রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মকর্তা অনুপস্থিত থাকায় প্রতিদিনই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য তরুণ-তরুণী ও প্রশিক্ষণার্থী। সেই সঙ্গে হতাশ হয়ে ফিরতে হচ্ছে উপকারভোগীদের।
আর এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের বলেন, আমি সিরাগঞ্জ শহরে থাকি, তাই অফিসে আসতে একটু দেরী হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রশিক্ষণ, ঋণ ও আত্মকর্মসংস্থান কার্যক্রমের তথ্য নিতে প্রতিদিনই তরুণ উদ্যোক্তারা অফিসে আসেন। কিন্তু অধিকাংশ সময়ই অফিসে কর্মকর্তা অনুপস্থিত থাকায় তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
সেবা প্রত্যাশী রাশেদুল ইসলাম বলেন, প্রতিদিন অফিসে যাই, কিন্তু কর্মকর্তাকে পাই না। অনেক সময় দরজায় তালা ঝুলে থাকে। এতে আমরা ভীষণভাবে হয়রানির শিকার হচ্ছি।
প্রশিক্ষণার্থী আলীম হোসেন বলেন, আমরা আত্মকর্মসংস্থানের সুযোগ নিতে চাই, কিন্তু কর্মকর্তাকে না পাওয়ায় আমাদের কাজের অগ্রগতি থেমে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ নিয়মিতভাবে রায়গঞ্জে অবস্থান না করে প্রায়ই বাইরে থাকেন। ফলে সরকারি প্রকল্প বাস্তবায়ন, ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অভিযোগের বিষয়ে যুব উন্নযন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি সিরাজগঞ্জ শহরে থাকি, তাই আসতে একটু দেরি হয়। তবে আমি নিয়মিতই অফিসে আসি।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, যদি কোনো কর্মকর্তা নিয়মিত অফিসে উপস্থিত না থাকেন বা সেবা প্রদানে অবহেলা করেন, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার: 

















