সিরাজগঞ্জের শাহজাদপুরে মাটিবাহী ট্রাকচাপায় সাবিনা খাতুন (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) উপজেলার গাড়াদহ ইউনিয়নের আনসার মোড় এলাকার একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবিনা খাতুন বদলিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি পাচিলগাঁতী গ্রামের মো. সোলায়মান হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো সাবিনা খাতুন সকালে নিজ বাড়ি থেকে ভ্যানযোগে বদলিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। তিনি আনসার মোড় এলাকায় পৌঁছলে মাটিবাহী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনকার্য শেষ হলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















