সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা শহীদ পেট্রোল পাম্পের সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন বগুড়া জেলার শেরপুর থানার মামুরশাহী গ্রামের মোঃ দুলাল হোসেনের পুত্র।
ফায়ার ফাইটার সাগর আলী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত হৃদয় হোসেন বগুড়া থেকে মোটরসাইকেল চালিয়ে পাবনার বেড়ায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তিনি শাহজাদপুর উপজেলার মাদলা শহীদ পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হৃদয় হোসেন নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মোঃ শাহিনুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল শেষে নিহতের ছোট ভাই মোঃ ইউসুফ হোসেনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 

















