জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যায়- এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, এ ঘটনায় যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। তারেক রহমানের সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না।
ডেঙ্গু প্রতিরোধে আগাম সচেতনতা ও কার্যকর উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ঘরে-বাইরে জমে থাকা পচা ও নোংরা পানি দ্রুত অপসারণ করতে হবে। তা না হলে এসব স্থানে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজনন হতে পারে।
রিজভী বলেন, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০ টাকা ফি দিতে হলেও এখন তা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।
ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগাম সতর্কতা ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য ব্যক্তি, পরিবার, সামাজিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 























