সকালে ফোন করে হত্যার হুমকি এবং বিকেলেই তুলে নিয়ে রাকিবুল হাসান ভুট্টু নামে এক ব্যবসায়ীকে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ কাজিপুরের এক বিএনপি নেতার ছেলে এবং সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
গুরুতর আহত ব্যবসায়ী রাকিবুল হাসান ভুট্টু সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এ ঘটনায় মামলা দায়ের না করতেও হুমকি দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কাজিপুর মেঘাই পুরাতন বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আহত ভুট্টুর পরিবারের লোকজন। অভিযুক্ত সুমন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলুর ছেলে এবং সোলায়মান হোসেন কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহত ভুট্টুর বড় ভাই শাহিন তালুকদার বলেন, রোববার বিকিলে তার ভাই রাকিবুল হাসান ভুট্টো কাজিপুর থেকে বাসযোগে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। বাসটি দুবলাই ব্রিজের কাছে পৌঁছলে সুমন ও সোলায়মান মেম্বরের নেতৃত্বে ৬/৭ জনের সশস্ত্র দল বাসটির গতিরোধ করে।
এক পর্যায়ে ব্যবসায়ী ভুট্টোর মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করে যমুনা নদীর ধারে নিয়ে বেধড়ক মারপিট করা হয়। মারপিটে ভুট্টো অজ্ঞান হয়ে পড়লে মৃত ভেবে তাকে ফেলে চলে যায় তারা। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়ের না করতেও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবী করেন তিনি।
সংবাদ সম্মেলনে আহত ভুট্টোর ছোট ভাই আরিফ তালুকদার বলেন, ঘটনার দিন সকাল ১১টার দিকে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে ফোনে হুমকি দিয়েছে। ফোনে সুমন বলেছে, ভুট্টু পুলিশ-প্রশাসন যাকেই নিয়ে আসুক তাকে হত্যা করবেই। ওইদিনই বিকাল ৪টায় তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। তার পরদিন বিএনপি নেতা বাবলুর ছেলে সুমনের নেতৃত্বে হুমকি অস্ত্রসস্ত্র নিয়ে মেঘাই বাজারে এসে হুমকি দিয়ে যায়। চাঁদা না দেওয়ার কারণেই তাকে মারধোর করা হয়েছে বলে দাবী করেন তিনি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. এনায়েতুপর রহমান জানান, ব্যবসায়ীকে মারপিটের বিষয়টি আমাদের নলেজে আছে। তবে লিখিত কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে বিএনপি নেতা মিজানুর রহমান বাবলুর মোবাইলে ফোন দিলে সেটা বন্ধ পাওয়া যায়।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 

















