নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
জনতার কণ্ঠ.কমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোহালা নদীর ইজারা বাতিল করেছে উপজেলা প্রশাসন।
৪ অক্টোবর (শনিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এই ইজারা বাতিল করেন। ইজারা বাতিলের পর থেকে গোহালা নদীতে মাছ ধরতে আর কোন বাধা রইলো না।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ তথ্য নিশ্চিত করে বলেন, গোহালা নদী ইজারা দেওয়া হয়েছে গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর শনিবার আমরা ঘটনাস্থলে গিয়ে ইজারা বাতিল করেছি। এখন থেকে গোহালা নদীতে সবাই মাছ ধরতে পারবেন। সবাইকে সতর্ক করা হয়েছে যে, সরকারি নদী ইজারা দেওয়ার অধিকার কারো নাই।
এর আগে ২ অক্টোবর (বৃহস্পতিবার) উধুনিয়া বাজার এলাকায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গোহালা নদীর একটি শাখার আড়াই কিলোমিটার অংশ ইজারা দেয় স্থানীয় জামে মসজিদ কমিটি। ইউসুফ আলী মোল্লা ১ লাখ ৬২ হাজার টাকায় ইজারা নেন।
আরও পড়ু: ইজারা দেওয়া হলো নদীর আড়াই কিলোমিটার এলাকা!
বিষয়টি নিয়ে ২ অক্টোবর রাতে জনতার কণ্ঠ.কম সচিত্র সংবাদ প্রকাশ করে। পরদিন অন্যান্য মিডিয়াতেও ফলাও করে সংবাদটি প্রচার হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। শনিবার সকালে ইউএনও নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইজারা বাতিল করে ইজারাদারের কাছ থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেন। এ সময় উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়াসহ প্রশাসনের কর্মকর্তা ও মজসিদ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার: 



















One thought on “সংবাদ প্রকাশের পর গোহালা নদীর ইজারা বাতিল”