শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।
’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সরকারের পলাতক অনেক নেতাকর্মী ডিসেম্বর, ডিসেম্বর করছেন। তারা যদি চান, আজই এন্ট্রি নিতে পারেন।
তাদের ফেরত আনতে তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানিয়েছি। এ ডিসেম্বর-ডিসেম্বর করে তারা তাদের পলাতক নেতাকর্মীদের বুস্টআপ করতে চাইছেন।
’
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, শ্রমিক নেতা শিমুল বিশ্বাস।
সাংবাদিকরা ডিসেম্বরে শেখ হাসিনা দেশে আসবেন কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিসের ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি আছে এবং থাকবে৷ কোনো পলাতক দণ্ডাদেশপ্রাপ্ত আসামি যদি চান, তাহলে তিনি অতিশিগগিরই যেন প্রত্যাবর্তন করেন। তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার হবে।’
তিনি বলেন, ‘রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। যারা শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবে, তাদের স্পষ্ট করে বলে দিতে চাই, তাদের কঠোর হস্তে দমন করা হবে।’
মন্ত্রী বলেন, ‘কিছু পতিত শক্তির দোসর এখানে আছে। এ কয়েকদিন পরিস্থিতি অস্থিতিশীল করার যে চেষ্টা চলছে সেখানে কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না। ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকেই দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।’
জনতার কণ্ঠ/জেডএইচ