ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার হাওরাঞ্চল খ্যাত মোহনগঞ্জ উপজেলার একই গ্রামের তিনজন ৩টি দল থেকে প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর মধ্যে দুজন দুই রাজনৈতিক দল থেকে নিজ এলাকায় এবং অপরজন ঢাকার একটি আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন।
প্রার্থীরা হলেন- মোহনগঞ্জ উপজেলার ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের মাঘান গ্রামের অধ্যাপক আল হেলাল তালুকদার এবং অ্যাডভোকেট আব্দুল কাদির ও হাফেজ ক্বারি মাওলানা লুৎফুর রহমান। তাদের সবার বাড়ি একই গ্রামের একই ওয়ার্ডে।
খোঁজ নিয়ে জানা গেছে, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক আল হেলাল তালুকদার। তিনি ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক। গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন পেয়েছেন আলহাজ অ্যাডভোকেট আব্দুল কাদির। তিনি নেত্রকোনা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অপরজন হলেন, ঢাকা-৫ আসনে আমার বাংলাদেশ (এবি পার্টি) থেকে মনোনীত প্রার্থী হাফেজ ক্বারি মাওলানা লুৎফুর রহমান।
মাঘান গ্রামের বাসিন্দারা জানান, তিনজন প্রার্থী আমাদের একই গ্রামের, এর মধ্যে দুজন আমাদের এলাকায় নির্বাচনে অংশ নেবেন। তাদের দুজনের ভোটকেন্দ্রও একই জায়গায়। অন্যজন ঢাকায় অংশ নেবেন।
গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির বলেন, একই গ্রামের তিনজন প্রার্থী এটা সমস্যা না। একজন ঢাকায় আর আমরা দুজন আছি একই এলাকায়। এতে আমি তেমন সমস্যা দেখছি না। আমাকে দল এখানে মনোনয়ন দিয়েছে। দেখা যাক কি হয়, তবে যেখানেই যাই ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশাবাদী, জয়ী হব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, নেত্রকোনা-৪ মদন,মোহনগঞ্জ,খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মদন উপজেলার বাড়ি-ভাদেরা গ্রামের বাসিন্দা কারানির্যাতিত নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ 




















