দিনাজপুরের হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে হাকিমপুর থানা-পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাকিমপুর পৌরসভার রাঙ্গামাটি গ্রামের মৃত হাসান আলী মণ্ডলের ছেলে আফজাল হোসেন (৬০), আলিহাট ইউনিয়নের ঈসবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহেল রানা (৩৬) এবং বোয়ালদাড় গ্রামের সায়েদ আলীর ছেলে বিপ্লব হোসেন (৩৬)।
ওসি বাদশা আলম জানান, মাদকবিরোধী অভিযান এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আফজাল হোসেন একটি সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে সিআর মামলা নম্বর ১৪২/১৮। সোহেল রানার বিরুদ্ধে সিআর মামলা নম্বর ২০৯/৬ রয়েছে। অন্যদিকে, বিপ্লব হোসেনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার নম্বর ২(১১)/২৬।
আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

হাসান আলী (হাকিমপুর), দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 


















