নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর (GR) চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার ৮টি ইউনিয়নের মোট এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। প্রতিটি ইউনিয়ন থেকে ১২৫ জন করে সুবিধাভোগী এই সহায়তা পান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শেখ রেজাউল ইসলাম বলেন, বর্তমান সরকার দুর্যোগ-দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় ছিল, আছে এবং থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি প্রান্তে দুর্যোগকালীন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যা এই সরকারের জনবান্ধব নীতিরই প্রতিফলন। তিনি আরও বলেন, রাণীনগর-আত্রাই এলাকার উন্নয়নে তাঁর ও সরকারের যে অঙ্গীকার, তা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। কেউ যেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে বঞ্চিত না থাকে, সে বিষয়ে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি। বক্তব্যের শেষে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান, উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগ-দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু প্রশাসনের নয়, সমাজের প্রতিটি রাজনৈতিক দল ও সংগঠনের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, বিএনপি বরাবরই সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে এবং আগামীতেও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তারা অবিচল থাকবে। ত্রাণ বিতরণ কার্যক্রমে যেন কোনো দলীয়করণ বা স্বজনপ্রীতি না হয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যেন এর সুফল পান, সে বিষয়ে জোর দাবি জানান তিনি। তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে যেন এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল লিটন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, জাহিদ হাসান শিমুল, নাসির উদ্দীন টনি, আল ফারুক জেমস, উপজেলা কৃষি অফিসার মোস্তাকিমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম এবং রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 


















