নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সাবেক পল্লীবিদ্যুৎ অফিস ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনায়েদ (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ চাঁদপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে। স্বপন মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রী। জুনায়েদ স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খেলাধুলার উদ্দেশ্যে জুনায়েদ ভবনের ছাদে ওঠে। এ সময় ছাদের ওপর থাকা খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয় বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ভবনের ছাদে থাকা খোলা বৈদ্যুতিক তার অপসারণসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো। জনতার কণ্ঠ.কম 

















