সিরাজগঞ্জের শাহজাদপুরে দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশফিকা হোসেন। এ উপলক্ষে তাকে সম্মান জানিয়ে এক বিদায় সংবর্ধনার আয়োজন করে শাহজাদপুর সাংবাদিক ফোরাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পৌর শহরের স্বর্ণপট্টিস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেলের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও মাশফিকা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। এছাড়াও স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বল্প সময়ের মধ্যেও মাশফিকা হোসেন প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। বিশেষ করে জনসেবা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বক্তারা আরও উল্লেখ করেন, তার নেতৃত্বে উপজেলা প্রশাসন সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও কার্যকর হয়ে উঠেছিল।
সভাপতির বক্তব্যে রাজিব আহমেদ রাসেল বলেন, “দায়িত্বকাল সংক্ষিপ্ত হলেও তিনি যেভাবে জনগণের আস্থা অর্জন করেছেন, তা প্রশংসনীয়। একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি শাহজাদপুরে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
বিশেষ অতিথির বক্তব্যে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে তিনি পেশাদারিত্ব ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। তার সঙ্গে সমন্বয় করে কাজ করা আমাদের জন্য ছিল একটি ইতিবাচক অভিজ্ঞতা।”
বিদায়ী বক্তব্যে ইউএনও মাশফিকা হোসেন বলেন, তাকে মূলত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্বল্প সময়ের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়েছিল। এ সময়ে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা তাকে দায়িত্ব পালনে সহায়তা করেছে। তিনি বলেন, “শাহজাদপুরে কাজ করার অভিজ্ঞতা আমার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এখানে মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমি সবসময় স্মরণ রাখবো।”
তিনি আরও বলেন, গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতা একজন কর্মকর্তার কাজকে আরও গতিশীল করে তোলে, যা তিনি এখানে পেয়েছেন।
অনুষ্ঠানের শেষপর্বে সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন সমাপনী বক্তব্য রাখেন। পরে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া, সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়। একই সঙ্গে তার সুস্থতা ও ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করা হয়।

মেহেদী হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম 

















