মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ভূল্লী উপজেলার ১ নম্বর বড়গাঁও ইউনিয়নের কাচারি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে কাচারি বাজার যুব সংঘের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এতে বিভিন্ন এলাকার কয়েকটি ফুটবল দল অংশ নেয়। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি হয়।
খেলা দেখতে মাঠের চারপাশে বিভিন্ন বয়সী দর্শকের ভিড় জমে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোতে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং যুবসমাজ খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।
টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ নুর আলম বাবু, বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সিনিয়র সহসভাপতি হাফিজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও স্বপ্ন গ্রুপের পরিচালক মামুনুর রশিদ মামুন এবং ছাত্রদল নেতা সুবাহান।
এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় আসিফ একাদশ (ভূল্লী) এবং রানার্সআপ হয় কাচারি বাজার একাদশ।

মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 






















