দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫ হাজার ৩১৪ কোটি টাকা)।
একই সময়ে ক্রেতারা এসব কারখানার নিশ্চিত করা ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এতে প্রায় ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের অর্ডার হারিয়েছে বাংলাদেশ।
রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের এসব তথ্য তুলে ধরে বিজিএমইএ।
সংগঠনটি জানায়, তৈরি পোশাক খাতের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ পরিচালনা করা হয়। এতে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তথ্য দিয়েছে। জরিপের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানা প্রতিবন্ধকতার কারণে কারখানাগুলো সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে শুধু উৎপাদন খাতেই ৪২৮ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, যা রপ্তানি পণ্যের এফওবি মূল্য অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
বিজিএমইএ বলছে, উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় রপ্তানি আদেশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্ডার ধরে রাখতে অনেক কারখানাকে অতিরিক্ত ব্যয়ে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের মূল্যছাড় দিতে হচ্ছে। কিছু ক্ষেত্রে অর্ডার বাতিলের ঝুঁকিও তৈরি হয়েছে।
বিজিএমইএর জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে ক্রেতারা ইতিমধ্যে তাদের নিশ্চিত করা অর্ডার থেকে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য প্রায় ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
তবে জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণকে প্রকৃত ক্ষতির তুলনায় অনেক কম বলে মনে করছে বিজিএমইএ। সংগঠনটির বলছে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। এ ছাড়া জরিপে ক্ষয়ক্ষতির হিসাব ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কিন্তু শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
বিজিএমইএ আরও জানায়, এই সংকটের প্রভাব শুধু তাৎক্ষণিক আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিশ্চিত করা অর্ডার অন্য দেশে চলে যাওয়ার ঘটনা ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাবের প্রতিফলন।
এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের ওপর গুরুত্বারোপ করে বিজিএমইএ বলেছে, দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাক শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে শিল্পের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















