা মার্চে ছিল ৯ দশমিক ০৯ শতাংশ। গত ছয় মাসের মধ্যে পাঁচ মাসই মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি ছিল।

রাজধানীর কারওয়ান বাজার, উত্তরা ১১ নম্বর সেক্টর, রামপুরা, উত্তরা বিডিআর মার্কেট, শান্তিনগর ছাড়াও কয়েকটি বড় বাজার এবং পাড়ামহল্লার মুদি দোকানগুলো মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায়, ক্রেতা তুলনামূলক কম। কারওয়ান বাজারে সয়াবিন তেলের ডিলার বিপ্লব কুমার পাল বলেন, ‘তেলের দাম বাড়লেও এখনো নতুন তেল বাজারে আসেনি। ১ লিটার তেলের বোতল ১৯০-১৯৫ টাকা, ২ লিটার ৩৮০-৩৮৫ টাকা, ৫ লিটার ৯৫০ টাকায় বিক্রি হলেও ক্রেতা নেই তেমন। প্রান্তিক পর্যায়ে বিক্রি না হলে পাইকারি বাজারে বিক্রির পরিমাণ কমে যায়।’ আরেক ব্যবসায়ী মো. ইমন হোসেন বলেন, ‘হাফ লিটার, ১ লিটার তেলের বোতল বিক্রি বেড়েছে। তবে ৫ লিটারের বোতল নিচ্ছেন তারা যারা মাসিক বাজার করেন। ১ লিটার পাম তেল ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কম হওয়ায় বেড়েছে পাম তেল বিক্রি।’

উত্তরায় চোখে পড়ে টিসিবির ট্রাকে ক্রেতার দীর্ঘ লাইন। টিসিবির পণ্য বিক্রেতা নাঈম ইসলাম জানান, সরকারি পণ্যের দাম কম হওয়ায় স্বাভাবিকভাবেই ভিড় বেশি হচ্ছে। টিসিবির পণ্য কিনতে আসা সুরাইয়া বেগম বলেন, ‘অল্প আয়ে ভেবেচিন্তেই খরচ করতে হয়। খুচরা দোকান থেকে পণ্য কিনলে খরচ বেশি হয়। তাই এখানে লাইনে দাঁড়িয়ে অল্প টাকায় পণ্য কিনি। বাকি টাকা অন্য কাজে খরচ করি।’এদিকে ক্রয়ক্ষমতা কমায় মুদি দোকান বা সুপার শপের ক্রেতারা খাদ্যশ্রেণির ভোগ্যপণ্য এবং খাদ্যবহির্ভূত পণ্যের ছোট বা মিনি প্যাকের দিকে ঝুঁকেছেন। সেই সঙ্গে সুপার শপগুলো বড় প্যাকের পণ্য বিক্রি করতে নানান অফার দিচ্ছে। গতকাল উত্তরার ১১ নম্বর সেক্টর বাজারে এই প্রতিবেদকের কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুমাইয়া আক্তার নামে এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘চাকরি শুরু করার পর থেকে বেতন দিয়েই খরচ চালাতে হয়। বাসা, যাতায়াত বাড়া, অন্য আনুষঙ্গিক খরচ বেড়েছে। তাই বড় প্যাকেট না কিনে ছোট প্যাকেট কিনতে হয়। বড় প্যাকেট কিনলে অনেক দিন চলে কিন্তু একসঙ্গে বেশি টাকা খরচ করলে অন্যদিকে খরচ করতে পারি না।’উচ্চ মূল্যস্ফীতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি প্রসঙ্গে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ বলেন, ‘সম্প্রতি মূল্যস্ফীতি আবার বেড়েছে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়া সীমিত আয়ের মানুষের জন্য খুবই চিন্তার বিষয়। কোনো কিছুর দাম বাড়লে সবার আগে এই সীমিত আয়ের মানুষের ওপরই প্রভাব ফেলে। এ ক্ষেত্রে খাদ্যবান্ধব কর্মসূচিগুলো চালু রাখলে সীমিত আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় জিনিসগুলো পেতে পারে। যেসব পণ্য নিম্ন আয়ের মানুষ ব্যবহার করে সেসব পণ্যের দাম নজরদারিতে রাখলে তাদের ভোগান্তি অনেকটাই কমবে। সরকারের উচিত এসব দিকে একটু নজর রাখা।’ 

সরবরাহ স্বাভাবিক থাকলেও বেড়েছে সবজির দাম, ডিমও চড়া  : রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সবজির দাম কেজিতে বেড়েছে ১০-২০ টাকা। মুরগির দাম সামান্য কমলেও ডিম আগের দামেই বিক্রি হচ্ছে। মাছের দামও বাড়তি। অনেক বিক্রেতাদের দাবি, পণ্য পরিবহনের খরচ বেশি ও সাম্প্রতিক বৃষ্টির কারণে সরবরাহ সামান্য কমেছে। তবে কিছু কিছুু বিক্রেতা সবজি সংকটের কথা অস্বীকার করেছেন।

গতকাল মিরপুর-১১ ও মিরপুর-৬ কাঁচা বাজার ঘুরে দেখা যায়, পটোল, ঢ্যাঁড়শ ৬০-৭০ টাকা আর ঝিঙ্গা, করলা, বরবটি ৭০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এসব সবজির দাম ১০-২০ টাকা কম ছিল। তবে  কাঁকরোলের দাম সামান্য কমেছে, বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। গত সপ্তাহে এ সবজির দাম ছিল ১০০-১২০ টাকা। এ ছাড়া আলু ২০-২৫, পিঁয়াজ ৪০-৫০ এবং কাঁচামরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। টম্যাটো ৫০-৬০, পেঁপে ৭০-৮০ ও বেগুন ৭০-৮০ টাকায় পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে পেঁপের দাম ছিল ৬০-৭০ টাকা।

ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০-১৮০ ও সোনালি মুরগি ৩৪০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৮০০-৮৫০ ও খাসির মাংস ১০৫০ থেকে ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মের ডিম ডজন বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়, যা এক মাস আগেও ১১০ টাকায় বিক্রি হয়েছে।  বিক্রেতারা বলছেন, ডিমের চাহিদা বেশি। কিন্তু জোগান কম। সাম্প্রতিক তীব্র দাবদাহে অনেক মুরগি মারা গেছে। তাই ডিমের জোগান কমেছে। রুই ও কাতলা প্রতি কেজি ৩২০-৩৮০, পাঙাশ ১৮০-২০০ এবং তেলাপিয়া ১৮০-২২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। চিংড়ির দাম প্রতি কেজি ৬৫০-৭৫০ টাকা। মাঝারি আকারের কই মাছ ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, সুরমা ৩০০-৩৫০ এবং পাবদা ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিকন মসুর ডাল প্রতি কেজি ১৬০-১৭০ এবং মোটা মসুর ডাল ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। বড় মুগ ডাল ১৪০, ছোট মুগ ডাল ১৭০, খেসারি ডাল ১০০, বুটের ডাল ১১৫ এবং মাষকলাই ডাল ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল ৮৫-৮৮ ও রশিদ মিনিকেট ৭৫-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নন-ব্র্যান্ডের মিনিকেট ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর মিনিকেট মোজাম্মেল বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

গাজীপুরে এক পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে ঘরের ভেতরে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ মে) উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচজনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী, তিন কন্যা সন্তান ও শ্যালক নিহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় ওই পাঁচ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে প্রবাসীর স্ত্রী, তার তিন কন্যা ও শ্যালক রয়েছেন। 
দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।গাজীপুরের কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে।

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু

সদ্য প্রবর্তিত  ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬ পাচ্ছেন  সিরাজগঞ্জের সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনিসহ মোট ১৫ জন এই স্বর্ণপদেক ভুষিত হচ্ছেন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এ পুরস্কার প্রবর্তন করেছে। প্রতি বছর দেশের উন্নয়নে অবদান রাখা গুণী ব্যক্তিদের এ পদকে সম্মানিত করা হবে।

শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়াও খালেদা জিয়া স্বর্ণপদক পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলি, বিসিবি সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)।

শতবর্ষী বৃদ্ধাকে রশি দিয়ে বেঁধে নগদ টাকাসহ ১২ ভরি স্বর্ণ চুরি

নওগাঁর রাণীনগরে শতবর্ষী এক বৃদ্ধাকে রশি দিয়ে বেঁধে দিনে দুপুরে বাড়িতে ঢুকে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এসময় ১২ভরি স্বর্ণসহ নগদ আড়াই লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এঘটনায় ভুক্তভোগী আব্দুস সালাম হোসেন মুক্তা (৬৮) বৃহস্পতিবার (৭মে) রাতের দিকে থানায় অভিযোগ দিয়েছেন। শুক্রবার (৮মে) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন সালাম।
এর আগে গত বুধবার (৬মে) দুপুর একটা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় উপজেলার মাছ ও কাচা বাজার এলাকায় আব্দুস সালাম হোসেন মুক্তার বাড়িতে চুরির এই ঘটনা ঘটে। দিনে দুপুরে বাজারে চুরির এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সালাম হোসেন মুক্তা মৃত তাহের আলীর ছেলে।
জানা যায়, ঘটনার দিন সালাম হোসেন তার শতবর্ষী বৃদ্ধা মাকে বাড়িতে রেখে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে নওগাঁয় যান। আর এই সুযোগে চোরেরা সালামের বাড়িতে ঢুকে তার বৃদ্ধ মাকে একা পেয়ে রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর সালামের ঘরের আলমারি ভেঙ্গে আলমারিতে রাখা রুলি বালা ৩ জোড়া, ২জোড়া কানের দুল, ২টি গলার হার, ২টি গলার চেইনসহ মোট ১২ভরী স্বর্ণ এবং নগদ ২লাখ ৫০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগ সালামের দাবি স্বর্ণ ও নগদ টাকা মিলে এতে তার প্রায় ৩২লাখ ৫০ হাজার টাকার মতো চুরি হয়েছে।
ভুক্তভোগী সালাম হোসেন মুক্তা বলেন, আমরা বাড়িতে ছিলামনা। এই সুযোগটা নিয়েছে চোরেরা। তারা আমার শতবর্ষী মাকে বেঁধে রেখে চুরি করে। আমি ধারণা করছি, আমার বাড়ির সাথে হেলে পড়া একটি আম গাছ দিয়ে প্রথমে বাড়িতে ঢুকে। এরপর তারা আমার মায়ের মুখ ও হাত বেঁধে রাখে যেন কোনো শব্দ করতে না পারে। পরবর্তীতে তারা দরজা ও আলমারি ভেঙে বিভিন্ন গহণাসহ মোট ১২ভরি স্বর্ণের জিনিস চুরি করে। সেই সাথে ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকাও নিয়ে গেছে চোরেরা। অবশ্য চুরির পর মায়ের মুখের বাঁধন খুলে ঘরে শিকল দিয়ে রেখে চলে যায়। এঘটনায় আমার মা হতবম্ব হয়ে আছে। তিনি আক্ষেপ করে আরও বলেন,  একদম বাজারের মধ্যে আমার বাড়ি। এভাবে চুরি হওয়াতে আমিও আশ্চর্য হয়েছি। গত রাতের দিকে থানায় অভিযোগ করেছি।
জানতে চাইলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, খবর পাওয়ার পর ওখানে পুলিশ গিয়েছিল। সবকিছু দেখে এসেছে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
উল্লেখ্য, মাত্র ৪দিনে আগে বাড়ির সামনে থেকে মাত্র তিন মিনিটের ব্যবধানে একটি ১৫০সিসি আরটিআর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। শনিবার (২মে) দুপুরে উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকা থেকে আমিনুল ইসলামের ব্যবহৃত ১৫০সিসি আরটিআর ওই মোটরসাইকেল চুরির ঘটনাটি ঘটে।
আমিনুল ইসলামের বাড়ি উপজেলা সদরের মধ্য রাজাপুর গ্রামে। তিনি মাস্টারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

2 thoughts on “বৈরী আবহাওয়া ও কম দামে দিশেহারা নাচোলের বোরো চাষিরা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু: পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

বৈরী আবহাওয়া ও কম দামে দিশেহারা নাচোলের বোরো চাষিরা

আপডেট টাইম : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬