দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩ ঘটিকায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে হাকিমপুর থানা পুলিশ।
এর আগে বুধবার (৬ মে) আনুমানিক রাত ৮টায় উপজেলার ৩ নং আলীহাট ইউনিয়নের জাংগই (মাঠপাড়া) গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার এসআই (নিঃ) মোঃ ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল জাংগই গ্রামে অভিযান চালায়। গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলামের বসতবাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন আমিরুলের স্ত্রী ও মামলার পলাতক আসামি মোছাঃ ফেরদৌসি পারভীন (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে ধৃত আমিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত অপর সহযোগী মোঃ রাসেল মন্ডলকে (২৭) তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আমিরুল ইসলাম (৪৪), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- জাংগই (মাঠপাড়া)৷ মোঃ রাসেল মন্ডল (২৭), পিতা- মোঃ হানিফ মন্ডল, সাং- মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া)।
পলাতক আসামি, মোছাঃ ফেরদৌসি পারভীন (৩৫), স্বামী- মোঃ আমিরুল ইসলাম, সাং- জাংগই (মাঠপাড়া)।
হাকিমপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৮)৷
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে হাকিমপুর থানা পুলিশ। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, চলমান মামলার তদন্তভার এসআই (নিঃ) সুজা মিয়াকে দেওয়া হয়েছে। এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে পুলিশের সাঁড়াশি অভিযান নিয়মিত চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

হাসান আলী দিনাজপুর দক্ষিণ প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম 


















