কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের অপরাধে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এরপর তাদের আদালতে পাঠানো হলে বিচারক এ দণ্ডাদেশ দেন।
সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৫), সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা এলাকার মৃত সরু মিয়ার ছেলে মো. মামুন (৪৫), উপজেলা সদরের পূর্বপাড়া এলাকার মৃত ছেনু মিয়ার ছেলে মো. হেলাল (৩৫), দুলালপুর ইউনিয়নের দুলালপুর পশ্চিমপাড়া এলাকার শরিফুল সরকারের ছেলে জোবায়ের সরকার (২২) ও শিদলাই ইউনিয়নের শিদলাই তিতন হাজী বাড়ির হেলাল মিয়ার ছেলে জনি (২২), জেলার বুড়িচং উপজেলার বারেশ্বর এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. ফরহাদ (১৯), একই এলাকার আবু কালামের ছেলে মো. হোসাইন (২০), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গুরা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মো. রাসেল মিয়া (২৭), একই এলাকার মোতালেব হোসেনের ছেলে মো. সজীব (২৩) ও আলমগীর হোসেনের ছেলে মো. শাহীন (২৪)।
পুলিশ জানায়, থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন, মো. রফিকুল ইসলাম, মো. মাহতাব হোসাইন, মো. শামীম হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নূর-আল আহসান, লিংকন কুমার নাথ ও মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে এ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় তাদের আটক করে পুলিশ। পরে সামারি ট্রায়ালের জন্য তাদের আদালতে পাঠানো হয়।
আদালতে পাঠানো হলে আদালত ফরহাদ, হোসাইন ও মামুনকে দশ দিনের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। হেলালকে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া রাসেল মিয়া, সজীব, শাহীন, সিরাজুল ইসলাম, জোবায়ের সরকার ও জনিকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 
























