মধ্য রাতে অগ্নিদগ্ধ হয়ে সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকের গোয়ালঘরে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হলেন রসুলপুর গ্রামের আখের আকন্দের ছেলে আব্দুর রাজ্জাক ও তার ভাই আসাদুজ্জামান।
প্রতিবেশী নাজমুল আলম জানান, দুই ভাইয়ের মোট পাঁচটি গরু পুড়ে মারা গেছে এবং দুটি গরু আহত হয়েছে। গোয়ালঘরসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ১০-১২ লাখ টাকা বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগী খামারী আব্দুর রাজ্জাক জানান, আমার খামারে ৭টি গরু ছিলো। এরমধ্যে ৫টি গাভী, এটি বাছুর ও একটি ষাড় গরু ছিলো। তারমধ্যে ৪টি গাভী গর্ভবতী ছিলো। অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এর মধ্যে ৩টি গর্ভবতী গাভী, একটি ষাড় ও একটি বাছুর ছিলো। সবমিলিয়ে আমার ১২-১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন লেগে আমরা দুই ভাই একেবারে নিঃস্ব হয়ে গেলাম।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসান আলী বলেন, রাতের ঘটনায় খবর পেয়ে দুটি ইউনিট ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম 



















