যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি বন্দরে উজ্জ্বল হলুদ-কমলা রঙের বিরল একটি মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মাছটির অস্বাভাবিক রং দেখে বিস্মিত হয়েছেন তারা। তবে শুধু রং নয়, মাছটির প্রজাতি ও শারীরিক অবস্থাও গবেষকদের আগ্রহের কারণ হয়ে উঠেছে।
গত অক্টোবর মাসে ওসওয়েগো বন্দরে নিয়মিত জরিপ চালানোর সময় মাছটি ধরেন যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের (ইউএসএফডব্লিউএস) একটি দল। জলাশয়ে ক্ষতিকর বহিরাগত প্রজাতির উপস্থিতি শনাক্ত করতে ওই জরিপ চালানো হচ্ছিল। কিন্তু সেই অভিযানে ধরা পড়ে স্থানীয় প্রজাতির এক বিরল মাছ।
মাছটির নাম বারবট। সাধারণত এ মাছের গায়ের রং ধূসর, জলপাই বা বাদামি হয়ে থাকে। কিন্তু ধরা পড়া মাছটির শরীর উজ্জ্বল হলুদ-কমলা। বিজ্ঞানীরা জানিয়েছেন, জ্যান্থোক্রোমিজম নামের বিরল জিনগত অবস্থার কারণে মাছটির এমন রং হয়েছে। এ অবস্থায় জিনগত পরিবর্তনের ফলে শরীরের স্বাভাবিক রঞ্জক পদার্থের প্রকাশ কমে যায় এবং হলুদ বা কমলা আভা দেখা দেয়। বন্য মাছের মধ্যে এ ধরনের রং অ্যালবিনিজম বা মেলানিজমের তুলনায় অনেক কম দেখা যায়।
মাছটি যে বন্দরে ধরা পড়েছে, সেখানেও বারবটের উপস্থিতি খুব একটা দেখা যায় না। গ্রেট লেকস অঞ্চলের এ মাছ সাধারণত গভীর ও ঠান্ডা পানিতে থাকে। ওসওয়েগো বন্দরে মাছ ধরার জরিপে এর আগে বারবট পাওয়ার কোনো নথিভুক্ত ঘটনা ছিল না। যদিও স্থানীয় কয়েকজন জেলে আগে এ মাছ ধরার কথা জানিয়েছিলেন।
তবে মাছটি পরীক্ষা করে আরেকটি বিষয় লক্ষ করেন গবেষকেরা। তাদের পর্যবেক্ষণে, মাছটি ছিল বেশ রোগা এবং শারীরিকভাবে দুর্বল। পরে স্বাস্থ্য পরীক্ষা ও আরও তথ্য জানার জন্য মাছটিকে কর্নেল বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ভেটেরিনারি মেডিসিনে পাঠানো হয়েছে।
বিজ্ঞানীরা আশা করছেন, মাছটির পরীক্ষা থেকে গ্রেট লেকস অঞ্চলে বারবটের সামগ্রিক স্বাস্থ্য ও সংখ্যা কমে যাওয়ার কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। বিরল এই মাছের সন্ধান তাই শুধু বিস্ময়ের ঘটনা নয়, ওই অঞ্চলের জলজ প্রাণী সংরক্ষণেও সহায়ক হতে পারে।
জনতার কণ্ঠ/এসএ

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 

























