আপডেট টাইম :
০৭:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
51
নভেম্বরের ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১৫২ কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৫৭৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।রোববার (১৬ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।চলতি অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাসের ১৫ দিনে আগের বছরের একই সময়ের চেয়ে ২৩ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। আগের বছরের নভেম্বরের ১৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১২৩ কোটি ৭০ হাজার ডলার।চলতি অর্থবছরের শুরুর চার মাসের মধ্যে জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার; আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার; সেপ্টেম্বর মাসে এসেছিল ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার এবং অক্টোবর মাসে প্রবাসী আয় এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার। প্রতি মাসেই আগের বছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় বেড়েছে।চলতি বছরের চার মাস ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১১.৬৭ বিলিয়ন ডলার, বা এক হাজার ১৬৭ কোটি ২০ লাখ ডলার। যা আগের বছরের তুলনায় ১৪.৭০ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল এক হাজার ১৭ কোটি ৫০ লাখ ডলার।চলতি নভেম্বর মাসের ১৫ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার।বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০০ কোটি ডলার এবং দেশে ব্যবসারত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৯০ লাখ ডলার।