সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর রান্না ঘরের ধোঁয়ায় বিরক্ত হয়ে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল গ্রামে ২৭ জুন শনিবার রাতে বৃদ্ধ গোলাম মওলার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৮ জুন রবিবার ভুক্তভোগী মোঃ গোলাম মওলার ছেলে মোঃ মহাসিন সরকার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুন শনিবার রাত ৮টার দিকে আয়নাল সরকারের পুত্র মানিক চাঁদ, আঃ জলিল, নাজির হোসেনের পুত্র মোঃ ঝিনুক, আব্দুল মতিনের পুত্র মিলন হোসেন, শহিদুল ইসলামের পুত্র রকিব হোসেন, মোঃ রবিউল এবং নুর ইসলামের পুত্র রিপন হোসেন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় হঠাৎ আক্রমণে দিশেহারা বাড়ির সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়ে গেলে ভাঙচুর শেষে নগদ অর্থ ও স্বর্ণাল্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২৮ জুন ভুক্তভোগী মোঃ গোলাম মওলার ছেলে মোঃ মহাসিন সরকার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ গোলাম মওলা, তার ছেলে ছেলে মোঃ মহাসিনসহ স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা এবং রান্না ঘরের ধোঁয়া নিয়ে প্রতিবেশির সাথে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরেই শনিবার রাতা অতর্কিত হামলা চালিয়ে সাড়ে চার লাখ টাকার ক্ষতিসাধন করেছে।
বিষয়টি জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। তবে বাড়ির নারী সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোঃ গোলাম মওলার সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এর মধ্যে তারা ইচ্ছাকৃত ভাবে ঘরের পাশে রান্না ঘর স্থাপন করে ধোঁয়া এবং তাপে সম্পূর্ণ বেড়া ধ্বংস করে ফেলেছে। বারবার সতর্ক করা হলেও তারা কোন কথাই কর্ণপাত করেনি।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 


















